একই দিনে দ্বিতীয়বার কুষ্টিয়া জেলা কারাগারের কোয়ার্টারে বোমা বিস্ফোরণ, হতাহত নেই
কুষ্টিয়া জেলা কারাগারে একই দিনে দ্বিতীয় দফায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এবার কারাগারের আবাসিক কোয়ার্টার লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
কারা কর্তৃপক্ষ ও পুলিশ জানিয়েছে, জেলখানা মোড় থেকে কালিশংকরপুর কদমতলা মোড়গামী সড়কের বাম পাশে অবস্থিত কুষ্টিয়া জেলা কারাগারের সীমানার ভেতরে আবাসিক কোয়ার্টারের দিকে বোমাটি নিক্ষেপ করা হয়। এতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতিও হয়নি বলে কারা কর্তৃপক্ষ ও পুলিশ জানিয়েছে।
এর আগে একই দিন ভোর ৪টা ৫৮ মিনিটের দিকে তিনজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে কারাগারের মূল ফটক লক্ষ্য করে একটি বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেলা কারাগারের সুপার শরিফুল আলম জানান, বিকেলে বিকট শব্দ শুনে খোঁজখবর নেওয়া হয়। পরে দেখা যায়, কালিশংকরপুর মোড়ের দিকে কারাগারের আবাসিক কোয়ার্টারের টিনের ওপর বিস্ফোরণ ঘটেছে।
শরিফুল আলম বলেন, গাছের পাতা ও ডালপালার সঙ্গে বিস্ফোরণ হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে টেপ দিয়ে মোড়ানো একটি বস্তু প্লাস্টিকের বস্তাসহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, গাছের ডালপালা ও পাতার সঙ্গে বিস্ফোরণ হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ওসি জাকির হোসেন বলেন, এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।
একই দিনে দুই দফায় কুষ্টিয়া জেলা কারাগারে বোমা বিস্ফোরণের ঘটনায় কারাগারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।




