…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

ভারতের প্রতিটি ইঞ্চিতে নজর রাখতে চীন-পাকিস্তানের যৌথ স্যাটেলাইট জাল, বলছে ভারতীয় প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক
ভারতের প্রতিটি ইঞ্চিতে নজর রাখতে চীন-পাকিস্তানের যৌথ স্যাটেলাইট জাল, বলছে ভারতীয় প্রতিবেদন
ছবি: সংগৃহীত

চীন ও পাকিস্তান যৌথভাবে এমন একটি স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তুলছে, যার মাধ্যমে ভারতের ভূখণ্ডের ওপর সার্বক্ষণিক নজরদারি চালানো সম্ভব হতে পারে। ভারতের বেঙ্গালুরুভিত্তিক মহাকাশ নজরদারি প্রতিষ্ঠান দিগন্তরার তৈরি একটি প্রতিবেদনে এই দাবি উঠে এসেছে। প্রতিবেদনটির অনুলিপি পেয়েছে ভারতের সংবাদমাধ্যম দ্য প্রিন্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে ভারত-পাকিস্তান সংঘাতের সময় মহাকাশভিত্তিক নজরদারিতে দুই দেশের সহযোগিতা আরও জোরদার হয়। অপারেশন সিঁদুর চলাকালে ভারতের সামরিক স্থাপনা ও অন্যান্য কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানের ওপর নজর রাখতে চীনের মহাকাশ সক্ষমতা, বিশেষ করে স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য, ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভারত ও পাকিস্তানের মধ্যে ৮৮ ঘণ্টার সামরিক সংঘাতের সময় চীনের উচ্চক্ষমতাসম্পন্ন অপটিক্যাল রিমোট সেন্সিং স্যাটেলাইট ইয়াওগান-৪১ কী ভূমিকা রেখেছিল, তা প্রতিবেদনের অন্যতম গুরুত্বপূর্ণ অনুসন্ধান। প্রতিবেদনে বলা হয়েছে, ‘চীনা স্যাটেলাইট ইয়াওগান-৪১ পুরো ভারতীয় উপমহাদেশজুড়ে ধারাবাহিক নজরদারি চালাতে পারে। দ্বৈত ব্যবহারের উপযোগী এই স্যাটেলাইটটি অপারেশন সিঁদুর চলাকালে ভারতের বিমানঘাঁটিগুলো পর্যবেক্ষণ করেছে।’

ইয়াওগান-৪১-এর ভূমিকা তুলে ধরার পাশাপাশি প্রতিবেদনে ব্যাখ্যা করা হয়েছে, চীন ও পাকিস্তান কীভাবে পরিপূরক মহাকাশ নজরদারি নেটওয়ার্ক গড়ে তুলছে। এর লক্ষ্য হলো, ভারতের কোনো অংশই যেন নজরদারির বাইরে না থাকে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুনের মধ্যে পাকিস্তান ছয়টি স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে। এর মধ্যে পাঁচটি—পাকিস্তান রিমোট সেন্সিং স্যাটেলাইট-আর্থ অবজারভেশন ১ (পিআরএসসি-ইও১), পাকিস্তান রিমোট সেন্সিং স্যাটেলাইট-২ (পিআরএসএস-২), এইচএস-১, পিআরএসসি-ইও২ এবং পিআরএসসি-ইও৩—চীনা রকেটে করে চীনের উৎক্ষেপণকেন্দ্র থেকে পাঠানো হয়।

এই স্যাটেলাইটগুলোর প্রতিটিই আলাদাভাবে ভারতের ভূখণ্ডের ওপর নজরদারির জন্য স্থাপন করা হয়েছে। একই সঙ্গে এগুলো চীনের বিদ্যমান স্যাটেলাইট নেটওয়ার্কের পরিপূরক হিসেবেও কাজ করছে। পাকিস্তান ও চীনের স্যাটেলাইটগুলোর সম্মিলিত পৃথিবী পর্যবেক্ষণ সক্ষমতার ফলে ভারতের সামরিক অবকাঠামো, সেনা চলাচল, সীমান্তবর্তী স্থাপনা, বিমানঘাঁটি, নৌ-স্থাপনা এবং কৌশলগত সম্পদের বিষয়ে আরও ধারাবাহিক ও বিস্তারিত চিত্র পাওয়া সম্ভব বলে প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘চীন পাকিস্তানের জন্য পাঁচটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। এর ফলে গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি, লক্ষ্যবস্তু শনাক্তকরণ ও অনুসন্ধান (আইএসটিএআর), ভারতের গুরুত্বপূর্ণ সম্পদ পর্যবেক্ষণ এবং মহাকাশ নজরদারির সক্ষমতা বেড়েছে।’ আইএসটিএআর হলো একটি সামরিক ব্যবস্থা—স্যাটেলাইট, ড্রোন, উড়োজাহাজ, রাডার, ভূমিতে স্থাপিত সেন্সর এবং গোয়েন্দা নেটওয়ার্ক থেকে পাওয়া তথ্য একত্র করে এই ব্যবস্থা প্রতিপক্ষের কর্মকাণ্ড ও সক্ষমতা সম্পর্কে সামরিক বাহিনীকে বিস্তারিত চিত্র দেয়।

দিগন্তরার প্রতিবেদনে দেখা গেছে, চীনের সহায়তায় পাকিস্তানের স্যাটেলাইট উৎক্ষেপণ কার্যক্রম ২০২৫ সালের অনেক আগেই শুরু হয়েছিল। ২০১৮ সাল থেকে পিআরএসসি-ইও১, পাকস্যাট এমএম১, আইকিউব-কিউ, পিআরএসএস-১ এবং পাক টিইএস-১এ-এর মতো স্যাটেলাইট ভারতের ভূখণ্ডকে লক্ষ্য করে কাজ করছিল। এগুলো এমন কক্ষপথে স্থাপন করা হয়েছিল, যা চীনের বিদ্যমান স্যাটেলাইট নেটওয়ার্কের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে পারে।

স্যাটেলাইটগুলোর এই পরিকল্পিত সমন্বিত কার্যক্রমে একটি স্যাটেলাইট যখন কোনো নির্দিষ্ট অঞ্চল থেকে নজরদারির সীমার বাইরে চলে যায়, তখন অন্য একটি স্যাটেলাইট সেখানে অবস্থান নিয়ে নজরদারি চালায়। এর ফলে ওই অঞ্চলে ধারাবাহিক পর্যবেক্ষণ নিশ্চিত করা সম্ভব হয়। পাকিস্তানের স্যাটেলাইটগুলো একভাবে চীনের বিস্তৃত স্যাটেলাইট নেটওয়ার্কে থাকা ছোট ছোট ফাঁক পূরণ করছে; এসব স্যাটেলাইটের কক্ষপথও এমনভাবে নির্ধারণ করা হয়েছে, যাতে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো বিভিন্ন দিক, দূরত্ব ও স্পষ্টতা থেকে পর্যবেক্ষণ করা যায়।

উদাহরণ হিসেবে প্রতিবেদনে পিআরএসএস-১-এর কথা বলা হয়েছে। পাকিস্তানের এই পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইটটি ২০১৮ সালের জুলাইয়ে পাক টিইএস-১এ-এর সঙ্গে উৎক্ষেপণ করা হয়। এতে ইলেকট্রো-অপটিক্যাল ইমেজিং প্রযুক্তি রয়েছে; এর প্যানক্রোম্যাটিক ছবির মাধ্যমে উপযুক্ত পরিস্থিতিতে প্রায় এক মিটার প্রশস্ত বস্তু বা বৈশিষ্ট্য আলাদা করে শনাক্ত করা সম্ভব, আর মাল্টিস্পেকট্রাল ছবিতে উদ্ভিদ, ভূমির ব্যবহার, জলাশয় এবং ভূ-পৃষ্ঠের অন্যান্য বৈশিষ্ট্য শনাক্ত করা যায়। পাকিস্তানের মহাকাশ সংস্থা স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো) জানিয়েছে, পিআরএসএস-১ পৃথিবীর যেকোনো স্থানের ছবি চার দিন পরপর ধারণ করতে পারে; স্যাটেলাইটের তোলা ছবি গ্রহণ, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের জন্য ইসলামাবাদ ও করাচিতে এর দুটি গ্রাউন্ড স্টেশন রয়েছে।

২০২৪ সালে উৎক্ষেপণ করা পাকস্যাট-এমএম১ একটি যোগাযোগ স্যাটেলাইট, যা চীনের সহায়তায় তৈরি। পাকিস্তান ও আশপাশের অঞ্চলে টেলিযোগাযোগ সেবা দেওয়ার জন্য এটি নকশা করা হয়েছে। অন্যদিকে পিআরএসসি-ইও১ পাকিস্তানের নতুন রিমোট সেন্সিং স্যাটেলাইট কর্মসূচির অংশ, যেখানে অপটিক্যাল সেন্সর ব্যবহার করে পৃথিবীর ভূ-পৃষ্ঠের ছবি সংগ্রহ করা হয়। এই সব স্যাটেলাইটই চীনের কাছ থেকে প্রযুক্তিগত সহায়তা ও উৎক্ষেপণ-সংক্রান্ত সহযোগিতা পেয়েছে। ২০২২ সালে পাকিস্তানের মহাকাশ সংস্থা সুপারকো এবং চায়না গ্রেট ওয়াল ইন্ডাস্ট্রি করপোরেশন একটি বহুমাত্রিক উৎক্ষেপণ পরিষেবা চুক্তি স্বাক্ষর করে; গ্রেট ওয়াল হলো চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি করপোরেশনের একটি সহযোগী প্রতিষ্ঠান। চুক্তিটির লক্ষ্য ছিল, চীনের রকেট ও সংশ্লিষ্ট কারিগরি পরিষেবা ব্যবহার করে পাকিস্তানের একাধিক স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য দীর্ঘমেয়াদি ব্যবস্থা নিশ্চিত করা।

দিগন্তরার প্রতিবেদনে এশিয়া-প্যাসিফিক গ্রাউন্ড-বেসড স্পেস অবজেক্ট অবজারভেশন সিস্টেম প্রজেক্টে (এপিওএসওএস) পাকিস্তানের ক্রমবর্ধমান অংশগ্রহণ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এশিয়া-প্যাসিফিক স্পেস কো-অপারেশন অর্গানাইজেশনের অধীনে চালু এই বহুজাতিক মহাকাশ নজরদারি নেটওয়ার্কের পরিচালনা ও তথ্য ব্যবস্থাপনায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রকল্পটিতে ভূমিতে স্থাপিত অপটিক্যাল টেলিস্কোপ ব্যবহার করে স্যাটেলাইটসহ মহাকাশের বিভিন্ন বস্তুর ওপর নজর রাখা হয় এবং সেগুলোর গতিপথ অনুসরণ করা হয়। এপিওএসওএস-এর প্রথম তিনটি পর্যবেক্ষণ কেন্দ্র যে তিনটি দেশে স্থাপন করা হয়েছিল, পাকিস্তান তার একটি; অন্য দুটি কেন্দ্র পেরু ও ইরানে অবস্থিত। প্রতিটি পর্যবেক্ষণ কেন্দ্রে ১৫ সেন্টিমিটার অ্যাপারচারের একটি অপটিক্যাল টেলিস্কোপ রয়েছে, আর বিভিন্ন কেন্দ্র থেকে সংগৃহীত তথ্য বেইজিংয়ে চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্সেসের ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরিজের কেন্দ্রীয় স্থাপনায় পাঠানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান শুধু এপিওএসওএস-এর সদস্যই নয়, দেশটি এই প্রকল্পের একটি পর্যবেক্ষণ কেন্দ্রের আয়োজকও। ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে সংগৃহীত মহাকাশ পর্যবেক্ষণের তথ্য পাওয়ার ক্ষেত্রে পাকিস্তান ভৌগোলিক সুবিধা অর্জন করেছে; এই তথ্য ব্যবহার করে কক্ষপথে থাকা স্যাটেলাইটগুলোর গতিপথ অনুসরণ করা সম্ভব, যার মধ্যে ভারতের মহাকাশে থাকা সম্পদ বা স্যাটেলাইটও রয়েছে। বিশেষজ্ঞদের মতে, চীন যখন মহাকাশে নিজেদের সক্ষমতা ও উচ্চাকাঙ্ক্ষা বাড়াচ্ছে, তখন ভারতেরও মহাকাশে নিজেদের উপস্থিতি ও সক্ষমতা বাড়ানোর দিকে কাজ করা প্রয়োজন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিবসহ অন্তত আটজন নিহত

যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত আটজন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাঁদের মধ্যে একজন জ্যেষ্ঠ শিক্ষা কর্মকর্তা ও তাঁর…

উগান্ডার সেনাপ্রধানের হুমকির ব্যাখ্যা চেয়ে কূটনীতিককে তলব কঙ্গোর
আন্তর্জাতিক

উগান্ডার সেনাপ্রধানের হুমকির ব্যাখ্যা চেয়ে কূটনীতিককে তলব কঙ্গোর

উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নিয়ে ব্যাখ্যা চেয়ে কিনশাসায় নিযুক্ত উগান্ডার শীর্ষ কূটনীতিককে তলব করে…

আন্তর্জাতিক

ব্যাংককের তেল ডিপোতে বিস্ফোরণ, আশপাশের বাসিন্দাদের সরে যেতে বলল কর্তৃপক্ষ

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের পূর্বাঞ্চলে একটি তেল ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ বিস্ফোরণের পর কর্তৃপক্ষ আশপাশের এলাকার বা…

ইরানে জানুয়ারির বিক্ষোভের পর মৃত্যুদণ্ডের সাজা পাওয়া নারীদের মরিয়া আবেদন
আন্তর্জাতিক

ইরানে জানুয়ারির বিক্ষোভের পর মৃত্যুদণ্ডের সাজা পাওয়া নারীদের মরিয়া আবেদন

ইরানে জানুয়ারির সরকারবিরোধী বিক্ষোভের পর নারী বিক্ষোভকারী ও ভিন্নমতাবলম্বীদের মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে এমন সংখ্যায়, যা কয়েক দশকে দেখা যায়নি বলে একট…