…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

তুরাগে সাবেক বিমান কর্মকর্তা তাহসিফের মৃত্যু: এক মাস পরও হত্যা, আত্মহত্যা না দুর্ঘটনা—উত্তর মেলেনি

নিজস্ব প্রতিবেদক
তুরাগে সাবেক বিমান কর্মকর্তা তাহসিফের মৃত্যু: এক মাস পরও হত্যা, আত্মহত্যা না দুর্ঘটনা—উত্তর মেলেনি
ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর এক মাস পরও কারণ জানা যায়নি। তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা, আত্মহত্যা ও দুর্ঘটনা—তিনটি সম্ভাবনা সামনে রেখে তদন্ত করছে নৌ পুলিশ।

তাহসিফ বাসা থেকে বের হওয়ার পর কোথায় কোথায় গিয়েছিলেন, কারা তাঁর সঙ্গে ছিলেন এবং নদীর পাড়ে কী ঘটেছিল—এসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। এ পর্যন্ত অন্তত ৪০ জনের বক্তব্য ও সাক্ষ্য নেওয়া হয়েছে এবং চারটি গুরুত্বপূর্ণ স্থানের তথ্য-প্রমাণ যাচাই করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।

তাহসিফের বাবা এ কে এম এনায়েতুল করিম হত্যা মামলাটি করেছেন। সেই মামলায় গ্রেপ্তার তাহসিফের বন্ধুস্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার দীপ (২৩) ও পূর্বপরিচিত এক তরুণী এখন কারাগারে আছেন। তবে মৃত্যুটি হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা, তা এখনো নিশ্চিত করতে পারেনি তদন্ত সংস্থা।

মামলার তদন্ত তত্ত্বাবধান করছেন নৌ পুলিশের প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক মো. রেজাউল করিম। তিনি বলেন, তাহসিফের মৃত্যুর ঘটনা তিনটি দৃষ্টিকোণ থেকে তদন্ত করা হচ্ছে। সব প্রশ্নের জবাব পাওয়ার পর তদন্তের ফল সংবাদ সম্মেলন করে জানানো হবে; এরপর আদালতে পুলিশ প্রতিবেদন জমা দেওয়া হবে।

তদন্তে চারটি জায়গা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে—তাহসিফের উত্তরার বাসা, একটি হোটেল, একটি বার এবং তুরাগ নদের পাড়ের টঙ্গী মাজার রোড বস্তি এলাকা। এসব জায়গায় কী ঘটেছিল, কারা ছিলেন এবং তাঁদের বক্তব্যের সঙ্গে অন্য তথ্য-প্রমাণের মিল আছে কি না, তা যাচাই করছেন তদন্তকারীরা।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, গত ২৭ অক্টোবর উত্তরার ১৮ নম্বর সেক্টরে রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পে তাঁদের বাসার নিচ থেকে দীপের সঙ্গে মোটরসাইকেলে করে বের হন তাহসিফ। এরপর পূর্বপরিচিত এক তরুণীকে নিয়ে তিনি উত্তরার ১৩ নম্বর সেক্টরের একটি বারে যান; সেখানে দীপও তাঁদের সঙ্গে ছিলেন।

ওই বারে তাহসিফের সঙ্গে তরুণীর মনোমালিন্য হয় বলে সূত্রটি জানিয়েছে। ঘণ্টাখানেক পর বার থেকে বেরিয়ে তাহসিফ ওই তরুণীকে মোটরসাইকেলে করে তাঁর বাসার সামনে নামিয়ে দেন। এরপর তাহসিফ ও দীপ টঙ্গী মাজার রোড বস্তি এলাকায় যান।

জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেন, সেখানে পুলিশের পোশাক পরা দুই সদস্যকে দেখে তাঁরা দুদিকে দৌড়ে যান। দীপ তুরাগ নদের তীরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) একটি পিলারের কাছে গিয়ে লুকান। তাঁর দাবি, পরে ওই দুই সদস্য এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন এবং তাহসিফের সঙ্গে এসেছেন বলার পর তাঁকে চলে যেতে বলেন; এরপর তাহসিফের সঙ্গে তাঁর আর দেখা হয়নি।

রাত ১টা ৩৫ মিনিটে তাহসিফ তাঁর মায়ের মুঠোফোনে একটি ভয়েস বার্তা পাঠান। সেখানে তিনি বলেন, ‘আসতেছি, রওনা দিছি।’ এর চার মিনিট পর রাত ১টা ৩৯ মিনিটে দীপ মোহাম্মদপুরে তাঁদের ভাড়া বাসার দারোয়ানকে ফোন করে জানান, তাঁর ফিরতে দেরি হবে। পরে রাত আড়াইটার দিকে দীপ বাসায় ফেরেন।

ঘটনার পরদিন ২৮ অক্টোবর বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে নৌ পুলিশ জানতে পারে, উত্তরখান থানার রাজবাড়ি ঘাটসংলগ্ন তুরাগ নদে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ ভাসছে। প্রাথমিকভাবে অজ্ঞাতনামা হিসেবে মরদেহ উদ্ধার করা হয়; পরে তাঁর পায়জামার পকেটে থাকা আইফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত হয়। তিনি বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি (২৮)।

মরদেহ উদ্ধারের দুদিন পর ৩০ অক্টোবর রাতে তাঁর বাবা এ কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় হত্যা মামলা করেন। মামলায় কাউকে আসামি করা হয়নি। মামলাটির তদন্তের দায়িত্ব পায় নৌ পুলিশ। এর আগে ছায়া তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দীপকে হেফাজতে নেয়; পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গী মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তাহসিফের মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয় এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়। সুরতহাল প্রতিবেদনে তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক নাশাত জাবীন বলেন, তাহসিফের পাকস্থলী, লিভার, কিডনি ও রক্ত পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে। সেখান থেকে প্রতিবেদন পাওয়া গেলে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করা হবে; তখন মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।

তাহসিফের বাবা এনায়েতুল করিম বলেন, ছেলের মৃত্যুর পর তিনি ও তাহসিফের মা সুস্থ নেই। তাঁর ধারণা, ছেলেকে হত্যা করা হয়েছে। তবে কারাগারে থাকা দীপ ও তরুণী এ ঘটনায় জড়িত কি না, তা তিনি জানেন না। তদন্তের কোনো ফলও তাঁকে জানানো হয়নি। তিনি বলেন, মামলাটির তদন্ত পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বা পিবিআইয়ের কাছে দেওয়া হলে ভালো হতো।

নৌ পুলিশ ওই রাতের ঘটনার তথ্য ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। টঙ্গীর মাজার রোড বস্তি এলাকায় ঘোরাঘুরির কিছু ভিডিওও বিভিন্ন ব্যক্তি নৌ পুলিশকে দিয়েছেন। ঘটনার সময় ওই এলাকায় থাকা আট সদস্যের একটি পুলিশ টহল দলকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাইলেন অ্যাটর্নি জেনারেল, বললেন অপরাধ সমুদ্রসমান
আইন ও অপরাধ

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাইলেন অ্যাটর্নি জেনারেল, বললেন অপরাধ সমুদ্রসমান

আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চেয়েছেন অ্য…

শেরপুরের ঝিনাইগাতীতে ইউনিয়ন ভূমি অফিসে আগুন, পুড়ে গেছে অধিকাংশ নথি
আইন ও অপরাধ

শেরপুরের ঝিনাইগাতীতে ইউনিয়ন ভূমি অফিসে আগুন, পুড়ে গেছে অধিকাংশ নথি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ভবনের একাংশ, আসবাবপত্র ও অধিকাংশ নথিপত্র পুড়ে গেছে। গতকাল বুধবার …

খুলনায় ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৭৩, উদ্ধার ৭৫টি ইয়াবা
আইন ও অপরাধ

খুলনায় ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৭৩, উদ্ধার ৭৫টি ইয়াবা

খুলনা মহানগর ও জেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে ৭৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিভিন্ন মামলা ও অপরাধে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৭৫টি…

রংপুরে একই পরিবারের চার খুন: চুরি করতে গিয়ে দেখে ফেলায় হত্যা, অভিযোগপত্রে পুলিশ
আইন ও অপরাধ

রংপুরে একই পরিবারের চার খুন: চুরি করতে গিয়ে দেখে ফেলায় হত্যা, অভিযোগপত্রে পুলিশ

রংপুর মহানগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার পেছনে ছিল চুরির পরিকল্পনা। বাড়িতে টাকা ও স্বর্ণালং…