ব্যাট হাতে বোলারদের সবচেয়ে প্রিয়দের তালিকায় দুই বাংলাদেশি: ৩৩ ইনিংসে খালেদের রান মাত্র ৬০, গড় ২.৫০

ব্যাটসম্যানদের কাজ রান করা, বোলারদের কাজ উইকেট নেওয়া। কিন্তু কিছু ক্রিকেটার আছেন, যাঁদের কাছে ব্যাট হাতে নামাটাই যেন একটা পরীক্ষা। টেস্ট ক্রিকেটারদের এমনই এক অনাকাঙ্ক্ষিত তালিকায় আছে বাংলাদেশি ক্রিকেটারদের নাম।
টেস্টে প্রথম ৩৩ ইনিংসের পর সর্বনিম্ন ব্যাটিং গড়ের শীর্ষে আছেন খালেদ আহমেদ, আর একই তালিকায় আছেন ইবাদত হোসেনও। অন্যদিকে অন্তত ৩৩ ইনিংস ব্যাট করেছেন এমন ক্রিকেটারদের পুরো ক্যারিয়ারের গড় বিবেচনায় সর্বনিম্ন গড়ের তালিকায় খালেদের সঙ্গে আছেন মনজুরুল ইসলামের নাম। এই তালিকাগুলোর বিশেষত্ব হলো, এঁরা সবাই মূলত বোলার; ব্যাটিং তাঁদের মূল দায়িত্ব নয়, কিন্তু টেস্টে দলের প্রয়োজনে ব্যাট হাতে নামতে হয়।
সদ্য সমাপ্ত বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সেঞ্চুরিয়ন টেস্টে খেলা খালেদের কথাই ধরা যাক। ২০১৮ সালে টেস্ট ক্রিকেটে পা রাখলেও দলে থিতু হতে পারেননি তিনি। আসা-যাওয়ার মাঝে গত আট বছরে খেলেছেন মোট ১৯টি টেস্ট।
এর মধ্যে ৩৩ ইনিংসে ব্যাট করতে নেমে খালেদের রান মাত্র ৬০, প্রতি ইনিংসে দুইয়েরও কম। কয়েকটি ইনিংসে অপরাজিত থাকায় গড়ের হিসাবে কিছুটা সুবিধা পেলেও তাঁর গড় মাত্র ২.৫০। টেস্ট ক্যারিয়ারের প্রথম ৩৩ ইনিংস শেষে এটিই সবার চেয়ে কম গড়।
শূন্যের হিসাবেও খালেদের অবস্থা বোঝা যায়। ৩৩ ইনিংসের ১৭টিতেই তিনি আউট হয়েছেন শূন্য রানে, আর পাঁচবার মাঠ ছেড়েছেন শূন্য রানে অপরাজিত থেকে। একই টেস্টের দুই ইনিংসেই শূন্য রানে আউট হওয়ার ঘটনা, অর্থাৎ 'পেয়ার', ঘটেছে চারবার। টেস্টের দেড় শ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি পেয়ারের তালিকায় এটি দ্বিতীয় সর্বোচ্চ।
সবচেয়ে বেশি সাতবার পেয়ার হওয়ার রেকর্ড নিউজিল্যান্ডের ক্রিস মার্টিনের। ২০১৩ সালে সর্বশেষ টেস্ট খেলা এই পেসার ক্যারিয়ারে খেলেছেন ৭১টি টেস্ট, ১০৪ ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন ৩৬ বার। খালেদ মাত্র ৩৩ ইনিংসেই ১৭ বার শূন্য রানে আউট হয়েছেন, ইনিংসের সংখ্যা মার্টিনের এক-তৃতীয়াংশেরও কম হলেও ডাকের সংখ্যা তাঁর প্রায় অর্ধেক।
সব টেস্ট ক্রিকেটারের ক্যারিয়ার ব্যাটিং গড় বিবেচনায় খালেদের ২.৫০ দ্বিতীয় সর্বনিম্ন। এক নম্বরে আছেন ওই মার্টিনই, ৭১ টেস্টে ১২৩ রান নিয়ে যাঁর ব্যাটিং গড় ২.৩৬।
খালেদের মতো দুরবস্থা তাঁর সতীর্থ ইবাদত হোসেনেরও। প্রথম ৩৩ টেস্ট ইনিংসে তাঁর ব্যাটিং গড় ছিল ৩.৩১, এই তালিকায় তাঁর অবস্থান যৌথভাবে চতুর্থ। ইবাদত একটা জায়গায় সান্ত্বনা খুঁজতেই পারেন, তাঁর চেয়েও কম গড় নিয়ে তালিকায় আছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা। ১২৪ টেস্ট খেলা এই ডানহাতি পেসারের প্রথম ৩৩ ইনিংসের গড় ছিল মাত্র ৩.২৮, যদিও পরে ব্যাটিংয়ে কিছুটা উন্নতি করে তিনি ক্যারিয়ার গড় ৭.৩৬-এ নিয়ে গেছেন।
পুরো ক্যারিয়ারের হিসাবে খালেদ ছাড়াও বাংলাদেশের আরও একজনের নাম ওপরের দিকে আছে, মনজুরুল ইসলাম। ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত বাংলাদেশের হয়ে ১৭টি টেস্ট খেলেছেন বাঁহাতি এই পেসার। ৩৩ ইনিংসে তিনি রান করেছেন ৮১, ব্যাটিং গড় ৩.৬৮, সর্বোচ্চ ২১, আর ১০ বার আউট হয়েছেন শূন্য রানে। এই তালিকায় তাঁর অবস্থান চার নম্বরে।


