চাটমোহরে ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে দিনমজুর আব্দুল ওয়াহাবের মৃত্যু

পাবনার চাটমোহর উপজেলায় ধান মাড়াইয়ের সময় শ্যালো ইঞ্জিনচালিত মেশিনের ফিতায় গলার গামছা পেঁচিয়ে আব্দুল ওয়াহাব নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল ওয়াহাব খতবাড়ি দক্ষিণপাড়া গ্রামের বাদশা মোল্লার ছেলে। তিনি ধান মাড়াই ও দিনমজুরির কাজ করে জীবিকা নির্বাহ করতেন বলে জানা গেছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে প্রতিবেশী আব্দুস ছাত্তারের ধান মাড়াইয়ের জন্য মেশিন চালু করতে যান আব্দুল ওয়াহাব। এ সময় মেশিনের ফিতার সঙ্গে তাঁর গলায় থাকা গামছা পেঁচিয়ে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিষয়টি দুঃখজনক।’



