গাজায় মেনিনজাইটিসের প্রকোপ: এক মাসে আক্রান্ত ২৭২ জন, ঝুঁকিতে শিশুরা
ফিলিস্তিনের গাজা উপত্যকায় মেনিনজাইটিসে আক্রান্তের সংখ্যা হঠাৎ বেড়ে গেছে। অতিরিক্ত ভিড়, ক্ষতিগ্রস্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং ওষুধের ঘাটতির মধ্যে এই রোগ শিশুদের জন্য বড় ঝুঁকি তৈরি করেছে বলে সতর্ক করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
গাজা সিটির রানতিসি শিশু হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পাঁচ বছর বয়সী ওমর আবু ফায়েদকে এক মাসেরও কম সময়ে তৃতীয়বারের মতো ভর্তি করা হয়েছে। মেনিনজাইটিসের লক্ষণ দেখা দেওয়ার পর তাকে আবার হাসপাতালে আনা হয়।
ওমরের মা ২৪ বছর বয়সী জাকিয়া আবু ফায়েদ বলেছেন, প্রতিবারই তিনি ভেবেছিলেন ছেলে সেরে উঠছে। কিন্তু হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কয়েক দিন পরই জ্বর ও ব্যথা ফিরে এসেছে। তাঁর ভাষায়, ‘সে পুরো এক সপ্তাহও বাড়িতে থাকতে পারে না, আবার তাকে হাসপাতালে আনতে হয়।’
ওমরের অসুস্থতা শুরু হয়েছিল প্রচণ্ড জ্বর, তীব্র মাথাব্যথা ও পেটব্যথা দিয়ে। সে খাওয়া বন্ধ করে দিয়েছিল এবং তার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের (১০৪ ডিগ্রি ফারেনহাইট) ওপরে উঠে গিয়েছিল। বাড়িতে জ্বরের ওষুধ ও অ্যান্টিবায়োটিক দিয়ে পাঁচ দিন চিকিৎসার পর অবস্থার উন্নতি না হওয়ায় জাকিয়া তাকে হাসপাতালে নিয়ে যান; সেখানে চিকিৎসকেরা মেনিনজাইটিস শনাক্ত করেন।
প্রথমবার ওমর পাঁচ দিন হাসপাতালে থেকে চিকিৎসায় সাড়া দিয়ে ছাড়া পেয়েছিল। কিন্তু প্রায় এক সপ্তাহ পর জ্বর ফিরে আসে এবং তাকে আরও ১০ দিন হাসপাতালে থাকতে হয়। দ্বিতীয়বার ছাড়া পাওয়ার কয়েক দিনের মধ্যে লক্ষণ আবার ফিরে এলে চিকিৎসকেরা তৃতীয়বার তার চিকিৎসা পদ্ধতি বদলে দেন।
বারবার হাসপাতালে ভর্তির ঘটনায় জাকিয়া শুধু ওমরকে নিয়েই নয়, তাঁর তিন ও এক বছর বয়সী আরও দুই সন্তানকে নিয়েও উদ্বিগ্ন। তিনি বলেছেন, হাসপাতাল মেনিনজাইটিসে আক্রান্ত শিশুতে ভরে গেছে; আক্রান্তদের মধ্যে নবজাতকও রয়েছে।
উত্তর গাজার জাবালিয়ার বাসিন্দা জাকিয়ার ধারণা, ওমর হয়তো কিন্ডারগার্টেন থেকে সংক্রমিত হয়েছে, যদিও সংক্রমণের উৎস নিশ্চিত হওয়া যায়নি। ইসরায়েলের যুদ্ধের কারণে বাস্তুচ্যুত এই পরিবারটি এখন একটি বাড়ি ভাড়া করে থাকছে।
জাকিয়ার এই উদ্বেগের মধ্যেই গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মেনিনজাইটিসের ঘটনা তীব্রভাবে বেড়ে যাওয়ার সতর্কতা দিয়েছে। ২৪ নভেম্বর মন্ত্রণালয় মহামারি সতর্কতা জারি করে জানিয়েছে, অক্টোবর মাসে ২৭২ জন আক্রান্ত হয়েছে — যা স্বাভাবিক মাসিক গড় ৩০ থেকে ৫০ জনের তুলনায় অনেক বেশি।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অক্টোবরের আক্রান্তদের মধ্যে ১০৮ জন ব্যাকটেরিয়াজনিত মেনিনজাইটিসে আক্রান্ত, যেখানে স্বাভাবিক সময়ে এই সংখ্যা মাসে ১০ থেকে ২০ জন থাকে। নভেম্বরের প্রথম কয়েক সপ্তাহেই আরও ১০০ জন ব্যাকটেরিয়াজনিত রোগী নথিভুক্ত হয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২০২৬ সালের শুরু থেকে এই রোগে ১৫ জনের মৃত্যু হয়েছে; এর মধ্যে আগস্ট থেকে অক্টোবরের মধ্যে মারা গেছেন পাঁচজন।
মেনিনজাইটিস হলো মস্তিষ্ক ও মেরুদণ্ডের চারপাশের পর্দার প্রদাহ। এটি ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারণে হতে পারে। ব্যাকটেরিয়াজনিত মেনিনজাইটিস বিশেষভাবে বিপজ্জনক, কারণ এটি দ্রুত ছড়িয়ে মৃত্যু কিংবা শ্রবণশক্তি হ্রাস ও স্নায়বিক ক্ষতির মতো স্থায়ী জটিলতা ঘটাতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করেছে, পরীক্ষাগারের সীমিত সক্ষমতার কারণে ভাইরাসজনিত ও ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়েছে। জাতিসংঘ জানিয়েছে, পরীক্ষাগারের সরঞ্জাম ও অপরিহার্য ওষুধের ঘাটতি রয়েছে; অক্টোবরে অপরিহার্য ওষুধের প্রায় ৪২ শতাংশের মজুদ শূন্য পর্যায়ে ছিল।
রানতিসি শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ শরিফ মাতার বলেছেন, বর্তমান এই ঢেউ প্রায় এক মাস আগে শুরু হয়েছে এবং এখনো চলছে, যদিও দৈনিক ভর্তির সংখ্যা কমেছে। তাঁর ভাষায়, ‘একপর্যায়ে আমরা দিনে ১০ জনের বেশি রোগী পাচ্ছিলাম। এখন দিনে তিন থেকে চারজনের কথা বলছি। কমেছে ঠিকই, কিন্তু ঢেউ শেষ হয়নি।’
মাতার সংক্রমণ ছড়িয়ে পড়ার পেছনে বাস্তুচ্যুতদের শিবির ও তাঁবুর অতিরিক্ত ভিড়কে দায়ী করেছেন, যেখানে পরিবারগুলোর পানি ও ব্যক্তিগত পরিচ্ছন্নতার সুযোগ সীমিত। তিনি বলেছেন, ‘মানুষ তাঁবুতে বাস করছে, প্রচণ্ড ভিড়ের মধ্যে, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার পর্যাপ্ত সুযোগ ছাড়াই।’
মাতার জানিয়েছেন, তাঁর জানা মতে বর্তমান ঢেউয়ে রানতিসি হাসপাতালে মেনিনজাইটিসে সরাসরি কারও মৃত্যু নথিভুক্ত হয়নি। তবে কিছু শিশুর গুরুতর জটিলতা দেখা দিয়েছে, যার মধ্যে শ্রবণশক্তি হ্রাস ও হাইড্রোসেফালাস রয়েছে — মস্তিষ্কে তরল জমে চাপ বাড়লে যার জন্য অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে।
রানতিসি হাসপাতালেই আরেক মা, ২৯ বছর বয়সী আয়া সালেমের ছয় মাস বয়সী যমজ সন্তান ইয়ামান ও ইউমনা একের পর এক এই রোগে আক্রান্ত হয়েছে। আয়া প্রায় ১৫ দিন ধরে হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরছেন।
প্রায় দুই সপ্তাহ আগে ইয়ামানের প্রথমে প্রচণ্ড জ্বর ওঠে। পর্যবেক্ষণে রেখে ছেড়ে দেওয়ার দুই দিন পর জ্বর, ডায়রিয়া ও ত্বকে ফুসকুড়ি নিয়ে তাকে আবার আনা হয়; চিকিৎসকেরা মেনিনজাইটিস শনাক্ত করেন এবং সে ১০ দিন হাসপাতালে থাকে। সে ছাড়া পাওয়ার সময়ই যমজ বোন ইউমনার অবস্থা খারাপ হয়। ৩৯ থেকে ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস জ্বর, তীব্র ডায়রিয়া ও বমি নিয়ে ভর্তি ইউমনারও মেনিনজাইটিস ধরা পড়ে; সে বুকের দুধ বা ফর্মুলা খেতে পারছিল না।
চিকিৎসকেরা ইউমনাকে শিরায় তরল, ওষুধ ও জিংক সাপ্লিমেন্ট দিয়ে চিকিৎসা করেন। সাক্ষাৎকারের আগের রাতে অবশেষে তার জ্বর কমেছে বলে জানিয়েছেন মা, তবে সে এখনো অসুস্থ এবং তার ওজন অনেক কমে গেছে। আয়া বলেছেন, ‘চিকিৎসক আমাকে বলেছিলেন, সে সবচেয়ে কঠিন রোগীদের একজন। আমি হতবাক হয়ে গিয়েছিলাম।’
আয়া বলেছেন, যমজদের সুরক্ষায় তিনি সর্বোচ্চ সতর্কতা নিয়েছিলেন — ছয় মাস ধরে জরুরি কাজ ছাড়া থাকার জায়গা থেকে বের হননি, বিতরণকেন্দ্রে যাননি, কাউকে আসতেও দেননি। তবু তিনি জানেন না তারা কীভাবে সংক্রমিত হলো। তাঁর ভাষায়, ‘আমরা বাস্তুচ্যুত মানুষের মধ্যে বাস করি। প্রতিদিন জানা যায় না প্রতিবেশী কে বা কে এই এলাকায় আসতে পারে। আমি অত্যন্ত সতর্ক, কিন্তু কী হয়েছে জানি না।’
পরিবারটি যেখানে থাকছে, সেখানে নির্ভরযোগ্য বিশুদ্ধ পানি বা পর্যাপ্ত স্যানিটেশন সুবিধা নেই বলে জানিয়েছেন আয়া। তাঁর এই ভয় আরও গভীর, কারণ তাঁর আরও দুই যমজ মেয়ে আইলুল ও আমাল ২০২৩ সালের ১৯ ডিসেম্বর গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় তিন বছর বয়সে নিহত হয়েছিল।
এখন ইয়ামান ও ইউমনার হাসপাতালে চিকিৎসা চলতে দেখে আয়া মানুষের জীবনযাত্রার বিধ্বস্ত অবস্থার উন্নতিতে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমাদের শিশুদের সঙ্গে যা হচ্ছে, তা যথেষ্ট হয়েছে। দয়া করে হস্তক্ষেপ করুন এবং মানুষের মুখোমুখি বিধ্বস্ত জীবনযাত্রার অবস্থা উন্নত করতে সাহায্য করুন।’


