দুই দিনে ভরিতে ২ হাজার ১০০ টাকা বাড়ল সোনার দাম, ২২ ক্যারেট এখন ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা

দেশে সোনার দাম আবার বেড়েছে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা বেড়েছে, ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকায়—এখনো ২ লাখ টাকার নিচে।
আজ সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি সোনার দাম বাড়ানোর এই ঘোষণা দেয়। এর আগে গতকাল বৃহস্পতিবারও সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা বেড়েছিল। সেই হিসাবে দুই দিনে সোনার দাম বাড়ল ২ হাজার ১০০ টাকা।
টানা ছয় দিন ধরে সোনার দাম ওঠানামার মধ্যে রয়েছে। এই ছয় দিনে ধাতুটির দাম দুই দিন কমেছে আর চার দিন বেড়েছে, যার সর্বশেষ ধাপ আজকের এই বৃদ্ধি।
গত রোববার সোনার দাম কমে ১ লাখ ৯৪ হাজার ৯৬৩ টাকা হয়েছিল, যা এক বছরের মধ্যে সর্বনিম্ন ছিল। তার আগে বৈশ্বিক বাজারে সোনার দাম কমে যাওয়ায় দেশে প্রতি ভরির দর ২ লাখ টাকার কাছাকাছি চলে আসে।
গত শনিবার সোনার দাম থেকে অলংকার তৈরির মজুরি ও মুনাফা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় জুয়েলার্স সমিতি। সে কারণে সোনার দাম দুই লাখ টাকার নিচে নেমে আসে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
নতুন দর অনুযায়ী ২১ ক্যারেটের সোনার দাম ভরিতে ৯৯১ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯০ হাজার ৭ টাকায়।
১৮ ক্যারেটের সোনার দাম ভরিতে ৮৭৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ৭০০ টাকা বাড়িয়ে করা হয়েছে ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা।
সোনার দামের সঙ্গে ভরিতে আড়াই হাজার টাকা ভ্যাট যুক্ত করা আছে। ফলে ক্রেতাদের আলাদা করে ভ্যাট দিতে হবে না।
সোনার দাম বাড়ানো হলেও রুপার দামে কোনো পরিবর্তন নেই। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম এখন ৩ হাজার ৩৩ টাকা এবং ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৯১৬ টাকা।



