১২ ডিসেম্বর সুনামগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, কান্ট্রি গেমস ঘিরে প্রস্তুতিমূলক সভা
আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফর উপলক্ষে দেশীয় খেলাধুলা বা ‘কান্ট্রি গেমস’ আয়োজন সফল করতে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় কুস্তিসহ দেশীয় ঐতিহ্যবাহী খেলাধুলার পাশাপাশি নানা আয়োজনের বিষয়ে আলোচনা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ড. মোহাম্মদ শাহানুর আলম বলেন, ‘এবার জাতীয় পর্যায়ের একটি আয়োজন সুনামগঞ্জে করার সুযোগ এসেছে। কুস্তি খেলার পাশাপাশি আরও কিছু আয়োজন থাকবে। এটি সুনামগঞ্জের জন্য বিশাল পাওয়া। জেলা প্রশাসকের নেতৃত্বে আয়োজনটি সুন্দর ও সফল হবে বলেই আমরা বিশ্বাস করি।’
জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সুনামগঞ্জে আসবেন, তা আমরা সবাই জানি। কান্ট্রি গেমস অর্থাৎ আমাদের দেশীয় খেলাধুলাগুলো ফিরিয়ে আনতেই তিনি এই উদ্যোগ নিয়েছেন। আমরা সেই উদ্যোগ সফল করতে এবং ওই দিন দেশীয় খেলাধুলা উপভোগ করতে সবার সহযোগিতা কামনা করছি।’
পুলিশ সুপার এবিএম জাকির হোসেন তার বক্তব্যে দেশীয় সংস্কৃতি ও সংগীতের মাধ্যমে প্রধানমন্ত্রীকে বরণ করার প্রস্তাব দেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান, এডিএম সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল।
এ ছাড়া উপস্থিত ছিলেন সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, এসআরবি-৯-এর এএসপি মো. রোকনুজ্জামান, সিলেট বিভাগের বিকেএসপির উপপরিচালক মো. শহিনুল হক এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের প্রতিনিধি আকবর আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী নাসিম উদ্দিন লালা ও বিএনপি নেতা নজরুল ইসলাম। এ ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ক্রীড়ামোদীরা সভায় উপস্থিত ছিলেন।



