সেঞ্চুরিয়নে ওয়ানডে সিরিজের প্রস্তুতি শুরু বাংলাদেশের, ইয়াসিরের লক্ষ্য সিরিজ জয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে সাদা বলের সিরিজের প্রস্তুতিতে আগেভাগেই মাঠে নেমে পড়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ১ ডিসেম্বর থেকে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ; ওয়ানডে সিরিজের পর তিনটি টি-টোয়েন্টিও খেলবে বাংলাদেশ।
সেঞ্চুরিয়ান টেস্ট আড়াই দিনেই শেষ হয়ে যাওয়ায় দল পেয়েছে বাড়তি দুই দিন। তবে বৃষ্টিতে প্রায় দুই সেশন নষ্ট হওয়ার পরও আড়াই দিনে ইনিংস ব্যবধানে হারের পর সেই সময় ঘুরে বেড়িয়ে কাটানোর সুযোগ ছিল না; পাওয়া সময়টাকে কাজে লাগাতেই সাদা বলের সিরিজে থাকা ক্রিকেটাররা আগেভাগে অনুশীলনে নেমেছেন।
আজ সেঞ্চুরিয়নে দলের অনুশীলন শেষে সাদা বলের সিরিজ নিয়ে কথা বলেছেন ইয়াসির আলী রাব্বি। টেস্ট সিরিজে বাংলাদেশ ভালো করতে না পারলেও ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্যে অবিচল বাংলাদেশ, জানিয়েছেন তিনি।
আজকের অনুশীলনে ছিলেন তানভীর ইসলাম, ইয়াসির আলী রাব্বি, রিশাদ হোসেন ও পারভেজ হোসেন ইমন। তাঁদের সঙ্গে ছিলেন কোচিং প্যানেলের সদস্যরাও।
পারভেজ হোসেন ইমন কাতারে ‘এ’ দলের টুর্নামেন্টের মাঝপথে দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে যোগ দিয়েছেন। রিশাদ হোসেন উড়ে গিয়েছেন বাংলাদেশ থেকে। তানভীর ইসলাম ও ইয়াসির আলীও দলের সঙ্গে যোগ দিয়েছেন।
দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরেছেন ইয়াসির আলী। জাতীয় দলে ফেরার প্রত্যাশা সব সময়ই ছিল তাঁর; এবার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত এই ব্যাটার।
অনুশীলনের ফাঁকে বিসিবির এক বার্তায় ইয়াসির বলেন, ‘আলহামদুলিল্লাহ, অনেক দিন পর ওয়ানডে দলে ডাক পেয়েছি। ভালো লাগছে। সব সময়ই প্রত্যাশা ছিল, আবার জাতীয় দলে ফিরব এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করব।’
দক্ষিণ আফ্রিকার মাটিতে আগের ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতি অনুপ্রেরণা জোগাচ্ছে ইয়াসিরকে। সেই সিরিজে দলের জয়ে অবদান রেখেছিলেন তিনি নিজেও। ইয়াসির বলেন, ‘শেষবার দক্ষিণ আফ্রিকায় এসে আমরা ওয়ানডে সিরিজ জিতেছিলাম। আমিও দলের জন্য অবদান রাখতে পেরেছিলাম। সেটি অবশ্যই অনুপ্রেরণা দেবে। আগের সাফল্য ধরে রাখার চেষ্টা করব।’
দক্ষিণ আফ্রিকার কন্ডিশন বাংলাদেশের জন্য কতটা কঠিন, তা নতুন করে বলার দরকার নেই। তবে আগের সিরিজ জয়ের অভিজ্ঞতা এবার বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে দলকে।
ইয়াসিরের লক্ষ্য পরিষ্কার—দল হিসেবে খেলে সিরিজ জয়। তাঁর ভাষায়, ‘যা চলে গেছে, তা নিয়ে এখন আর ভাবতে চাই না। সামনে ওয়ানডে সিরিজ। আমরা সবাই একসঙ্গে থেকে বাংলাদেশকে জেতানোর চেষ্টা করব। ওয়ানডেতে আমরা ভালো খেলছি, সেটি আমাদের জন্য ইতিবাচক দিক। দলও বেশ ভালো। এবারও সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব, ইনশা আল্লাহ।’




