…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ডেমরায় চালক হারুনকে অপহরণের পর ট্রলি ব্যাগে মরদেহ: ছয় বছর পর তিন আসামির যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ডেমরায় মাইক্রোবাসচালক হারুনর রশিদ হাওলাদারকে অপহরণের পর হত্যা করে মরদেহ ট্রলি ব্যাগে রাখার ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঘটনার ছয় বছর পর বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এই রায় হলো। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামিদের ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১৬-এর বিচারক নাজমুন নাহার নিপু এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন লিপি আক্তার, মাহবুব খান ও রাজন হাওলাদার। রায় ঘোষণার সময় লিপি ও মাহবুব আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়। রাজন পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার শফি নেওয়াজ নাছির রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জরিমানা অনাদায়ে প্রত্যেক আসামিকে আরও ছয় মাস কারাগারে থাকতে হবে। এ ছাড়া মামলার অন্য একটি ধারায় তাঁদের সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে সব সাজা একসঙ্গে কার্যকর হবে।

মামলার এজাহার অনুযায়ী, নিহত হারুনর রশিদ হাওলাদার পেশায় মাইক্রোবাসচালক ছিলেন। স্ত্রী ও সন্তানদের নিয়ে শ্যামপুরের জুরাইন এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

২০২০ সালের ২৩ নভেম্বর রাতে বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেননি হারুন। পরদিন দুপুরে নিজের মোবাইল ফোন থেকে স্ত্রীর বোনের স্বামী কলিম শিকদারকে ফোন করেন তিনি। জানান, বিপদে পড়েছেন। বিকাশে টাকা পাঠানোর অনুরোধ করেন। হারুনের কথামতো প্রথমে ৩০ হাজার এবং পরে আরও ১৫ হাজার টাকা পাঠান কলিম। টাকা পাঠানোর পর তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এর পরদিন ২৫ নভেম্বর রাতে ডেমরার বামৈল বাঁশেরপুল এলাকায় গোলাম মোস্তফা স্কুল অ্যান্ড কলেজের পাশের ডিএনডি খাল থেকে হারুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। একটি খয়েরি রঙের ট্রলি ব্যাগের ভেতরে ছিল মরদেহটি।

এ ঘটনায় ২০২০ সালের ২৬ নভেম্বর ডেমরা থানায় হত্যা মামলা করেন হারুনের স্ত্রী লিলি বেগম।

মামলাটি তদন্ত করে ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক ২০২২ সালের ৩১ মে লিপি আক্তার, মাহবুব খান ও রাজন হাওলাদারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

২০২৩ সালের ২৭ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। বিচার চলাকালে মামলার ২৩ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য নেন আদালত। সাক্ষ্য-প্রমাণ ও বিচারিক কার্যক্রম শেষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের মামলায় সাবেক এমপি আনারের মেয়ে ডরিন তিন দিনের রিমান্ডে
আইন ও অপরাধ

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের মামলায় সাবেক এমপি আনারের মেয়ে ডরিন তিন দিনের রিমান্ডে

রাজধানীর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন …

বগুড়ার শেরপুরে ভ্যানে অগ্নিসংযোগের মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
আইন ও অপরাধ

বগুড়ার শেরপুরে ভ্যানে অগ্নিসংযোগের মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় করা নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। …

ছাত্রদল নেতা জনিকে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার মামলায় গাজীপুর থেকে গ্রেপ্তার এসপি আবুল কালাম আজাদ
আইন ও অপরাধ

ছাত্রদল নেতা জনিকে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার মামলায় গাজীপুর থেকে গ্রেপ্তার এসপি আবুল কালাম আজাদ

খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার (এসপি) আবুল…

গাজীপুরের শ্রীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপারসহ কয়েকজন আহত, মহাসড়ক অবরোধ
আইন ও অপরাধ

গাজীপুরের শ্রীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপারসহ কয়েকজন আহত, মহাসড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের সময় শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (কা…