…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

দিল্লি থেকে ঢাকার ক্যাফেতে দর্শক টানছে পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’

নিজস্ব প্রতিবেদক
দিল্লি থেকে ঢাকার ক্যাফেতে দর্শক টানছে পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি ক্যাফেতে গত সপ্তাহান্তে পাকিস্তানি টেলিভিশন ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর একটি পর্ব একসঙ্গে বসে দেখেছেন দর্শকেরা। আয়োজনটিতে শুধু পর্ব দেখাই হয়নি, ধারাবাহিকটি নিয়ে আলোচনাও হয়েছে।

একই ধরনের আয়োজন হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকাতেও। শহরের বিভিন্ন ক্যাফেতে ধারাবাহিকটির পর্ব দেখতে দর্শক জড়ো হচ্ছেন। কোনো কোনো আয়োজনে কয়েক ডজন মানুষ অংশ নিচ্ছেন, আবার বড় আয়োজনগুলোতে খাবারের উৎসব, কেনাকাটা এবং ধারাবাহিকের চরিত্রদের কার্ডবোর্ড কাটআউটও রাখা হচ্ছে।

পাকিস্তানের টেলিভিশন চ্যানেল এআরওয়াই ডিজিটালের প্রযোজনায় নির্মিত ধারাবাহিকটি পাকিস্তানের বাইরেও ছড়িয়ে পড়েছে। ভারতে দিল্লির পাশাপাশি বেঙ্গালুরু ও হায়দরাবাদেও এটি দেখার বিশেষ আয়োজন হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ১৭০ কোটির বেশি ভিউ নিয়ে ‘দার-ই-নিজাত’ এখন পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা টেলিভিশন ধারাবাহিক। গত ১ আগস্ট এর প্রচার শুরু হয়। প্রতি শুক্রবার ও শনিবার রাত ৮টায় নতুন পর্ব প্রচারিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত প্রকাশিত হচ্ছে ধারাবাহিকটির দৃশ্য, চরিত্র নিয়ে আলোচনা এবং ভক্তদের তৈরি ভিডিও।

দিল্লিতে প্রথমবার ধারাবাহিকটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করে ‘টেলস অব সিটি অফিসিয়াল’। আয়োজক আবু সুফিয়ান জানান, দর্শকের আগ্রহ এত বেশি ছিল যে শেষ পর্যন্ত নিবন্ধন নেওয়া বন্ধ করতে হয়। শুরুতে মাত্র ১০ থেকে ১৫ জন দর্শক নিয়ে আয়োজনের পরিকল্পনা থাকলেও বড় কোনো প্রচারণা ছাড়াই প্রায় ৪৫ জন উপস্থিত হন।

ইনফ্লুয়েন্সার আঁচল মালহোত্রা ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টকে বলেন, আয়োজনের সবচেয়ে উপভোগ্য অংশ ছিল ধারাবাহিকটি নিয়ে কুইজ ও দর্শকদের মধ্যে আলোচনা। সুফিয়ান বলেন, তিনি এমন জায়গা তৈরি করতে চান যেখানে মানুষ সংস্কৃতি নিয়ে আলোচনা করতে পারবেন। তাঁর ভাষায়, শুধু কোনো জায়গায় এসে পর্দায় কিছু দেখে চলে যাওয়ার মধ্যে তিনি আয়োজনের উদ্দেশ্য সীমাবদ্ধ রাখতে চান না।

দিল্লির প্রদর্শনীতে ধারাবাহিকটির পরিচালক সাকিব খান ভার্চুয়াল মাধ্যমে সরাসরি যুক্ত হন। শুরুতে মাত্র ১০ মিনিটের অনির্ধারিত কথোপকথনের পরিকল্পনা থাকলেও তা শেষ পর্যন্ত ৪০ মিনিট চলে। সুফিয়ান বলেন, সাকিব আন্তরিকভাবে ভক্তদের সব প্রশ্নের উত্তর দিয়েছেন এবং ধৈর্য ধরে সবার কথা শুনেছেন।

ঢাকায় ধারাবাহিকটির জনপ্রিয়তা নিয়ে খোঁজখবর রাখছেন ফাবিহা ইবনাত। তিনি দ্য প্রিন্টকে জানান, ঢাকার অন্তত ১০ থেকে ১২টি ক্যাফেতে ধারাবাহিকটি দেখানোর আয়োজন করা হচ্ছে। রাজধানীর বাইরে সিলেটের ‘লে বিস্ট্রো’ ক্যাফেতে প্রদর্শনীতে ৩০ থেকে ৪০ জন দর্শক উপস্থিত হয়েছেন। চট্টগ্রামের ‘হোয়াইট পার্ক রুফটপ লাউঞ্জ’-এও এ ধরনের আয়োজন হয়েছে।

এ পর্যন্ত বড় আয়োজনগুলোর একটি করেছে ‘দ্য লাক্স ওয়েডিং গালা’। গত ২০ ও ২১ নভেম্বর অনুষ্ঠিত সেই আয়োজনে বিয়ের পোশাক ও ডিজাইনার পণ্য কেনাকাটার পাশাপাশি খাবারের উৎসব ছিল। সেখানে ধারাবাহিকের অন্যতম প্রধান চরিত্র আবু বকরের কার্ডবোর্ড কাটআউটও রাখা হয়েছিল।

উমেরা আহমেদের লেখা ও সাকিব খানের পরিচালনায় নির্মিত ধারাবাহিকটির দুই পুরুষ চরিত্র জামিল ও আবু বকর। ধনী পরিবারের তরুণ জামিল নিজের পরিচয় নিয়ে দ্বন্দ্বের মধ্যে ধর্মের একটি কঠোর ব্যাখ্যার দিকে ঝুঁকে পড়ে। অন্যদিকে মধ্যবিত্ত পরিবারের সন্তান আবু বকরকে তাঁর মা একাই বড় করেছেন, এবং তাঁর বিশ্বাস প্রকাশ পায় প্রতিদিনের আচরণ ও মানুষের প্রতি ব্যবহারের মধ্য দিয়ে।

ফাবিহা ইবনাতের মতে, ধারাবাহিকটির জনপ্রিয়তার পেছনে অভিনেতা শেহরিয়ার মুনাওয়ারের অভিনয়ও বড় ভূমিকা রেখেছে। তিনি বলেন, অন্য কোনো পাকিস্তানি ধারাবাহিক নিয়ে এমন উন্মাদনা তিনি কখনো দেখেননি। তাঁর ভাষায়, এই ধারাবাহিক মানুষকে আবার একে অপরের কাছাকাছি আসার সুযোগ করে দিয়েছে।

আয়োজকেরা ধারাবাহিকটির শেষ পর্ব বড় পর্দায় দেখানোর পরিকল্পনা করছেন। তবে সেটি কীভাবে আয়োজন করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

বিনোদন বিভাগের আরও খবর

ঈদের সিনেমা ‘যাত্রাবিরতি’তে মোশাররফ করিম, শিমু ও দীঘি
বিনোদন

ঈদের সিনেমা ‘যাত্রাবিরতি’তে মোশাররফ করিম, শিমু ও দীঘি

ঢাকাই সিনেমা এখন ঈদকেন্দ্রিক; ঈদকে ঘিরেই সারা বছর চলে নির্মাতাদের প্রস্তুতি। ইতিমধ্যে ঘোষণা এসেছে প্রায় হাফ ডজন ঈদের সিনেমার। সেই তালিকায় এবার যুক্ত…

বিনোদন

‘ঢাকাইয়া দেবদাস’-এ প্লেব্যাক করবেন বুবলী, রেকর্ডিং ডিসেম্বরে

চিত্রনায়িকা শবনম বুবলী এবার সিনেমার গানে কণ্ঠ দিতে যাচ্ছেন। ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমায় প্লেব্যাক করবেন তিনি। সিনেমার পরিচালক জাহিদ হোসেন বিষয়টি নিশ্…

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় কাল থেকে ছয় দিনের মঞ্চনাটক ‘পিয়ারু গাজির গল্পের দেশ’
বিনোদন

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় কাল থেকে ছয় দিনের মঞ্চনাটক ‘পিয়ারু গাজির গল্পের দেশ’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের আয়োজনে ২৫ থেকে ৩০ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হ…

মিস ইউনিভার্সের মুকুট পুয়ের্তো রিকোর জেনিফারের, প্রত্যাশা পূরণ না হওয়ায় দুঃখ প্রকাশ মাহির
বিনোদন

মিস ইউনিভার্সের মুকুট পুয়ের্তো রিকোর জেনিফারের, প্রত্যাশা পূরণ না হওয়ায় দুঃখ প্রকাশ মাহির

বিশ্বের ১১৬ জন প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ইউনিভার্সের মুকুট জিতেছেন স্বাগতিক দেশ পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো। ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোর রাজধানী …