…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

চিপ রপ্তানির জোয়ারে সুদহার বাড়াল দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় ব্যাংক, জিডিপি পূর্বাভাসও ঊর্ধ্বমুখী

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব কোরিয়া (বিওকে) বৃহস্পতিবার মূল সুদহার ০.২৫ শতাংশ বাড়িয়ে ৩.২৫ শতাংশ করেছে। ব্যাংকটি বলেছে, শক্তিশালী অভ্যন্তরীণ প্রবৃদ্ধি ও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি মূল্যস্ফীতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের তীব্র চাহিদা দেশটির অর্থনীতিকে এক দশকের বেশি সময়ের মধ্যে দ্রুততম সম্প্রসারণের দিকে ঠেলে দিচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা সত্ত্বেও ‘শক্তিশালী এআই বিনিয়োগের’ কারণে বিশ্ব অর্থনীতি অনুকূল প্রবৃদ্ধির ধারা ধরে রাখবে বলে বিওকে এক বিবৃতিতে জানিয়েছে।

ব্যাংকটি বলেছে, জ্বালানির বাড়তি দামের প্রভাবের কারণে মূল্যস্ফীতি ‘কিছু সময়ের জন্য উঁচুতে থাকবে’ বলে ধারণা করা হচ্ছে। অক্টোবরে দক্ষিণ কোরিয়ার মূল্যস্ফীতির হার ছিল ২.৮ শতাংশ, যা বিওকের ২ শতাংশ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।

রপ্তানি ও বিনিয়োগে টেকসই প্রবৃদ্ধির প্রত্যাশার কথা উল্লেখ করে বিওকে ২০২৬ ও ২০২৭ সালের জন্য জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে যথাক্রমে ৩.৯ শতাংশ ও ৪.১ শতাংশ করেছে। আগস্টে ব্যাংকটি পূর্বাভাস দিয়েছিল, এ বছর প্রবৃদ্ধি হবে ৩.৩ শতাংশ এবং ২০২৭ সালে ২.৯ শতাংশ।

দক্ষিণ কোরিয়ায় বিশ্বের শীর্ষ মেমোরি চিপ প্রস্তুতকারক এসকে হাইনিক্স ও স্যামসাং ইলেকট্রনিকসের অবস্থান। বহু ট্রিলিয়ন ডলারের এআই বিনিয়োগের জোয়ার থেকে দেশটি বড় সুবিধাভোগীদের একটি।

অক্টোবরে দক্ষিণ কোরিয়ার রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৯৪ শতাংশ বেড়ে ১১ হাজার ৫৩০ কোটি ডলারে পৌঁছেছে। এর আগের মাস সেপ্টেম্বরে রপ্তানি ছিল মাসিক সর্বকালের রেকর্ড ১২ হাজার ৯০ কোটি ডলার।

মোট রপ্তানির প্রায় অর্ধেকই ছিল সেমিকন্ডাক্টর। কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্য অনুযায়ী, এসকে হাইনিক্স ও স্যামসাং ইলেকট্রনিকস একসঙ্গে বিশ্বের হাই-ব্যান্ডউইথ মেমোরি বাজারের প্রায় ৮০ শতাংশ এবং ডায়নামিক র‍্যান্ডম-অ্যাকসেস মেমোরি বাজারের ৬০ শতাংশ নিয়ন্ত্রণ করে।

জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে দক্ষিণ কোরিয়ার জিডিপি আগের বছরের একই সময়ের তুলনায় ৩.৪ শতাংশ বেড়েছে, যা পূর্বাভাসের চেয়ে অনেক বেশি। কোভিড-১৯ মহামারির ব্যতিক্রমী বছরগুলো বাদ দিলে এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতিটি ২০১০ সালের পর সবচেয়ে শক্তিশালী পারফরম্যান্সের পথে রয়েছে; ২০১০ সালে জিডিপি বেড়েছিল ৬.২ শতাংশ।

আগের দিন প্রযুক্তি খাতের নেতৃত্বে শেয়ার বিক্রির চাপের পর বৃহস্পতিবার সিউলের শেয়ারবাজার আঞ্চলিক বাজারগুলোর সঙ্গে ঘুরে দাঁড়ায়। বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ভোর ৫টা ১৫ মিনিটে সিউলের কসপি সূচক ১.৭ শতাংশ বেড়েছিল; টোকিওর নিক্কেই ২২৫ বেড়েছে ১.৫ শতাংশ এবং তাইপেইর তাইয়েক্স বেড়েছে ২.৯ শতাংশ।

বিওকে বলেছে, সামনে বিশ্ব অর্থনীতি ও আর্থিক বাজার এআই বিনিয়োগের দৃষ্টিভঙ্গি, বড় অর্থনীতিগুলোর মুদ্রা ও রাজস্ব নীতির পরিবর্তন এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর নির্ভর করবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিবসহ অন্তত আটজন নিহত

যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত আটজন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাঁদের মধ্যে একজন জ্যেষ্ঠ শিক্ষা কর্মকর্তা ও তাঁর…

উগান্ডার সেনাপ্রধানের হুমকির ব্যাখ্যা চেয়ে কূটনীতিককে তলব কঙ্গোর
আন্তর্জাতিক

উগান্ডার সেনাপ্রধানের হুমকির ব্যাখ্যা চেয়ে কূটনীতিককে তলব কঙ্গোর

উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নিয়ে ব্যাখ্যা চেয়ে কিনশাসায় নিযুক্ত উগান্ডার শীর্ষ কূটনীতিককে তলব করে…

আন্তর্জাতিক

ব্যাংককের তেল ডিপোতে বিস্ফোরণ, আশপাশের বাসিন্দাদের সরে যেতে বলল কর্তৃপক্ষ

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের পূর্বাঞ্চলে একটি তেল ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ বিস্ফোরণের পর কর্তৃপক্ষ আশপাশের এলাকার বা…

ইরানে জানুয়ারির বিক্ষোভের পর মৃত্যুদণ্ডের সাজা পাওয়া নারীদের মরিয়া আবেদন
আন্তর্জাতিক

ইরানে জানুয়ারির বিক্ষোভের পর মৃত্যুদণ্ডের সাজা পাওয়া নারীদের মরিয়া আবেদন

ইরানে জানুয়ারির সরকারবিরোধী বিক্ষোভের পর নারী বিক্ষোভকারী ও ভিন্নমতাবলম্বীদের মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে এমন সংখ্যায়, যা কয়েক দশকে দেখা যায়নি বলে একট…