উপবৃত্তির তথ্য অন্তর্ভুক্তি শুরু ২৬ নভেম্বর, নতুন ফরমে দিতে হবে ৩০ ধরনের তথ্য
সারা দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য তথ্য অন্তর্ভুক্তির কার্যক্রম শুরু হচ্ছে। প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় অনলাইনে এই কার্যক্রম চলবে ২৬ নভেম্বর থেকে আগামী ১২ ডিসেম্বর রাত ১০টা পর্যন্ত।
মঙ্গলবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ নভেম্বর সকাল ৯টা থেকে শিক্ষার্থীদের তথ্য অন্তর্ভুক্ত করা যাবে। সমন্বিত উপবৃত্তি কর্মসূচির তথ্য ব্যবস্থাপনা সফটওয়্যারের (এইচএসপি-এমআইএস) মাধ্যমে এই এন্ট্রি হবে।
নতুন সংশোধিত ফরমে শিক্ষার্থী ও অভিভাবকের ব্যক্তিগত তথ্যের পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থা সংক্রান্ত ৩০ ধরনের তথ্য চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পরিবারের আয়-ব্যয়, জমির পরিমাণ, বসতঘর ও টয়লেটের ধরন।
এ ছাড়া পরিবারে বীর মুক্তিযোদ্ধা বা জুলাইযোদ্ধা রয়েছেন কি না, সেই তথ্যও নতুন ফরমে দিতে হবে। পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন সরকারি সুবিধা পাওয়ার তথ্যও জানাতে হবে।
সংশোধিত ফরমে শিক্ষার্থীর নাম, ১৭ ডিজিটের জন্মনিবন্ধন নম্বর, জন্মতারিখ, লিঙ্গ ও বোর্ডের নিবন্ধন নম্বরসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য দিতে হবে। মা-বাবার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যও চাওয়া হয়েছে।
অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা ও পেশার তথ্যও ফরমে দিতে হবে। পরিবারের বার্ষিক আয় ও ব্যয়, জমির পরিমাণ, বসতঘর ও টয়লেটের ধরন এবং বাড়িতে থাকা বৈদ্যুতিক ও ইলেকট্রনিকস সামগ্রীর তথ্যও অন্তর্ভুক্ত করতে হবে।
এই কর্মসূচিতে ছাত্রীদের শতভাগ উপবৃত্তি দেওয়া হবে। অন্যদিকে ছাত্রদের দারিদ্র্য ও মেধার ভিত্তিতে উপবৃত্তি এবং অন্যান্য আর্থিক সহায়তার জন্য নির্বাচন করা হবে।
ট্রাস্টের ওয়েবসাইট www.pmeat.gov.bd-এ সংশোধিত পাঁচ পৃষ্ঠার আবেদন ফরম পাওয়া যাচ্ছে। এ ছাড়া দেশের সব উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছেও ফরমটি পাঠানো হয়েছে।



