ডেমরায় মাইক্রোবাসচালক হারুনুর রশিদকে অপহরণের পর হত্যা: তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

রাজধানীর ডেমরায় মাইক্রোবাসচালক হারুনুর রশিদ হাওলাদারকে অপহরণের পর হত্যার মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে।
দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন লিপি আক্তার, মাহবুব খান ও রাজন হাওলাদার। এ ছাড়া হত্যার পর লাশ গুমের চেষ্টার দায়ে প্রত্যেককে আরও সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১৬-এর বিচারক নাজমুন নাহার নিপু আজ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। আসামিরা জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে প্রত্যেককে আরও ছয় মাস করে কারাভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার শফি নেওয়াজ নাছির জানান, আসামিদের মধ্যে লিপি ও মাহবুব আদালতে উপস্থিত ছিলেন। তাঁদের সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামি রাজন হাওলাদার পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, নিহত হারুনুর রশিদ হাওলাদার মাইক্রোবাস চালাতেন এবং তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে জুরাইনে ভাড়া বাসায় থাকতেন। ২০২০ সালের ২৩ নভেম্বর রাতে বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি।
পরদিন ২৪ নভেম্বর হারুন দুপুরে নিজের মোবাইল থেকে ভায়রা কলিম শিকদারকে ফোন করে বিপদের কথা জানিয়ে বিকাশে টাকা পাঠাতে বলেন। সে অনুযায়ী প্রথমে ৩০ হাজার এবং পরে আরও ১৫ হাজার টাকা পাঠানো হয়। এরপর তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
পরে ২৫ নভেম্বর রাতে ডেমরার বামৈল বাঁশেরপুল এলাকায় একটি স্কুলের পাশে ডিএনডি খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ খয়েরি রঙের একটি ট্রলি ব্যাগে ছিল।
এ ঘটনায় নিহতের স্ত্রী লিলি বেগম ২০২০ সালের ২৬ নভেম্বর ডেমরা থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ২০২২ সালের ৩১ মে তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। ২০২৩ সালের ২৭ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।




