কায়রোতে ট্যাংকার দুর্ঘটনায় ৩১ জন নিহতের ঘটনায় গাড়িচালক গ্রেপ্তার, ১১০ কিলোমিটার গতির কথা স্বীকার

মিসরের রাজধানী কায়রোর একটি ব্যস্ত মহাসড়কে জ্বালানি ট্যাংকার দুর্ঘটনা ও ভয়াবহ আগুনে ৩১ জন নিহতের ঘটনায় এক গাড়িচালককে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।
পাবলিক প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, ওই চালক স্বীকার করেছেন তিনি পুরোনো শহরকেন্দ্রের উত্তরে রিং রোডের একটি অংশে ঘণ্টায় ১১০ কিলোমিটার (৬৮ মাইল) গতিতে গাড়ি চালাচ্ছিলেন এবং লেন বদলের সময় তাঁর গাড়ির পাশ দিয়ে ট্যাংকারটিকে ঘষা দেন।
এর আগে তদন্তের কাছাকাছি সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছিল, জ্বালানি ট্রাকটির সামনে একটি উচ্চ-ভোল্টেজের তার পড়ে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারান।
বুধবার সন্ধ্যায় ওয়াররাক এলাকায় এই দুর্ঘটনায় আরও ২১ জন আহত হন। হাসপাতালে তাঁদের পোড়া ক্ষত ও ধোঁয়ায় শ্বাসকষ্টের চিকিৎসা দেওয়া হচ্ছে।
পাবলিক প্রসিকিউটরের কার্যালয় বৃহস্পতিবার জানায়, জিজ্ঞাসাবাদে তদন্তের ফলাফলের মুখোমুখি করা হলে সন্দেহভাজন ব্যক্তি ঘটনাটি ঘটানোর কথা স্বীকার করেছেন। তিনি বলেন, যানবাহন অতিক্রম করে লেন বদলের সময় তাঁর গাড়ির বাম পাশ ট্যাংকারের ডান পেছনের অংশে ধাক্কা খায়। এতে তিনি স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ হারান এবং তাঁর গাড়ি রাস্তার একেবারে ডানদিকে সরে যায়।
একই সময়ে জ্বালানি ট্যাংকারের একটি টায়ার ফেটে যায়, ট্যাংকারটি মহাসড়কের মাঝখানের বিভাজকের দিকে সরে গিয়ে কংক্রিটের বাধায় ধাক্কা খেয়ে উল্টে যায়, জ্বালানি ছড়িয়ে পড়ে এবং আগুন ধরে যায় বলে প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে।
মিসরীয় কর্তৃপক্ষ মারাত্মক এই দুর্ঘটনার জন্য অভিযুক্ত সন্দেহভাজন ব্যক্তির নাম জানায়নি, তবে বলেছে ঘটনার সময় তিনি তাঁর বাবার সঙ্গে যাচ্ছিলেন।
মিসরের রাজধানীর চারপাশের যান চলাচলের প্রধান ধমনি এই উঁচু মহাসড়কটি দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর জরুরি সেবা বিভাগ আবার খুলে দেয়। পুড়ে যাওয়া গাড়িগুলোর ধ্বংসাবশেষ বুলডোজার ও খননযন্ত্র দিয়ে পাশে সরিয়ে নেওয়া হয়।
বৃহস্পতিবার একজন মন্ত্রিপরিষদ মন্ত্রী বলেন, নিহতদের পরিবারের জন্য ১ কোটি মিসরীয় পাউন্ড (১ লাখ ৩৯ হাজার পাউন্ড; ১ লাখ ৮২ হাজার ডলার) অনুদান দেওয়া হয়েছে। দেশটির ক্রীড়ামন্ত্রী বলেন, দুর্ঘটনার পর রাষ্ট্র পরিচালিত সব উদ্যাপনমূলক কার্যক্রম বাতিল করা হবে।
মিসরে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি মারাত্মক অগ্নিকাণ্ড ঘটেছে। দুর্বল রক্ষণাবেক্ষণ ও ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে সড়ক দুর্ঘটনাও সেখানে সাধারণ ঘটনা, যাতে প্রতিবছর হাজার হাজার মানুষের মৃত্যু হয়।


