দুই দশক পর টিভি সিরিজ হয়ে ফিরছে মৎস্যকন্যা ‘অ্যাকুয়ামেরিন’

দুই দশক পর আবারও ফিরছে জনপ্রিয় ফ্যান্টাসি ‘অ্যাকুয়ামেরিন’-এর মৎস্যকন্যার জাদুকরি জগৎ। ২০০৬ সালের সিনেমাটি অবলম্বনে এবার লাইভ-অ্যাকশন টিভি সিরিজ নির্মাণ করতে যাচ্ছে ডিজনি। গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ‘অ্যাকুয়ামেরিন: দ্য সিরিজ’-এর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। সিরিজটি মুক্তি পাবে ডিজনি চ্যানেল ও ডিজনি প্লাসে।
নতুন এই সিরিজে নিজেদের পুরোনো চরিত্রে ফিরছেন মূল সিনেমার দুই তারকা এমা রবার্টস ও জেক ম্যাকডরম্যান। এমা রবার্টস অভিনয় করেছিলেন ক্লেয়ার চরিত্রে আর ম্যাকডরম্যান ছিলেন রেমন্ড চরিত্রে। অভিনয়ের পাশাপাশি তাঁরা দুজন সিরিজটির নির্বাহী প্রযোজক হিসেবেও দায়িত্ব পালন করবেন।
সিরিজের নতুন মুখ ১৫ বছর বয়সী অভিনেত্রী কেনজি রিচার্ডসন, যিনি ‘ভ্যাম্পিরিনা: টিনেজ ভ্যাম্পায়ার’-এ অভিনয় করে পরিচিতি পেয়েছেন। তাঁকে দেখা যাবে কোরাল চরিত্রে। গল্পে কোরাল হলো মৎস্যকন্যা অ্যাকুয়ামেরিন ও রেমন্ডের কিশোরী কন্যা।
সিরিজের গল্প আবর্তিত হয়েছে কোরালকে ঘিরেই। সমুদ্রতীরবর্তী এক শহরে নতুন করে বসবাস শুরু করার পর মায়ের নিখোঁজ হওয়ার রহস্য উদ্ঘাটনে নামে সে। একপর্যায়ে জানতে পারে, তার মা আসলে একজন মৎস্যকন্যা। এই সত্য জানার সঙ্গে সঙ্গে তার নিজের ভেতরেও জাদুকরি শক্তি জেগে উঠতে শুরু করে, আর সমুদ্রের নিচের গোপন সব রহস্যও একে একে সামনে চলে আসে।
ডিজনি কিডস অ্যান্ড ফ্যামিলির প্রেসিডেন্ট আয়ো ডেভিস এক বিবৃতিতে বলেন, ‘অ্যাকুয়ামেরিন একটি কালজয়ী গল্প। নতুন প্রজন্মের দর্শকদের কাছে এর হাস্যরস, আবেগ ও বিস্ময় ফিরিয়ে আনতে পেরে আমরা রোমাঞ্চিত। এটি বন্ধুত্বের শক্তি, নিজেকে আবিষ্কার করা এবং নিজের ওপর বিশ্বাস রাখার গল্প।’
কেনজি রিচার্ডসনের পাশাপাশি নতুন অভিনয়শিল্পীদের দলে আরও আছেন ব্রিয়েলা গুইজা, আনিকা রিস ও থিওডোর ডাল্টন। মূল সিনেমার পরিচালক এলিজাবেথ অ্যালেন রোজেনবাম ও প্রযোজক সুসান কার্টসোনিসও নির্বাহী প্রযোজক হিসেবে ফিরছেন এই সিরিজে। সিরিজের পাইলট পর্বটি লিখেছেন সারা ওয়াটসন।
তবে ২০০৬ সালের সিনেমায় অ্যাকুয়ামেরিন চরিত্রে অভিনয় করা সারা প্যাক্সটন এবং হেইলি চরিত্রে অভিনয় করা জোয়ানা ‘জোজো’ লেভেস্ক নতুন সিরিজে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। জোজো জানিয়েছেন, এ বিষয়ে নির্মাতাদের সঙ্গে তাঁর প্রাথমিক কথা হয়েছে এবং চিত্রনাট্য দেখার জন্য তিনি বেশ আগ্রহী। সিরিজটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

-a05f78.jpg)


