আগারগাঁওয়ে তিন দিনের বিসিক শিল্পমেলা: এক ছাদের নিচে ৬৪ জেলার পণ্য, পুরস্কার পাবেন ১২ কারুশিল্পী

দেশের ৬৪ জেলার ঐতিহ্যবাহী ও বিশেষায়িত পণ্য এক ছাদের নিচে তুলে ধরতে রাজধানীতে তিন দিনব্যাপী শিল্পমেলার আয়োজন করছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। আগামী ২৯ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হবে ‘বিসিক শিল্পমেলা—এক জেলা এক পণ্য ২০২৬’, চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
আয়োজকদের প্রত্যাশা, তিন দিনে মেলায় দেড় থেকে দুই লাখ দর্শনার্থীর সমাগম হবে। মেলায় দেশের বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় পণ্য প্রদর্শন ও বাজারজাতের সুযোগ থাকবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে বিসিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান বেনজীর আহমেদ। বিসিক জানিয়েছে, মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বেনজীর আহমেদ বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘এক গ্রাম এক পণ্য’ উদ্যোগ বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে ‘এক জেলা এক পণ্য’ শিল্পমেলার আয়োজন করা হচ্ছে। দেশের প্রতিটি জেলার নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি, উৎপাদন সক্ষমতা ও বিশেষায়িত পণ্য রয়েছে।
তিনি বলেন, জামদানি, তাঁত, নকশিকাঁথা, মৃৎশিল্প, বাঁশ-বেতের সামগ্রী, পাটজাত পণ্যসহ বিভিন্ন কৃষি ও খাদ্যভিত্তিক পণ্যের বেশির ভাগই জাতীয় ও আন্তর্জাতিক বাজারে প্রত্যাশিত পরিচিতি তৈরি করতে পারেনি। এসব পণ্যের পরিচিতি বাড়ানো এবং উদ্যোক্তাদের জন্য নতুন বাজার তৈরিতে মেলা ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।
এক প্রশ্নের জবাবে বেনজীর আহমেদ বলেন, বিসিক জেলাভিত্তিক মেলা করে এবং বিসিকের এখন একটি ক্যালেন্ডার আছে; সংস্থাটি প্রতি মাসে বিসিক ভবনে মেলার আয়োজন করে। তবে এত বৃহৎ পরিসরে এবং নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে বিসিক এই প্রথম এত বড় পরিসরে মেলার আয়োজন করছে।
মেলায় পাঁচটি বিভাগে ১২ জন কারুশিল্পীকে দেওয়া হবে ‘জাতীয় শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার ২০২৬’। এর মধ্যে শ্রেষ্ঠ কারুশিল্পী হিসেবে ‘কারু রত্ন’ পাবেন একজন, ‘কারু গৌরব’ বিভাগে পুরস্কার পাবেন পাঁচজন দক্ষ কারুশিল্পী, ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুজন দক্ষ কারুশিল্পী পাবেন ‘কারু কিরণ’, দুজন দক্ষ নারী কারুশিল্পী পাবেন ‘কারু জ্যোতি’ এবং দুজন তরুণ দক্ষ কারুশিল্পী পাবেন ‘কারু প্রতিভা’ পুরস্কার।
আয়োজকদের ভাষ্য, স্থানীয় উদ্যোক্তাদের বাজার সম্প্রসারণ, দেশীয় পণ্যের পরিচিতি বৃদ্ধি এবং ঐতিহ্যবাহী হস্ত ও কারুশিল্পের বিকাশকে সামনে রেখেই এই আয়োজন করছে বিসিক।



