বরিশালের মুলাদীতে মিয়ারচর খালের কঙ্কালসার সেতু দিয়ে ঝুঁকি নিয়ে পার হচ্ছে শিক্ষার্থীরা

বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মিয়ারচর খালের ওপর নির্মিত লোহার সেতুটি প্রায় তিন বছর ধরে কঙ্কালসার অবস্থায় রয়েছে। সেতুটির কংক্রিটের মেঝের প্রায় পুরোটা ভেঙে পড়ে গেছে, টিকে আছে শুধু লোহার কাঠামো। এই ঝুঁকিপূর্ণ সেতু দিয়েই প্রাণ হাতে নিয়ে খাল পার হচ্ছে শিক্ষার্থীসহ বহু মানুষ।
নাজিরপুর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ইউনিয়ন পরিষদের অর্থায়নে মিয়ারচর খালের ওপর লোহার সেতুটি নির্মাণ করা হয়। স্রোতের তোড়ে তিন-চার বছর আগে সেতুর খুঁটি দেবে গিয়ে মেঝেতে ভাঙনের সৃষ্টি হয়। এর ফলে মিয়ারচর গ্রামের সঙ্গে অপর পাড়ের মানুষের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
মিয়ারচর গ্রামটি মুলাদী ও গৌরনদী উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত, আর খালটি আড়িয়াল খাঁ নদ থেকে উৎপন্ন। ভাঙা সেতুটি দিয়ে প্রতিদিন নাজিরপুর ইউনাইটেড ডিগ্রি কলেজ, মিয়ারচর মাধ্যমিক বিদ্যালয়, মিয়ারচর প্রাথমিক বিদ্যালয়, মিয়ারচর দাখিল মাদ্রাসা ও নুরানি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা যাতায়াত করে।
স্থানীয়দের ভাষ্য, মেঝেবিহীন এই সেতু দিয়ে শিশু শিক্ষার্থীদের পারাপার সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সেতুতে মেঝে না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে; সরু লোহার কাঠামো দিয়ে পার হতে গিয়ে পা পিছলে পড়ে শিশুরা আহত হয়।
গত বর্ষা মৌসুমে পিছলে পড়ে মিয়ারচর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র রবিন হোসেন ও জুনায়েদ সিদ্দিকীসহ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছিল। বৃষ্টি হলে অনেক সময় অভিভাবকেরা শিশুদের হাত ধরে সেতু পার করে দেন।
স্থানীয় বাসিন্দা রাসেল মুক্তাদির বলেন, দীর্ঘদিন ধরে সেতুটি ভাঙা অবস্থায় পড়ে আছে। লোহার কাঠামো আর ভাঙা মেঝেতে অত্যন্ত সাবধানে পা ফেলে সেতু পার হতে হচ্ছে। তিনি নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার পাশাপাশি খাল পারাপারের দ্রুত একটি অস্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মিয়ারচর গ্রামের আলী আশ্রাফ ব্যাপারী জানান, সেতুটি নির্মাণের কয়েক বছরের মধ্যে খুঁটি দেবে যায়, পরে কংক্রিটের মেঝে খসে পড়তে শুরু করে। সেতুটি নতুন করে নির্মাণের উদ্যোগ নিয়ে ভাঙা শুরু হয়েছিল, কিন্তু পরে কাজ থেমে যাওয়ায় ভোগান্তি আরও বেড়েছে।
নাজিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল খান বলেন, সেতুটি উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। আগে এটি সংস্কারের চেষ্টা করা হয়েছিল, কিন্তু বরাদ্দ না থাকায় তা সম্ভব হয়নি।
নাজিরপুর ইউনিয়নের প্রশাসক ও মুলাদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, সেতুটি ভেঙে সংস্কারের সিদ্ধান্ত হয়েছে। অর্থ বরাদ্দ পেলে দ্রুত কাজ সম্পন্ন করা হবে।
মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম সরওয়ার বলেন, মিয়ারচর সেতুটি সংস্কারের জন্য স্থানীয়রা আবেদন করেছেন। শিগগির সেতুটি সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।



