‘ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীতই আসবে’: শেখ হাসিনার ফেরার গুঞ্জন উড়িয়ে দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতির আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার খবর আবারও উড়িয়ে দিয়ে তিনি বলেছেন, ‘ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীতই আসবে, জ্যাকেট কেনেন।’
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনা নিজে থেকে দেশে ফিরবেন না, তাঁকে হস্তান্তর করা হবে।
হুমায়ুন কবির বলেন, ‘ডিসেম্বরে শীত আসবে, বিজয় দিবস আসবে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আর মালদ্বীপের প্রেসিডেন্ট আসবে। শেখ হাসিনা আসবে না; সে মূল্যহীন, অপ্রাসঙ্গিক। তাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে দেশে আসতে হবে, হাতকড়া পরিয়ে তাকে দেশে আনা হবে।’
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরে হুমায়ুন কবির বলেন, ভারতের মুখপাত্রের বক্তব্য মনোযোগ দিয়ে শুনলে বোঝা যায়, সেখানে অপরাধীদের জন্য একটি নীতি এবং সাধারণ নাগরিকদের জন্য আরেকটি নীতি রয়েছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা অপরাধীর শ্রেণিভুক্ত হওয়ায় প্রত্যর্পণের মাধ্যমেই তাঁকে দেশে ফেরাতে হবে। স্বেচ্ছায় তাঁর দেশে ফেরার বিষয় নয়, বরং তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার কারণে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক অস্বস্তিতে রয়েছে। তাঁকে নিয়ে ভারত সরকারও বিপদে ও অস্বস্তিতে রয়েছে।
তাঁর ভাষ্য, ভারতের পক্ষ থেকেও এখন উপলব্ধি করা যাচ্ছে যে একজন সন্ত্রাসীকে নিজেদের ভূখণ্ডে আশ্রয় দেওয়ার চ্যালেঞ্জ ও অসুবিধাগুলো কী।
পশ্চিমবঙ্গের কয়েকজন মন্ত্রীর বাংলাদেশ দখল করে নেওয়ার বক্তব্য প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, পৃথিবীর সব জায়গায় রাজনীতিতে কিছু পাগল থাকে, সব জায়গাতেই এমন মানুষ আছে। তিনি বলেন, বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে।

