পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে উত্তর কোরিয়া, মর্যাদা বদলাবে না বললেন কিম জং উন

পারমাণবিক অস্ত্র তৈরির উপাদান উৎপাদনের সক্ষমতা পরিকল্পিতভাবে বাড়াচ্ছে উত্তর কোরিয়া। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারের উপযোগী কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যাপকভাবে মোতায়েনের ওপর গুরুত্ব দিচ্ছে দেশটি। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ প্রকাশিত এক প্রতিবেদনে দেশটির নেতা কিম জং উনের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
পারমাণবিক উপাদান উৎপাদন ও অস্ত্র গবেষণার বিভিন্ন স্থাপনা পরিদর্শনের সময় কিম এসব কথা বলেন। এ সময় তিনি দাবি করেন, পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান ‘কোনোভাবেই পরিবর্তনযোগ্য নয়’। তবে তিনি যেসব স্থাপনা পরিদর্শন করেছেন, সেগুলোর নাম বা অবস্থান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি কেসিএনএ।
কিম বলেন, ‘আমাদের পারমাণবিক সক্ষমতা এখন বাস্তবতা।’ তিনি আরও বলেন, বাইরের কোনো পক্ষের দাবি কিংবা উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে বক্তব্য দেশটির পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের মর্যাদা পরিবর্তন করতে পারবে না। যারা বাস্তব পরিস্থিতি উপেক্ষা করেছে এবং পরিবর্তিত পরিস্থিতি স্বীকার করতে ব্যর্থ হয়েছে, তাদের পারমাণবিক নিরস্ত্রীকরণের বক্তব্যের কোনো গুরুত্ব নেই বলেও মন্তব্য করেন তিনি।
কিম বলেন, বিভিন্ন ধরনের লক্ষ্য ও দায়িত্ব পালনের জন্য একাধিক ক্ষেত্রে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের ওপর উত্তর কোরিয়ার গুরুত্ব দেওয়া উচিত। সাম্প্রতিক সময়ে পারমাণবিক অস্ত্র উৎপাদনে অর্জিত সাফল্যকে দেশের পারমাণবিক শক্তি নীতি বাস্তবায়নের ক্ষেত্রে বড় অগ্রগতি বলেও উল্লেখ করেন তিনি।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ২০২৩ সালে উত্তর কোরিয়ার সংবিধানে অন্তর্ভুক্ত করা দেশটির পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের মর্যাদা অস্বীকার করার যেকোনো প্রচেষ্টাকে ‘প্রকাশ্য যুদ্ধের ঘোষণা’ হিসেবে বিবেচনা করা হবে। জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তার মূল নিশ্চয়তা হিসেবে বিবেচিত পারমাণবিক অস্ত্র উত্তর কোরিয়া কখনোই ত্যাগ করবে না।
কিমের ভাষায়, ‘যত দিন পর্যন্ত এমন শত্রুভাবাপন্ন শক্তি থাকবে, যারা আধিপত্য প্রতিষ্ঠার উপায় হিসেবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তত দিন আমাদের পারমাণবিক অস্ত্রের অধিকার ধরে রাখার সিদ্ধান্ত সম্পূর্ণ অপরিবর্তনীয় থাকবে।’
২০০৬ সাল থেকে এ পর্যন্ত ছয়বার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির সর্বশেষ এবং সবচেয়ে শক্তিশালী পারমাণবিক পরীক্ষা চালানো হয় ২০১৭ সালে।
এদিকে গত আগস্টে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন, উত্তর কোরিয়ার কাছে আনুমানিক ৮০ থেকে ১২০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে বলে ধারণা করা হয়। তবে এই হিসাব বেসরকারি গবেষণা সংস্থাগুলোর তথ্যের ভিত্তিতে করা হয়েছে, ফলে উত্তর কোরিয়ার পারমাণবিক ওয়ারহেডের প্রকৃত সংখ্যা সরকারি পর্যায়ে নিশ্চিত করা সম্ভব হয়নি।



