ফকিরহাটে মিল্ক ভিটা চেয়ারম্যানের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ: ছাত্রলীগ-যুবলীগের তিন সদস্য গ্রেপ্তার

বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. জামিলুর ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শরীফুল ইসলাম শামীম (২৩), মাহমুদুন নবী (৩১) ও মেহেদী হাসান রাসেল (২৬)। তাঁদের বাড়ি বাগেরহাট ও ফকিরহাট এলাকায়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বোমা নিক্ষেপের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং ঘটনার ভিডিও ধারণ করা একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার মো. জামিলুর ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার গভীর রাতে খুলনার লবণচরা থানা এলাকায় অভিযান চালিয়ে শরীফুল ইসলাম শামীম ও মাহমুদুন নবীকে গ্রেপ্তার করা হয়। একই রাতে ফকিরহাটের মূলঘর এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসান রাসেলকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার তিনজনই নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় সদস্য। তাঁরা বোমা নিক্ষেপের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার।
উল্লেখ্য, ১৮ নভেম্বর রাত ১০টা ২০ মিনিটের দিকে মোটরসাইকেলে আসা দুই যুবক মিল্ক ভিটা চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ্য করে পরপর তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।




