কুলাউড়ায় শ্যালিকাকে হত্যার দায়ে দুলাভাই সালাহউদ্দিনের মৃত্যুদণ্ড

মৌলভীবাজারের কুলাউড়ায় শ্যালিকাকে হত্যা এবং স্ত্রী ও শিশুসন্তানকে হত্যাচেষ্টার দায়ে সালাহউদ্দিন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, ঘটনাটি ঘটে ২০১৭ সালের ২৩ মে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের দক্ষিণপাশা গ্রামে। পারিবারিক বিরোধের জেরে সালাহউদ্দিন তাঁর স্ত্রী রায়না বেগম ও তাঁদের ছয় মাস বয়সী শিশুসন্তানকে গুরুতর আহত করেন।
সে সময় বোনকে রক্ষা করতে এগিয়ে আসেন শ্যালিকা মনি বেগম। সালাহউদ্দিন ধারালো অস্ত্র দিয়ে তাঁর ওপর হামলা চালালে ঘটনাস্থলেই মনি বেগমের মৃত্যু হয়।
রায় ঘোষণার পর মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী বলেন, এই রায়ের মাধ্যমে বাদীপক্ষ সুবিচার পেয়েছে।
২০১৭ সালের ওই হত্যাকাণ্ডের মামলার রায় এল প্রায় নয় বছর পর, বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার আদালতে।


