…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ঢাকার আবাসনের চাপ কমাতে কেরানীগঞ্জে তিন হাজার একরে সেকেন্ডারি সিটি গড়ার পরিকল্পনা সরকারের

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে জনসংখ্যা ও আবাসনের চাপ কমাতে কেরানীগঞ্জে তিন হাজার একর জমিতে সেকেন্ডারি সিটি গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। রাজধানীর পাশে নাগরিক সুবিধাসম্পন্ন পরিকল্পিত জনবসতি গড়ে তোলাই এই সেকেন্ডারি সিটির মূল লক্ষ্য। এর মাধ্যমে ঢাকার মূল নগর এলাকার বাইরে বসবাসের বিকল্প সুযোগ তৈরি হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীর সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা রেখে নতুন আবাসিক এলাকা গড়ে উঠলে কেন্দ্রীয় এলাকার ওপর আবাসনের চাপ কিছুটা কমবে। একই সঙ্গে ঢাকার প্রান্তে অপরিকল্পিত নগরায়ণের পরিবর্তে পরিকল্পিতভাবে বসবাসের সুযোগ তৈরি হবে। রাজধানীর ওপর চাপ কমাতে কেরানীগঞ্জের পাশাপাশি ধামরাইয়েও সেকেন্ডারি সিটি গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (জাগৃক) সচিব মনদীপ ঘরাই বলেন, কেরানীগঞ্জে প্রস্তাবিত ঢাকা ওয়েস্টার্ন বাইপাসসংলগ্ন এলাকায় সেকেন্ডারি সিটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। কলাতিয়া ও তারানগরসহ আশপাশের এলাকায় প্রকল্পের জন্য স্থান চিহ্নিত করা হয়েছে।

প্রস্তাবিত স্থানটি ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার কলাতিয়া, বটতলি, তারানগর, বেউতা, বাড়িলগাঁও, বরইকান্দি এবং দক্ষিণ ও উত্তর বাহেরচরে অবস্থিত। এলাকাটি ঢাকার বসিলা সেতু থেকে প্রায় আড়াই কিলোমিটার পশ্চিমে, ঢাকা-আরিচা মহাসড়ক থেকে প্রায় ছয় কিলোমিটার দক্ষিণে এবং কলাতিয়া বাজার থেকে দেড় কিলোমিটার উত্তর-পূর্বে। প্রকল্প স্থানের প্রায় আড়াই কিলোমিটার পূর্বে বুড়িগঙ্গা নদী এবং দুই কিলোমিটার পশ্চিমে ধলেশ্বরী নদী প্রবাহিত হচ্ছে। স্থানটির অল্প কিছু অংশে (প্রায় ৫ থেকে ৮ শতাংশ) বসতবাড়ি থাকলেও বাকি অংশ এক ফসলি জমি হিসেবে ব্যবহৃত হয় এবং এসব ফসলি মাঠে বিভিন্ন আবাসন কোম্পানির বিলবোর্ড পাওয়া গেছে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাইট সিলেকশন কমিটি চলতি বছরের ১৬ এপ্রিল প্রস্তাবিত স্থানটি সরেজমিনে পরিদর্শন করে। জাগৃক থেকে পাওয়া নথিপত্র অনুযায়ী, বর্তমান সরকারের অগ্রাধিকারভিত্তিক ১৮০ দিনের কর্মপরিকল্পনায় কেরানীগঞ্জ উপজেলায় সড়ক ও জনপথের প্রস্তাবিত ওয়েস্টার্ন বাইপাসসংলগ্ন এলাকায় সেকেন্ডারি সিটি নির্মাণ শীর্ষক প্রকল্পের সম্ভাব্যতা যাচাই প্রকল্প গ্রহণ করা হয়েছে।

মনদীপ ঘরাই বলেন, রাজধানীর সঙ্গে নতুন শহরের যোগাযোগ ব্যবস্থাকে পরিকল্পনায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ঢাকা ওয়েস্টার্ন বাইপাসের সঙ্গে সামঞ্জস্য রেখে সাভারের আমিনবাজার ও ঢাকার বসিলার দিকে দুটি প্রধান প্রবেশ সড়ক রাখার প্রস্তাব রয়েছে। প্রকল্পের পশ্চিম ও দক্ষিণ পাশে রয়েছে ডিটিসিএর আওতাধীন প্রস্তাবিত ঢাকা ওয়েস্টার্ন বাইপাস সড়ক, যার মাধ্যমে সাভারের আমিনবাজার থেকে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে ঢাকা-মাওয়া মহাসড়ক ও মোহাম্মদপুরের যাতায়াত ব্যবস্থার উন্নয়ন হবে। সেকেন্ডারি সিটির সব সুবিধা নিশ্চিত করতে কমপক্ষে তিন হাজার একরের প্রকল্প গ্রহণ করা প্রয়োজন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

প্রকল্পটি এখন পরিকল্পনার পর্যায়ে রয়েছে উল্লেখ করে মনদীপ ঘরাই আরও জানান, সম্ভাব্যতা যাচাই ও মহাপরিকল্পনার মাধ্যমে প্রকল্পের বিস্তারিত নির্ধারণ করা হবে। মোট আবাসনসংখ্যা, নির্মাণব্যয় ও বাস্তবায়নের সময়সীমা এখনো চূড়ান্ত হয়নি।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম বলেন, ‘রাজধানীর আবাসনের চাপ কমাতে আশপাশে নাগরিক সুবিধাসম্পন্ন পরিকল্পিত জনবসতি গড়ে তোলার ওপর আমরা গুরুত্ব দিচ্ছি। পাশাপাশি নিম্ন আয়ের মানুষ যেন সাশ্রয়ী ভাড়ায় উন্নত পরিবেশে বসবাস করতে পারেন, সে লক্ষ্যেও আবাসন প্রকল্পের পরিকল্পনা রয়েছে।’

তিনি আরও বলেন, সেকেন্ডারি সিটির পাশাপাশি নিম্ন আয়ের মানুষের আবাসনের চাহিদা মেটাতে টঙ্গীতে পৃথক উদ্যোগ নেওয়া হচ্ছে। সেখানে ফ্ল্যাট কেনার পরিবর্তে মাসিক ভাড়ায় বসবাসের সুযোগ রাখা হচ্ছে, ফলে এককালীন বড় অঙ্কের অর্থ ব্যয় ছাড়াই এসব পরিবারের পরিকল্পিত আবাসনে থাকার সুযোগ তৈরি হবে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপবিভাগীয় প্রকৌশলী আব্দুল্লাহ হিল বাকী বলেন, ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যার বিপুল আবাসন চাহিদার পরিপ্রেক্ষিতে সরকারের ফাইভ ইয়ার স্ট্রাটেজিক প্ল্যানের সঙ্গে সামঞ্জস্য রেখে ঢাকার সন্নিকটে কেরানীগঞ্জ উপজেলায় সেকেন্ডারি সিটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্ভাব্যতা সমীক্ষার সিদ্ধান্ত ও সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, সম্ভাব্য সব নাগরিক সুবিধাসহ সর্বস্তরের জনগণের জন্য নিরাপদ কমিউনিটি গড়ে তোলার প্রয়োজনীয় প্রকল্প প্রস্তাবনা তৈরি করা হচ্ছে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ আরও জানায়, স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে তাদের ১৫টি প্রকল্প চলমান রয়েছে, যার আওতায় ৬ হাজার ২১৫টি ফ্ল্যাট নির্মাণ ও ৫৩১টি প্লট উন্নয়নের কাজ চলছে। প্রকল্পগুলোর দুটি সরকারি ও ১৩টি নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে এবং নতুন ৯টি প্রকল্পের প্রসপেক্টাস বরাদ্দের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ ছাড়া দেশের ৮ বিভাগের ৩৮টি জেলা ও ৮টি উপজেলায় কর্তৃপক্ষের ৬৬টি হাউজিং এস্টেট রয়েছে; এ পর্যন্ত ৫৩টি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ৬ হাজার ২৪টি প্লট উন্নয়ন ও ৬ হাজার ৫৭৬টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিকল্পিত আবাসনে বহুতল ভবনের পাশাপাশি ভূমিকম্পসহনশীল ভবন, পরিকল্পিত ড্রেনেজ, জলাধার, সবুজ পার্ক, খেলার মাঠ, কমিউনিটি স্পেস ও সুপেয় পানির ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। জমির সুষ্ঠু ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ প্রকল্পের সুবিধার্থে ল্যান্ড ব্যাংক তৈরির লক্ষ্যে তথ্য ও সংশ্লিষ্ট গেজেট সংগ্রহের কাজও চলছে। কর্তৃপক্ষের মতে, মোহাম্মদপুরের পার্শ্ববর্তী এই স্থানটি সেকেন্ডারি সিটি প্রকল্পের জন্য উপযোগী এবং এর মাধ্যমে এলাকায় শুরু হওয়া অপরিকল্পিত নগরায়ণে ঝুঁকিপূর্ণ বিনিয়োগের পরিবর্তে সরকারি প্লট প্রকল্পে জনসাধারণের বিনিয়োগ নিশ্চিত হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

দুই জাপানি শিশুর হেফাজত: এক মেয়ে জাপানে মায়ের কাছে, অন্যজন ঢাকায় বাবার কাছে, আপিল নিষ্পত্তির অপেক্ষায়
জাতীয়

দুই জাপানি শিশুর হেফাজত: এক মেয়ে জাপানে মায়ের কাছে, অন্যজন ঢাকায় বাবার কাছে, আপিল নিষ্পত্তির অপেক্ষায়

পাঁচ বছরের বেশি সময় আগে বাবার সঙ্গে জাপান থেকে বাংলাদেশে এসেছিল দুই শিশু। তাদের হেফাজত নিয়ে মা-বাবার আইনি লড়াই পেরিয়েছে নানা ধাপ। দুই বোনের মধ্যে …

জাতীয়

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় রাজধানী ঢাকাসহ দেশের ছয় জেলায় ১১৩ …

জাতীয়

বাংলাদেশ–ডেনমার্ক অংশীদারিত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি, ঢাকায় বৈঠকে বাণিজ্য-জলবায়ু-রোহিঙ্গা আলোচনা

ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক অংশীদারিত্ব বিষয়ক স্টেট সেক্রেটারি এলসেবেথ সন্ডারগার্ড ক্রোন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ…

জাতীয়

চট্টগ্রামে কোস্ট গার্ড–যুক্তরাষ্ট্রের যৌথ প্রশিক্ষণ ‘গার্ডিয়ান শার্ক-১’ সম্পন্ন, অংশ নিলেন ১৪ প্রশিক্ষণার্থী

বাংলাদেশ কোস্ট গার্ডের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং দুর্যোগকালীন জরুরি উদ্ধার কার্যক্রমে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে চট্টগ্রামে ‘এক্সারসাইজ গার্ডিয়ান শা…