৩১ দিন পর নিয়ন্ত্রণে ইনানীর গ্যাসের আগুন, সকাল সাড়ে ৯টায় চূড়ান্ত অভিযানে সফল বাপেক্স

অবশেষে দীর্ঘ ৩১ দিন পর নিয়ন্ত্রণে এসেছে কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ থেকে নির্গত প্রাকৃতিক গ্যাসের আগুন। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চূড়ান্ত অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) বিশেষজ্ঞ দল। এর মধ্য দিয়ে দীর্ঘ এক মাস ধরে জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এলো।
এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরের পর আগুন নিয়ন্ত্রণের মূল অভিযান শুরু হলেও আলোকস্বল্পতার কারণে সন্ধ্যায় কার্যক্রম স্থগিত করা হয়। শুক্রবার সকাল ৭টায় পুনরায় অভিযান শুরুর উদ্যোগ নেওয়া হলেও যান্ত্রিক ত্রুটির কারণে তা কিছুটা পিছিয়ে যায়। পরে ত্রুটি সারিয়ে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন এবং কেসিং ও ড্রিলিং পাইপ প্রস্তুত করে সকাল ৯টার দিকে আবার অভিযান শুরু করেন বাপেক্সের বিশেষজ্ঞরা; এর আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তাঁরা।
বাপেক্স জানিয়েছে, ৩০ ইঞ্চি ব্যাসের কেসিং পাইপ স্থাপনের মাধ্যমে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থান দিয়ে বেরিয়ে আসা গ্যাসের আগুন বন্ধ করা হয়েছে। কেসিংয়ের সঙ্গে সংযুক্ত ডাইভার্ট লাইনের মাধ্যমে গ্যাসের প্রবাহ নির্দিষ্ট পথে সরিয়ে দিয়ে আগুন নিয়ন্ত্রণের অভিযান সফল করা হয়।
বাপেক্সের বিশেষজ্ঞরা জানান, আগুন নিয়ন্ত্রণে গত ১৪ থেকে ১৫ দিন ধরে ২০ কর্মকর্তার তত্ত্বাবধানে ৫৫ সদস্যের একটি দল কাজ করেছে। প্রতিদিন ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৯ ঘণ্টাই চলেছে নিরবচ্ছিন্ন প্রস্তুতি ও কারিগরি কার্যক্রম। পুরো অভিযানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল অনিয়ন্ত্রিত গ্যাসের প্রবাহ ও আগুন নিয়ন্ত্রণে আনা, আর দেশের বিশেষজ্ঞ ও প্রকৌশলীরা দেশীয় প্রযুক্তি ব্যবহার করেই এ কাজে সফল হয়েছেন।
ঘটনার শুরু গত ২৭ অক্টোবর। সেদিন কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের সময় হঠাৎ ভূগর্ভ থেকে গ্যাস উদ্গিরণ শুরু হয়। একপর্যায়ে বৈদ্যুতিক তার থেকে নির্গত গ্যাসে আগুন ধরে যায়। এরপর থেকে টানা এক মাস ধরে সেখানে আগুন জ্বলতে থাকে।
বাপেক্সের পরিকল্পনা অনুযায়ী, পরবর্তী ধাপে নলকূপের ভেতরে ড্রিল পাইপ প্রবেশ করিয়ে এক হাজার ফুট গভীর পর্যন্ত খনন করা হবে। খননকালে বিশেষ ধরনের কাদামিশ্রিত তরল পদার্থ (ড্রিলিং মাড) ব্যবহার করে ভূগর্ভস্থ গ্যাসের চাপের ভারসাম্য বজায় রাখা হবে। এরপর প্রয়োজনীয় কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করে সিমেন্টের মাধ্যমে অনিয়ন্ত্রিত গ্যাস নির্গমনের পথ স্থায়ীভাবে বন্ধ করার পরিকল্পনা রয়েছে।
গ্যাসের চাপ নিয়ন্ত্রণের পর ওই এলাকা থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করবেন বাপেক্সের বিশেষজ্ঞরা। পাশাপাশি ভূতাত্ত্বিক জরিপ (জিওলজিক্যাল সার্ভে) ও ভূকম্পন জরিপ (সিসমিক সার্ভে) পরিচালনা করা হবে। এসব জরিপের তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও মূল্যায়নের ভিত্তিতে সেখানে গ্যাস অনুসন্ধান এবং অনুসন্ধান কূপ খননের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
দীর্ঘ সময় ধরে গ্যাস নির্গমন ও আগুন জ্বলতে থাকার ঘটনায় ইনানীর ভূগর্ভে প্রাকৃতিক গ্যাসের মজুত থাকার সম্ভাবনা নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। তবে সেখানে কী পরিমাণ গ্যাস রয়েছে, গ্যাসের উৎস কতটা গভীরে এবং তা বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য কি না—বিস্তারিত অনুসন্ধান ও জরিপ ছাড়া তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।




