কানাডার লেক লুইসে পাতলা বরফ ভেঙে স্কেটারের মৃত্যু, ‘দুবার ভাবুন’ সতর্কতা

কানাডার আলবার্টার ব্যানফের ৭০ বছর বয়সী এক বাসিন্দা লেক লুইসে বরফ ভেঙে পড়ে মারা গেছেন। স্বাভাবিকের চেয়ে উষ্ণ নভেম্বরের মধ্যে এ ঘটনায় বাইরে ঘোরার নিরাপত্তা নিয়ে সতর্কতা জারি হয়েছে।
পুলিশ জানিয়েছে, নাম প্রকাশ না করা ওই ব্যক্তি মঙ্গলবার সন্ধ্যায় একা আইস স্কেটিং করছিলেন, তখন তিনি পাতলা বরফ ভেঙে পড়ে যান। দুই ঘণ্টা পর উদ্ধারকারী দল তাঁকে খুঁজে পায় এবং কাছের হাসপাতালে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়।
এর আগে সোমবার আরও দুজন স্কেটার একই হ্রদের বরফশীতল পানিতে পড়ে গিয়েছিলেন, তবে দুজনই বেঁচে যান। একই হ্রদে পরপর তিনটি ঘটনা ঘটল।
কানাডার পার্ক কর্তৃপক্ষ বিশ্বখ্যাত ব্যানফ ন্যাশনাল পার্কে আসা দর্শনার্থীদের বরফে পা রাখার আগে ‘দুবার ভাবতে’ সতর্ক করেছে।
সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পার্কস কানাডা বলেছে, ‘দর্শনার্থীদের পানিতে পড়ে গেলে নিজে নিজে উদ্ধার পাওয়ার সামর্থ্য থাকতে হবে।’ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘প্রাকৃতিক বরফে স্কেট করতে চাইলে তা নিজের ঝুঁকিতেই করতে হবে।’
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ এক বিবৃতিতে ৭০ বছর বয়সী ওই ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং বরফে থাকার বিপদ সম্পর্কে জনসাধারণকে সতর্ক করেছে।
পার্কস কানাডা জানিয়েছে, মৌসুমের শুরুর বরফ অনিশ্চিত হতে পারে; কর্তৃপক্ষ প্রাকৃতিক বরফের নিরাপত্তা সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করে না বা সম্ভাব্য বিপদ চিহ্নিত করে না।
ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন আলবার্টাসহ কানাডার তাপমাত্রা বছরের এই সময়ের গড়ের চেয়ে বেশি। কানাডার সবচেয়ে বড় শহর টরন্টোতে এই মাসে অস্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস (৫৯ ডিগ্রি ফারেনহাইট) রেকর্ড হয়েছে।
এনভায়রনমেন্ট কানাডার আবহাওয়াবিদ অ্যালিসা পেডারসন বিবিসিকে বলেছেন, আলবার্টায় তাপমাত্রা নভেম্বরে ঐতিহাসিকভাবে দেখা তাপমাত্রার চেয়ে প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস বেশি। গড়ে নভেম্বরে বেশ কয়েক দিন তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রির নিচে নামে, কিন্তু এ বছর সবচেয়ে ঠান্ডা নভেম্বরের দিনটি ছিল মাইনাস ৬ ডিগ্রি।
পেডারসন বলেন, ‘তাপমাত্রা সত্যিই ততটা না নামলে বরফ জমাট বাঁধা কঠিন হয়ে যাবে।’ এনভায়রনমেন্ট কানাডার মৌসুমি পূর্বাভাস বলছে, ভ্যাঙ্কুভার থেকে হ্যালিফ্যাক্স পর্যন্ত কানাডার বড় অংশে এ বছর গড়ের চেয়ে উষ্ণ শীত থাকার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসের একটি কারণ এল নিনো—প্রশান্ত মহাসাগরের ওপর বাতাসের ধরন বদলে বায়ুমণ্ডলে তাপ ছড়িয়ে পড়ার এই আবহাওয়া-প্রপঞ্চ বড় ধরনের আবহাওয়া পরিবর্তন ঘটাতে পারে। পেডারসন বলেন, ‘আমরা এখন খুব শক্তিশালী এল নিনো পরিস্থিতির মধ্যে আছি, আগামী কয়েক মাসে তা শীর্ষে পৌঁছে রেকর্ড ভাঙতেও পারে।’
শীতের বাইরের কর্মকাণ্ডে আগ্রহীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে পেডারসন বলেন, উষ্ণ আবহাওয়া শুধু পাতলা বরফই নয়, তুষারধসের ঝুঁকিও বাড়াতে পারে। ব্যানফে বরফ ভেঙে পড়া সব সময়ই ঝুঁকি হলেও পরপর ঘটনাগুলো তাঁর কাছে বিস্ময়কর ও ‘দুর্ভাগ্যজনক’ বলে তিনি মন্তব্য করেন।




