প্রথমবার পাকিস্তান সফরে যাচ্ছে আয়ারল্যান্ড, জানুয়ারিতে লাহোরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ
আগামী জানুয়ারিতে প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছে আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দল। ওই সফরে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আইরিশরা।
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে। তাই বিশ্বকাপের আগে এই সফর তাদের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। পাকিস্তানও ২০২৭ সালের বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে বলে দুই দলের জন্যই সিরিজটি তাৎপর্যপূর্ণ।
ক্রিকেট আয়ারল্যান্ডের হাই পারফরম্যান্স ডিরেক্টর গ্রায়েম ওয়েস্ট সিরিজটিকে উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন। তিনি বলেন, শুরুতে বিভিন্ন ফরম্যাটের একটি সিরিজ আয়োজনের পরিকল্পনা থাকলেও উভয় বোর্ডই একমত হয়েছে যে ওয়ানডে সিরিজ খেললে দুই দলের স্কোয়াডই বেশি উপকৃত হবে।
ওয়েস্ট আরও বলেন, দীর্ঘ সময় ধরে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও তাদের খেলোয়াড়দের সঙ্গে আয়ারল্যান্ডের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাঁরা এই ঐতিহাসিক প্রথম সফরের অপেক্ষায় আছেন এবং আশা করছেন, আগামী বছরগুলোতে এমন আরও অনেক সফরের সূচনা হবে এটি।
মূল সিরিজের আগে আয়ারল্যান্ডের ‘এ’ দল পাকিস্তান শাহিনসের সঙ্গে ১৩ থেকে ১৭ জানুয়ারি তিনটি ম্যাচ খেলবে। এরপর ২০ থেকে ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
সূচি অনুযায়ী, প্রথম ওয়ানডে হবে ২০ জানুয়ারি, দ্বিতীয় ওয়ানডে ২২ জানুয়ারি এবং তৃতীয় ও শেষ ওয়ানডে ২৪ জানুয়ারি। ‘এ’ দলের তিন ম্যাচসহ ছয়টি ম্যাচের সবকটিই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।


