কেন্দ্রীয় প্যাকিং হাউস দিয়ে কৃষিপণ্য রপ্তানি এক বছরে বেড়েছে ২৬.৫ শতাংশ

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কৃষিপণ্যের রপ্তানি বাড়ছে। কেন্দ্রীয় প্যাকিং হাউসের মাধ্যমে কৃষিপণ্য রপ্তানি এক বছরে বেড়েছে ২৬ দশমিক ৫ শতাংশ। একই সঙ্গে বাংলাদেশের কৃষিপণ্যের মান নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আপত্তির সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে।
বৃহস্পতিবার রাজধানীর শ্যামপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিচালিত কেন্দ্রীয় প্যাকিং হাউসের কার্যক্রম পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় এসব তথ্য উঠে আসে। সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আন্তর্জাতিক মান নিশ্চিত করার পাশাপাশি বিদেশি ক্রেতাদের আস্থা অর্জন করতে পারলে বিশ্ববাজারে বাংলাদেশের কৃষিপণ্যের রপ্তানি সম্ভাবনা আরও বাড়বে।
সভায় উপস্থাপিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে কেন্দ্রীয় প্যাকিং হাউসের মাধ্যমে ৫ হাজার ২৫৭ দশমিক ৪১ টন কৃষিপণ্য রপ্তানি হয়েছে। আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ৪ হাজার ১৫৫ দশমিক ৪৯ টন। ফলে এক বছরের ব্যবধানে রপ্তানি বেড়েছে ১ হাজার ১০১ দশমিক ৯২ টন।
গত অর্থবছরে রপ্তানি হওয়া কৃষিপণ্যের মধ্যে তাজা ফলের পরিমাণ ছিল ৩ হাজার ১০৫ দশমিক ৯৯ টন। এ ছাড়া ১ হাজার ৯২৫ দশমিক ৮৩ টন তাজা শাকসবজি এবং ২২৫ দশমিক ৫৯ টন মসলা ও অন্যান্য কৃষিপণ্য রপ্তানি হয়েছে।
ফলের মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে আম, ১ হাজার ৯৫ দশমিক ৯৯ টন। এ ছাড়া কাঁঠাল রপ্তানি হয়েছে ৭১৯ দশমিক ২২ টন এবং লেবুজাতীয় ফল ৬৫২ দশমিক ৭৮ টন। শিম, লাউ, কচুজাতীয় সবজি, পটোল, চিচিঙ্গা, পেঁপেসহ বিভিন্ন কৃষিপণ্য বিদেশে যাচ্ছে।
বাংলাদেশের কৃষিপণ্যের উল্লেখযোগ্য রপ্তানি গন্তব্যের মধ্যে রয়েছে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, পর্তুগাল, স্পেন, সুইজারল্যান্ড, মাল্টা, সুইডেন, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া, বেলজিয়াম ও গ্রিস।
কৃষিপণ্যের মান নিয়ন্ত্রণে কেন্দ্রীয় প্যাকিং হাউসের ভূমিকার বিষয়টিও প্রতিবেদনে উঠে এসেছে। প্রতিষ্ঠানটি স্থাপনের আগে মানদণ্ড প্রতিপালনে অসংগতির কারণে ইউরোপীয় ইউনিয়ন থেকে বছরে ১২০ থেকে ১৭০টি নন-কমপ্লায়েন্স নোটিফিকেশন আসত। প্রতিষ্ঠানটি চালুর পর এর সংখ্যা কমে বছরে গড়ে ১৫ থেকে ২০টিতে নেমে এসেছে।
বিশেষ করে আম রপ্তানিতে মান নিয়ন্ত্রণের অগ্রগতির তথ্য তুলে ধরা হয়। কঠোর মান নিয়ন্ত্রণ, বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা, উদ্ভিদ স্বাস্থ্য সুরক্ষা এবং আন্তর্জাতিক রপ্তানি মানদণ্ড অনুসরণের মাধ্যমে ১ হাজার ৪৫৭টি চালানে প্রায় ১ হাজার ৯৫ টন আম রপ্তানি হয়েছে। এসব চালানের বিপরীতে কোনো নন-কমপ্লায়েন্স নোটিফিকেশন পাওয়া যায়নি।
রপ্তানি প্রক্রিয়ায় মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে ২০১৭-১৮ অর্থবছর থেকে কেন্দ্রীয় প্যাকিং হাউসের মাধ্যমে শতভাগ কম্পিউটারাইজড ফাইটোস্যানিটারি সার্টিফিকেট দেওয়া হচ্ছে। পাশাপাশি রপ্তানিযোগ্য উদ্ভিদ ও উদ্ভিদজাত পণ্যের পরীক্ষা-নিরীক্ষা, ক্ষতিকর বালাই শনাক্তকরণ এবং কীটনাশকের অবশিষ্টাংশ নির্ণয় করা হচ্ছে। নিজস্ব তালা ও সিলগালা ব্যবহারের মাধ্যমে বিমানবন্দর পর্যন্ত পণ্যের নিরাপদ পরিবহন নিশ্চিত করার ব্যবস্থাও রয়েছে।
মন্ত্রী বলেন, এ জন্য দেশের নিজস্ব সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমন্বিত ও সহযোগিতামূলক উদ্যোগ নিতে হবে। আধুনিক প্যাকেজিং ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের মাধ্যমে রপ্তানি সক্ষমতা বাড়ানোর ওপরও সভায় গুরুত্ব দেওয়া হয়।



