মানিকগঞ্জের ঘিওরে গার্মেন্টসকর্মী চম্পা হত্যা: মামলার তিন ঘণ্টার মধ্যে প্রেমিক গ্রেপ্তার

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় গার্মেন্টসকর্মী চম্পা বেগম (৪০) হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় মামলা দায়েরের মাত্র তিন ঘণ্টার মধ্যে মো. জসিম উদ্দিন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পিবিআইয়ের দাবি, দীর্ঘদিনের সম্পর্ক, বিয়ের চাপ ও বিরোধের জেরেই চম্পাকে হত্যা করেন জসিম।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির পুলিশ সুপার জয়িতা শিল্পী।
গ্রেপ্তার জসিম উদ্দিন ঘিওর উপজেলার বীরসিংজুরী এলাকার বাসিন্দা। নিহত চম্পা বেগম একই গ্রামের স্বপন মিয়ার স্ত্রী। তিনি সাটুরিয়ার নয়াডিঙ্গী এলাকার তারাসিমা গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করতেন।
পিবিআই সূত্রে জানা যায়, গত ২৩ নভেম্বর ভোর ৫টার দিকে কর্মস্থলের উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর চম্পা বেগম আর ফিরে আসেননি। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।
পরদিন ২৪ নভেম্বর সকাল ৬টার দিকে বাড়ির পাশের একটি কাঠের ঘরের পেছনে আতাগাছের নিচে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘিওর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
এ ঘটনায় ২৫ নভেম্বর ঘিওর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্তভার পায় পিবিআই মানিকগঞ্জ। তদন্তে নেমে ঘটনাস্থল পরিদর্শন, তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন তথ্য বিশ্লেষণ এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করে সংস্থাটি।
পিবিআই জানায়, মামলা দায়েরের মাত্র তিন ঘণ্টার মধ্যে ঘিওর উপজেলার বীরসিংজুরী বাজার এলাকায় একটি নির্মাণাধীন সেতুর পাশে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
পিবিআইয়ের দাবি, চম্পা বেগমের সঙ্গে জসিমের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তাঁরা ইমো ও মেসেঞ্জারের মাধ্যমে নিয়মিত যোগাযোগ করতেন। একপর্যায়ে চম্পা জসিমকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। তবে জসিম বিবাহিত এবং তাঁর সন্তান থাকায় বিয়েতে রাজি ছিলেন না। বয়সের ব্যবধান নিয়েও দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়।
পিবিআইয়ের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিনও বিয়ে নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে জসিম চম্পার গলায় ওড়না পেঁচিয়ে তাঁকে হত্যা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পিবিআই।
পুলিশ সুপার জয়িতা শিল্পী বলেন, প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ ও বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে দ্রুততম সময়ে আসামিকে শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।




