…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

বদরগঞ্জে ফি নিয়েও উপবৃত্তির নিবন্ধন হয়নি, বঞ্চিত আউলিয়াগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৫৯ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
বদরগঞ্জে ফি নিয়েও উপবৃত্তির নিবন্ধন হয়নি, বঞ্চিত আউলিয়াগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৫৯ শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

রংপুরের বদরগঞ্জ উপজেলার আউলিয়াগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ৫৯ শিক্ষার্থীর কাছ থেকে উপবৃত্তির নিবন্ধনের নামে টাকা আদায়ের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক ও এক অফিস সহকারীর বিরুদ্ধে। অভিভাবকদের কাছ থেকে ৫০০ থেকে ১ হাজার ৫০০ টাকা করে নেওয়া হলেও নির্ধারিত সময়ে অনলাইন নিবন্ধন করা হয়নি। এতে সরকারি উপবৃত্তি থেকে বঞ্চিত হয়েছে পুরো শ্রেণির শিক্ষার্থীরা।

এ ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকেরা গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। তাঁদের অভিযোগ, টাকা নেওয়ার পরও কম্পিউটার দোকানদারকে পুরো পাওনা পরিশোধ না করায় শিক্ষার্থীদের নিবন্ধন করেননি ওই দোকানদার।

অভিযোগ ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে বিদ্যালয়টির ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া ৫৯ শিক্ষার্থীর অভিভাবকের কাছ থেকে উপবৃত্তির অনলাইন নিবন্ধনের কথা বলে ৫০০ থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত আদায় করেন প্রধান শিক্ষক বলরাম রায় ও অফিস সহকারী সাজ্জাদ হোসেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, সরকারি নিয়ম অনুযায়ী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির পর মার্চ মাসের মধ্যে শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন সম্পন্ন করতে হয়। নিবন্ধিত শিক্ষার্থীদের মাসে ২০০ টাকা করে বছরে মোট ২ হাজার ৪০০ টাকা পাওয়ার কথা। জানুয়ারি থেকে জুন পর্যন্ত ১ হাজার ২০০ টাকা এবং জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আরও ১ হাজার ২০০ টাকা মোবাইল ফোনের মাধ্যমে দেওয়ার নিয়ম রয়েছে। তবে নির্ধারিত সময়ে নিবন্ধন না হওয়ায় বিদ্যালয়টির ষষ্ঠ শ্রেণির কোনো শিক্ষার্থীই এ সুবিধার আওতায় আসেনি।

বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ অভিভাবকেরা বিদ্যালয়ে গিয়ে বিক্ষোভ করেন। পরিস্থিতি সামাল দিতে প্রধান শিক্ষক নিজের পকেট থেকে প্রত্যেক অভিভাবককে ছয় মাসের উপবৃত্তির সমপরিমাণ ১ হাজার ২০০ টাকা করে দেন। তবে পরে ওই টাকা ফেরত দিতে শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন অভিভাবকেরা।

ভুক্তভোগী অভিভাবক বিপ্লব মিয়া জানান, তিনি ঢাকায় ব্যবসা করতেন। জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে এলাকায় ফিরে আসেন। অর্থাভাবে মেয়েকে নিয়মিত পড়াতে না পেরে গত জানুয়ারিতে তৃতীয় শ্রেণির প্রত্যয়নপত্র দিয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি করান। এ সময় ভর্তি বাবদ ৩ হাজার এবং উপবৃত্তির নিবন্ধনের কথা বলে ১ হাজার ৫০০ টাকা নেন প্রধান শিক্ষক ও অফিস সহকারী।

বিপ্লব মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এখন প্রধান শিক্ষক বলছেন উপবৃত্তির জন্য পঞ্চম শ্রেণির প্রত্যয়ন লাগবে। আমার মেয়ে পঞ্চম শ্রেণিতে পড়েইনি, প্রত্যয়ন পাব কোথায়? কাগজপত্র ছাড়া ১১ মাস আগে কীভাবে ভর্তি নিলেন এবং টাকা নিলেন, তখন কেন বলেননি পঞ্চম শ্রেণির প্রত্যয়ন লাগবে?’

আরেক অভিভাবক আলাল মিয়া অভিযোগ করেন, উপবৃত্তির কথা বলে প্রত্যেকের কাছ থেকে টাকা নেওয়া হলেও কারও সন্তান উপবৃত্তি পায়নি। এখন কারণ জানতে চাইলে নানা কাগজপত্রের অজুহাত দেখানো হচ্ছে।

টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের অফিস সহকারী সাজ্জাদ হোসেন বলেন, ‘আমি কম্পিউটারের দোকানে কাজটি করতে চেয়েছিলাম, কিন্তু প্রধান শিক্ষক নিজেই করার কথা বলে আমার কাছ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা নেন। পরে খোঁজ নিয়ে জানতে পারি, তিনি দোকানদারকে সামান্য কিছু টাকা দিয়ে চলে আসেন। দোকানদারের সঙ্গে যোগাযোগও করেননি এবং তাঁর ফোনও ধরেননি। এতে ক্ষুব্ধ হয়ে দোকানদার নিবন্ধন করেননি।’

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক বলরাম রায় নিজের দায় এড়িয়ে বলেন, ‘শুধু আমার বিদ্যালয় নয়, দেশের আরও বেশ কিছু বিদ্যালয়ে অনলাইন নিবন্ধন হয়নি।’ এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।

বদরগঞ্জ উপজেলার দায়িত্বে থাকা পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান বলেন, ‘আমি সম্প্রতি এখানে দায়িত্ব নিয়েছি। শিক্ষার্থীদের উপবৃত্তি না পাওয়ার অভিযোগ পেয়েছি। কার গাফিলতিতে তারা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হলো, তা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দেখা হবে।’

বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুসা নাসের চৌধুরী বলেন, ‘অভিভাবকদের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

রংপুর পলিটেকনিকে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ৫ শিক্ষার্থী

রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শুরু হওয়া আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে পালটাপালটি ধাওয়ার ঘট…

পুঠিয়ার বিড়ালদহ কলেজে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী, এক শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন শিক্ষার্থী
শিক্ষা

পুঠিয়ার বিড়ালদহ কলেজে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী, এক শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন শিক্ষার্থী

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজে শিক্ষার্থী উপস্থিতির চিত্র দেখে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হ…

২০২৭ সালের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট শূন্যে নামানোর লক্ষ্য: উপাচার্য
শিক্ষা

২০২৭ সালের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট শূন্যে নামানোর লক্ষ্য: উপাচার্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট ২০২৭ সালের মধ্যে শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক এ এস …

এমবিবিএস-বিডিএস ভর্তির অনলাইন আবেদন শুরু, শেষ ৩ ডিসেম্বর, পরীক্ষা ১৮ ডিসেম্বর
শিক্ষা

এমবিবিএস-বিডিএস ভর্তির অনলাইন আবেদন শুরু, শেষ ৩ ডিসেম্বর, পরীক্ষা ১৮ ডিসেম্বর

২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা থে…