…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকীর বিরুদ্ধে ইসলামী আন্দোলনের মানহানি মামলা, তদন্তে সিআইডি

নিজস্ব প্রতিবেদক
মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকীর বিরুদ্ধে ইসলামী আন্দোলনের মানহানি মামলা, তদন্তে সিআইডি
ছবি: সংগৃহীত

মঞ্চ ২৪-এর আহ্বায়ক ইকরামুল ইসলাম ফাহিম ওরফে ফাহিম ফারুকীর বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে মামলাটি দায়ের করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও গণমাধ্যম বিভাগের প্রধান মো. ফজলুল করিম। দলটির বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে মামলাটি করা হয়।

আদালত মামলাটি গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী মো. শওকত আলী হাওলাদার এ তথ্য জানান।

আইনজীবী শওকত আলী হাওলাদার জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে একটি অনুষ্ঠানে ফাহিম ফারুকী দাবি করেন, ইসলামী আন্দোলন ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর অর্থায়নে চলে এবং আওয়ামী লীগকে সুবিধা দিতে কাজ করে। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামের সংগঠনটির মানহানি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, গত ২০ নভেম্বর বা এর কাছাকাছি সময়ে মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফাহিম ফারুকী ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও জ্যেষ্ঠ নায়েবে আমিরকে নিয়ে কিছু বক্তব্য দেন। তিনি এসব বক্তব্য প্রকাশ্যে প্রচারও করেন।

অভিযোগে ফাহিম ফারুকীর বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, ‘বাংলাদেশে দীর্ঘ সময় ধরে যদি কোনো রাজনৈতিক দল ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ ও পৃথিবীর বিভিন্ন গোয়েন্দা সংস্থার অর্থায়নে পরিচালিত হয়ে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক রাখতে ভূমিকা রেখে থাকে—সেটি হলো চরমোনাই পীরের নেতৃত্বাধীন দল। তারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে সক্রিয় রাখতে এবং পরোক্ষভাবে দলটির রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে সহায়তা করেছে।’

এ ছাড়া অভিযোগ অনুযায়ী ফাহিম ফারুকী বলেছেন, ‘বাংলাদেশ রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিদেশি অর্থায়ন নিয়ে, টাকা নিয়ে ‘র’-এর সঙ্গে বৈঠক করে কেউ ষড়যন্ত্র করে থাকলে, সেটি হলো চরমোনাইয়ের ফজলু ও রেজু।’ মামলার অভিযোগে এসব বক্তব্যকে মানহানিকর বলে উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগে আরও বলা হয়, বাদীর বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ততা, অবৈধ বিদেশি অর্থায়ন, গোপন বৈঠক এবং বাংলাদেশের রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। অথচ এসব অভিযোগের পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ, যাচাই করা তথ্য বা সমর্থনযোগ্য নথি উপস্থাপন করা হয়নি।

মামলার আরজিতে আরও বলা হয়, বাদী তাঁর আইনজীবীর মাধ্যমে গত ২২ নভেম্বর ফাহিম ফারুকীকে আইনি নোটিশ পাঠান। নোটিশে মানহানিকর বক্তব্য দেওয়া বন্ধ করা, অভিযোগ প্রত্যাহার, নিঃশর্ত ক্ষমা চাওয়া এবং বক্তব্যের পক্ষে প্রমাণ প্রকাশের দাবি জানানো হয়।

অভিযোগ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ফাহিম ফারুকী এসব দাবির কোনোটিই পূরণ করেননি। আরজিতে বলা হয়, ফাহিম ফারুকী ইচ্ছাকৃতভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগঠনের ক্ষতি করার জন্য এসব বক্তব্য দিয়েছেন, যা মানহানিকর।

এখন সিআইডির তদন্তের ভিত্তিতে মামলাটির পরবর্তী আইনি প্রক্রিয়া এগোবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে ৫১৭ জন গ্রেপ্তার, আওয়ামী লীগের ৫৪ জনসহ
আইন ও অপরাধ

রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে ৫১৭ জন গ্রেপ্তার, আওয়ামী লীগের ৫৪ জনসহ

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে মোট ৫১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।…

আশুলিয়ার বাইপাইলে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করল এসআরবি-৪
আইন ও অপরাধ

আশুলিয়ার বাইপাইলে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করল এসআরবি-৪

সাভার (ঢাকা) — ঢাকার সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে নাশকতার উদ্দেশ্যে রাখা পাঁচটি তাজা ককটেল উদ্ধার ও নিষ্ক্রিয় করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন …

বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আইন ও অপরাধ

বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দিল্লিসহ বিদেশে থাকা বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে…

দেশজুড়ে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩৮, ছয় স্থানে আগুন, সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি
আইন ও অপরাধ

দেশজুড়ে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩৮, ছয় স্থানে আগুন, সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি

নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৩৩৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে…