নরসিংদীর পলাশে কলাবাগানে গণপিটুনিতে জেল পলাতক আসামি জালাল নিহত, পাঁচ মামলায় ছিল পরোয়ানা

নরসিংদীর পলাশ উপজেলায় এক জেল পলাতক আসামির মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, এলাকার ক্ষুব্ধ মানুষের গণপিটুনিতে ঘটনাস্থলেই প্রাণ গেছে তাঁর।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. জালাল (৪৫)। তিনি উপজেলার নোয়াকান্দা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।
জালালের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তিনি নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া আসামি ছিলেন। পুলিশ জানিয়েছে, জুলাই আন্দোলনের সময় তিনি কারাগার থেকে পালিয়ে গিয়েছিলেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, ডাকাতিসহ একাধিক মামলার আসামি জালাল দীর্ঘদিন ধরে এলাকাছাড়া ছিলেন। তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাঝেমধ্যে তিনি এলাকায় যাতায়াত করতেন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গজারিয়া গ্রামের নূর উদ্দিনের কলাবাগানে তাঁকে দেখতে পান স্থানীয় লোকজন। এ সময় উত্তেজিত জনতা তাঁকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।




