সপ্তাহের শেষ দিনেও শেয়ারবাজারে পতন, ডিএসইতে লেনদেন নেমে ৭০৭ কোটি টাকা
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর হ্রাস পেয়েছে। ফলে দুই বাজারেই মূল্যসূচক ও লেনদেনের পরিমাণ কমেছে।
এদিন ডিএসইতে বেশিরভাগ শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে লেনদেন শুরু হয়ে সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিলেও অল্প সময়ের মধ্যেই বেশিরভাগ প্রতিষ্ঠান দাম কমার তালিকায় চলে আসায় সূচক ঋণাত্মক হয়ে পড়ে। পরে বাজার একাধিকবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বিক্রির চাপ বেশি থাকায় দিন শেষে সূচক পতন নিয়েই লেনদেন সমাপ্ত হয়।
দিন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট কমে ৫ হাজার ৫২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৬২ পয়েন্টে এবং বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে ২ হাজার ৯০ পয়েন্টে নেমেছে।
সবকটি সূচক কমার সঙ্গে ডিএসইতে লেনদেনও কমেছে। আগের কার্যদিবসের ৯১৭ কোটি ৮৬ লাখ টাকা থেকে ২১০ কোটি ৮১ লাখ টাকা কমে এদিন লেনদেন দাঁড়িয়েছে ৭০৭ কোটি ৫ লাখ টাকায়।
দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলিয়ে ১৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে; বিপরীতে দাম কমেছে ১৮২টির এবং অপরিবর্তিত ছিল ৫৮টির দর।
শ্রেণিভিত্তিক হিসাবে ১০ শতাংশ বা তার বেশি লভ্যাংশ প্রদানকারী ভালো কোম্পানিগুলোর মধ্যে ৭৩টির শেয়ারদর বেড়েছে, ১০১টির কমেছে এবং ২০টির দর অপরিবর্তিত রয়েছে। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৯টির শেয়ারের দাম বেড়েছে, ২৯টির কমেছে এবং ৬টির অপরিবর্তিত ছিল। লভ্যাংশ না দেওয়ার কারণে ‘জেড’ গ্রুপে থাকা কোম্পানিগুলোর মধ্যে ৪১টির শেয়ারদর বেড়েছে, ৫২টির কমেছে ও ৩২টির অপরিবর্তিত রয়েছে। মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে ২১টির দর বেড়েছে, ৩টির কমেছে এবং ৭টির দাম অপরিবর্তিত রয়েছে।
ডিএসইর লেনদেনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বেক্সিমকো, যার ৪৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা একমি পেস্টিসাইডের ৩৭ কোটি ৭০ লাখ টাকা এবং তৃতীয় স্থানে থাকা মালেক স্পিনিংয়ের ৩৩ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। শীর্ষ দশের বাকি প্রতিষ্ঠানগুলো হলো আইপিডিসি ফাইন্যান্স, ডমিনেজ স্টিল বিল্ডিং, শাহজিবাজার পাওয়ার, সায়হাম টেক্সটাইল, শাহিনপুকুর সিরামিক, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং এবং হাওয়েল টেক্সটাইল।
অন্যদিকে সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৬৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৫২টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ৮৯টির কমেছে ও ২৭টির অপরিবর্তিত রয়েছে। এতে বাজারটির সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৩৮ পয়েন্ট কমেছে এবং মোট লেনদেন হয়েছে ৩১ কোটি ৪৭ লাখ টাকা।


