যুদ্ধ আর খরায় বিপর্যস্ত সুদানের কৃষক, পানির সংকটে হুমকিতে ফসল ও জীবিকা
সুদানের উত্তরাঞ্চলীয় রাজ্যে ৪০ বছরের বেশি সময় ধরে চাষাবাদ করে আসছেন কৃষক হায়দার মোহামেদ। তিনি মটরশুঁটি জাতীয় ফাবা বিন, গমসহ নানা মৌসুমি ফসল ফলান। কিন্তু যুদ্ধে বিধ্বস্ত অবকাঠামো আর স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত মিলিয়ে তৈরি পানির সংকট তাঁর ফসল ও আয় মারাত্মকভাবে কমিয়ে দিয়েছে।
ডোঙ্গোলা শহরের কাছে আল-সালিম এলাকায় মোহামেদের ছোট খামারের আয়তন প্রায় চার হেক্টর, অর্থাৎ প্রায় ১০ একর। ফসলের একটি অংশ তিনি পরিবারের খাবারের জন্য রাখেন, বাকিটা স্থানীয় বাজারে বিক্রি করে চিকিৎসা ও সন্তানদের পড়াশোনাসহ সংসারের জরুরি খরচ চালান।
মোহামেদ আল জাজিরাকে বলেন, গত বছর তাঁদের ফসল নষ্ট হয়ে গেছে। এ বছরও বিদ্যুৎ ও সেচের সমস্যার কারণে আয় করা কঠিন হয়ে পড়েছে। বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলায় সরবরাহ ব্যাহত হওয়ায় বিদ্যুচ্চালিত সেচব্যবস্থা নিয়মিত বন্ধ থাকে। তাঁর ভাষায়, তাঁরা অনেক ঋণে জড়িয়ে গেছেন এবং সন্তানদের খাওয়ানোর মতো ফসলও ফলবে কি না, তা নিয়ে ভয় কাজ করছে।
৪০ বছরের চাষজীবনে এমন পরিস্থিতি তিনি আগে দেখেননি বলে জানিয়েছেন মোহামেদ। তাঁর অভিজ্ঞতা একক কোনো ঘটনা নয়। উত্তরাঞ্চলীয় রাজ্যসহ সুদানের নানা এলাকায় বৃষ্টি কমে যাওয়া ও সেচব্যবস্থা ব্যাহত হওয়ায় কৃষি উৎপাদন এবং চাষি পরিবারগুলোর জীবিকা ক্রমেই হুমকির মুখে পড়ছে।
মোহামেদ জানান, যাঁরা ডিজেলচালিত পাম্পে সেচ দেন, তাঁরা জ্বালানি পাচ্ছেন না; পাওয়া গেলেও দাম অত্যন্ত বেশি। আবার সৌরবিদ্যুচ্চালিত সেচব্যবস্থা বসানোর খরচও তাঁদের পক্ষে বহন করা সম্ভব নয়। তাঁর আশঙ্কা, এ অবস্থা চলতে থাকলে দেশে কেউ আর চাষাবাদ চালিয়ে যেতে পারবে না।
২০২৩ সালে শুরু হওয়া সুদানি সশস্ত্র বাহিনী (এসএএফ) ও আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) যুদ্ধ দেশটির জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত করেছে। সুদানের সবচেয়ে বড় তেল শোধনাগার, জ্বালানি ডিপো ও পেট্রোল পাম্পে হামলা এই ঘাটতি আরও বাড়িয়েছে।
শুধু অক্টোবর মাসেই আরএসএফের বিরুদ্ধে অভিযোগ ওঠা হামলায় ১১টি রাজ্যের গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত হয়েছে এবং কয়েকটি পানি সরবরাহের উৎস অকেজো হয়ে পড়েছে।
বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ায় আমদানিও ব্যয়বহুল হয়ে উঠেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ বছর মার্চ থেকে আগস্টের মধ্যে ডিজেলের দাম প্রায় দ্বিগুণ হয়েছে।
বৃষ্টিনির্ভর কৃষি এলাকাগুলোতে খরা কৃষকদের সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে। এ বছরের জুন থেকে সেপ্টেম্বর বর্ষা মৌসুমে সুদানের বেশির ভাগ কৃষি এলাকায় বৃষ্টিপাত কমেছে, যা চলমান বৈশ্বিক এল নিনো পরিস্থিতির সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গেদারেফ ও সেনার রাজ্যে বৃষ্টিপাত ছিল স্বাভাবিকের তুলনায় যথাক্রমে প্রায় ৩০ শতাংশ ও ২০ শতাংশ।
গেদারেফ ও সেনার রাজ্য দুটি মিলে সাধারণত সুদানের প্রধান খাদ্যশস্য জোয়ারের প্রায় এক-চতুর্থাংশ উৎপাদন হয়। ফলে বৃষ্টির এই ঘাটতি দেশের খাদ্য উৎপাদনের ওপর সরাসরি চাপ তৈরি করছে।
পানির সংকটের প্রভাব কৃষিখাত ছাড়িয়ে আরও বিস্তৃত। আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) বলেছে, পানি ও বিদ্যুৎব্যবস্থাসহ বেসামরিক অবকাঠামোর ক্ষতিতে লাখ লাখ মানুষ অপরিহার্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে, আর পানি সরবরাহ ব্যাহত হওয়ায় কলেরাসহ পানিবাহিত রোগের ঝুঁকি বেড়েছে।
জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের হিসাব অনুযায়ী, সুদানে ২ কোটি ৭০ লাখের বেশি মানুষের পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি সহায়তা প্রয়োজন। এ বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিসেফ ও এর অংশীদারেরা ৬৬ লাখ মানুষকে নিরাপদ পানি পৌঁছে দিয়েছে; এর প্রায় দুই-তৃতীয়াংশই জরুরি সহায়তা, যার আওতায় রয়েছে বাস্তুচ্যুত মানুষ, বাড়ি ফেরা মানুষ এবং সংঘাত ও কলেরায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী।
রাজধানী খার্তুমে বাসিন্দাদের এখনো পানির জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়, কখনো কখনো ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। যুদ্ধে পানি সরবরাহ নেটওয়ার্ক ব্যাপকভাবে ব্যাহত হওয়া ও কয়েকটি পানি স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় অনেক পরিবারের নির্ভরযোগ্য পানি সরবরাহ নেই।
খার্তুম রাজ্যের ইস্ট নাইল জেলার বাসিন্দা সালেহ জাকি জানান, যুদ্ধ শুরুর অনেক আগে থেকেই তাঁর এলাকায় পানির সমস্যা ছিল। যুদ্ধের আগে কর্তৃপক্ষের কাছে বারবার সাহায্য চেয়েও বাজেট নেই বলে জানানো হয়েছিল। পরে বাসিন্দারা নিজেরা অর্থ সংগ্রহ করে বিশেষজ্ঞ দিয়ে দুটি কূপ খনন করেন, তাতে সীমিত পানি সরবরাহ মিলেছিল।
জাকি বলেন, সংঘাতে পানির নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হওয়ার পর এখন তাঁদের এলাকা ও আশপাশের জনগোষ্ঠীর জন্য আরও কূপ, সরবরাহ নেটওয়ার্ক মেরামত এবং সৌরবিদ্যুচ্চালিত ব্যবস্থা জরুরি হয়ে পড়েছে।
আগস্টে সুদান সরকার পানির সংকট কমাতে এবং যুদ্ধে বাস্তুচ্যুত পরিবারগুলোকে বাড়ি ফিরতে উৎসাহিত করতে কয়েকটি পদক্ষেপ ঘোষণা করে। এর মধ্যে রয়েছে ব্যক্তিগত ব্যবহারের জন্য আমদানি করা সোলার প্যানেলে শুল্ক, কর ও অন্যান্য সরকারি ফি মওকুফ এবং ২০২৬ সালের শেষ পর্যন্ত সারা দেশে আবাসিক পানির ফি মওকুফ।
তবে অর্থনীতিবিদদের মতে, বৃহত্তর অর্থনৈতিক নীতি ছাড়া এসব পদক্ষেপের প্রভাব সীমিত থাকবে। সুদান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অর্থনীতিবিদ মোহামেদ এলনায়ের বলেন, কৃষিখাতে সরকারি সহায়তা বাড়ানো, কৃষকদের প্রণোদনা দেওয়া এবং কৃষিকাজে সৌরবিদ্যুৎ ব্যবহারে সহজ অর্থায়নের সুযোগ তৈরির মাধ্যমে এসব পদক্ষেপ সম্প্রসারণ করা দরকার। পানি স্টেশন সংস্কার ও উন্নয়ন, নির্ভরযোগ্য পানি সরবরাহের পরিধি বাড়ানো এবং অপরিহার্য অবকাঠামোর খরচ কমানোসহ আবাসন ও কৃষিখাতে আরও ব্যাপক সংস্কারও প্রয়োজন বলে তিনি মনে করেন।


