স্বীকারোক্তির বাইরেও ওয়াটারবোর্ডিং করেছিল সিআইএ, নিউইয়র্ক টাইমসের হাতে আসা নথিতে নতুন তথ্য
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ পূর্বে স্বীকার করা সংখ্যার চেয়ে বেশি মানুষকে ওয়াটারবোর্ডিং নির্যাতন করে থাকতে পারে বলে নিউইয়র্ক টাইমস জানিয়েছে। বুধবার প্রকাশিত প্রতিবেদনে পত্রিকাটি বলেছে, বিশেষ প্রসিকিউটর জন ডারহামের সংগ্রহ করা নথি থেকে নতুন এই তথ্য পাওয়া গেছে।
সিআইএর কর্মকাণ্ড তদন্তে ২০০৮ সালে বিশেষ প্রসিকিউটর হিসেবে জন ডারহামকে নিয়োগ দেওয়া হয়েছিল। তার তদন্ত কোনো ফৌজদারি অভিযোগ ছাড়াই শেষ হয়। তবে নিউইয়র্ক টাইমস মামলা করে ডারহামের সংগ্রহ করা উপাদান পাওয়ার চেষ্টা করে এবং তার তদন্তের আংশিক সম্পাদিত নথি হাতে পায়।
ওই নথির মধ্যে রয়েছে ২০১২ সালে এক দোভাষীর সঙ্গে সাক্ষাৎকারের সারসংক্ষেপ, যেখানে তিনি আগে নিশ্চিত না হওয়া একটি ওয়াটারবোর্ডিংয়ের ঘটনা বর্ণনা করেছেন।
ওয়াটারবোর্ডিং হলো কাউকে আটকে রেখে কাপড়ের ওপর দিয়ে মুখে পানি ঢেলে ডুবে যাওয়ার অনুভূতি তৈরি করা। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর সিআইএ এই পদ্ধতিকে ‘উন্নত জিজ্ঞাসাবাদ কৌশল’ বলে অভিহিত করেছিল। তথাকথিত ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে’ সংস্থাটি সন্দেহভাজনদের বিদেশের গোপন কারাগারে, ‘ব্ল্যাক সাইট’ নামে পরিচিত স্থানে, পাঠিয়ে গোপনে নির্যাতন করত, যার মধ্যে ওয়াটারবোর্ডিংও ছিল।
বছরের পর বছর এই চর্চা তদন্তের বাইরে ছিল; শেষ পর্যন্ত ২০০৯ সালের একটি নির্বাহী আদেশে ওয়াটারবোর্ডিং চালিয়ে যাওয়া নিষিদ্ধ হয়। কংগ্রেসও এ বিষয়ে বিধিনিষেধ পাস করেছে।
কিন্তু অধিকার গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরেই সন্দেহ করে আসছে, সিআইএর স্বীকারোক্তির চেয়ে এই নির্যাতন অনেক বেশি ব্যাপক ছিল। সংস্থাটি এর আগে তিনজন বন্দিকে ওয়াটারবোর্ডিং করার কথা স্বীকার করেছিল।
নিউইয়র্ক টাইমসের হাতে আসা নথি অনুযায়ী, সিআইএর সঙ্গে কাজ করা একজন চুক্তিভিত্তিক অনুবাদক আরও একটি ওয়াটারবোর্ডিংয়ের ঘটনা দেখেছিলেন। নথিতে অনুবাদক কোথায় কাজ করতেন তা উল্লেখ নেই, তবে পত্রিকাটি বলেছে, স্থানটি সম্ভবত আফগানিস্তানের রাজধানী কাবুলের উপকণ্ঠে বাগরাম বিমানঘাঁটির বাইরের একটি ব্ল্যাক সাইট ছিল।
পত্রিকাটি জানিয়েছে, অনুবাদক এমন এক বন্দির মৃত্যুর কথা উল্লেখ করেছেন, যা ডিটেনশন সাইট কোবাল্ট বা ‘সল্ট পিট’ নামে পরিচিত একটি কেন্দ্রের সঙ্গে মিলে যায়; কেন্দ্রটি নির্যাতনমূলক পরিবেশের জন্য কুখ্যাত হয়ে উঠেছিল।
ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) সঙ্গে সাক্ষাৎকারে অনুবাদক বলেছেন, তিনি ‘বশির’ নামে পরিচিত এক ব্যক্তিকে এই নির্যাতনের শিকার হতে দেখেছেন। তিনি বশিরকে ‘বোর্ডের ওপর শুয়ে থাকা অবস্থায়, বোর্ডের মাথা পানির দিকে নিচে হেলানো’ বলে বর্ণনা করেছেন।
নথিতে অনুবাদকের বক্তব্যের সারসংক্ষেপে বলা হয়েছে, ‘প্রায় তিন থেকে চারজন লোক “এটি করছিল”।’ এফবিআইয়ের সারসংক্ষেপে বলা হয়েছে, অনুবাদক ‘যাওয়ার পথে ঘটনাটি দেখেছিলেন, কিন্তু নিজে অংশ নেননি’। ঘটনাটি একটি করিডরে ঘটেছিল বলে অভিযোগ রয়েছে।
আল জাজিরার মন্তব্যের অনুরোধে সিআইএ এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত সাড়া দেয়নি। সংস্থাটি আফগানিস্তানের কোনো কেন্দ্রে বন্দিদের ওয়াটারবোর্ডিং করার কথাও স্বীকার করেনি। যে তিন বন্দির ওপর নির্যাতনের কথা তারা স্বীকার করেছে, তারা থাইল্যান্ড ও পোল্যান্ডের ব্ল্যাক সাইটে ছিলেন।
তাদের একজন আবু জুবায়দাহ, সিআইএর ব্ল্যাক সাইট কারাগারে রাখা প্রথম বন্দি, যার অবস্থান ছিল থাইল্যান্ডে। মার্কিন গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র সরকার বছরের পর বছর তাকে ভুলভাবে আল-কায়েদার সর্বোচ্চ পর্যায়ের সদস্যদের একজন হিসেবে চিত্রিত করেছিল, অথচ তিনি ওই সংগঠনের সদস্য ছিলেন না। সিনেট গোয়েন্দা কমিটির ২০১৪ সালের প্রতিবেদনে দেখা গেছে, জুবায়দাহকে ৮৩ বার ওয়াটারবোর্ডিং করা হয়েছিল, কখনো কখনো নির্যাতনের পদ্ধতি শেখানোর উপায় হিসেবে।
আরেকজন খালিদ শেখ মোহাম্মদ, যার বিরুদ্ধে ১১ সেপ্টেম্বরের হামলার মূল পরিকল্পনাকারী হওয়ার অভিযোগ রয়েছে। তৃতীয়জন আবদ আল-রহিম আল-নাশিরি, যার বিরুদ্ধে ২০০০ সালে নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইউএসএস কোলে আল-কায়েদার বোমা হামলার পরিকল্পনায় সহায়তার অভিযোগ রয়েছে। তিনজনই বর্তমানে কিউবার গুয়ানতানামো বে সামরিক কারাগারে বন্দি আছেন।




