নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা হত্যার জেরে গ্রামজুড়ে অগ্নিসংযোগ, ছড়িয়েছে ভুয়া তথ্যও

নড়াইলের কালিয়া উপজেলায় একটি রাজনৈতিক কর্মসূচি ঘিরে দুই দলের সংঘাতে ক্ষমতাসীন দলের দুই নেতা নিহত হন। আর সেই ঘটনাকে কেন্দ্র করে দুই দিন পর কালিয়া পৌরসভার বেন্দারচর গ্রামের বেশ কিছু বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর, অগ্নিসংযোগ আর লুটপাটের ঘটনা ঘটে। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও ভারতীয় গণমাধ্যমগুলোতে বিভিন্ন গুজব ও অপতথ্য ছড়াতে দেখা গেছে।
অন্যদিকে, এই ঘটনা নিয়ে বাংলাদেশ সরকার ও পুলিশের পক্ষ থেকে যেসব তথ্য দেওয়া হয়েছে, তা নিয়েও নানা প্রশ্ন দেখা দিয়েছে। এলাকার সাধারণ বাসিন্দা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, পুলিশ, স্থানীয় প্রশাসন ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলে অন্তত একটি বিষয় স্পষ্ট হয়েছে — ঘটনাটির সূত্রপাত ছিল গত ১৮ নভেম্বর বিএনপির একটি মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা ও সংঘর্ষে বিএনপির স্থানীয় দুই নেতা নিহত হওয়ার ঘটনা ঘিরে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন তৎপরতা লক্ষ করা গেছে সম্প্রতি। সেটি প্রতিহত করার ঘোষণা দিয়ে সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এমনই একটি কর্মসূচি ছিল নড়াইলের কালিয়ায়।
গত ১৮ নভেম্বর সন্ধ্যায় কালিয়া উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রায় ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল নিয়ে একটি শোভাযাত্রা বের করেছিলেন। বেন্দারচর গ্রামের বিএনপি কর্মী মিদুল মোল্লা জানান, মোটরসাইকেল র্যালিটি বেন্দারচর গ্রামের বটতলা মোড় এলাকা দিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাঁধে।
এ সময় গুরুতর আহত হন কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীন মোল্লা ও কালিয়া জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা। প্রত্যক্ষদর্শীরা বলছিলেন, সংঘর্ষের এক পর্যায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপি নেতা-কর্মীদের বেশ কিছু মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। আহত দুজনকে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানোর পথে তাঁদের মৃত্যু হয়।
কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু বলেন, ‘সন্ত্রাসবিরোধী মোটরসাইকেল র্যালি বেন্দারচরের মাঝামাঝি আসলে পেছন থেকে অতর্কিতভাবে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের নেতা-কর্মীরা হামলা চালিয়ে আমাদের জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল রানা, পৌর কৃষক দলের সদস্য সচিবকে কুপিয়ে হত্যা করে।’ কালিয়া থানার ওসি ইদ্রিস আলীরও দাবি, বিএনপির মিছিলে হামলাকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
কালিয়া থানা থেকে মাত্র তিন কিলোমিটারের মধ্যেই পৌর এলাকায় বেন্দারচর গ্রামের অবস্থান। আওয়ামী লীগের সাবেক এমপি কবিরুল হক মুক্তির বাড়ি এই গ্রামেই। গ্রামটি অনেক আগে থেকেই আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত।
ওই ঘটনার দুই দিন পরে শুক্রবার বিকেলে বেন্দারচর গ্রামে একযোগে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে গ্রামটির বেশ কিছু বাড়িঘর ও দোকানপাট পুড়ে ছাই হয়। ওই গ্রামে ঘুরে দেখা গেছে, এমন অনেক পরিবার রয়েছে যাদের মাথা গোঁজার ঠাঁই পর্যন্ত নেই; রান্না করে খাওয়ার সুযোগটুকুও নেই। এ নিয়ে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিপূরণ কিংবা বিচারের আশ্বাসও পাননি গ্রামের বাসিন্দারা।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ‘ওই হত্যাকাণ্ডের জের ধরে ২০ নভেম্বর বিকেল পৌনে পাঁচটার দিকে ভিকটিমদ্বয়ের বিক্ষুব্ধ আত্মীয়স্বজন উত্তেজিত অন্য লোকদের সঙ্গে নিয়ে আকস্মিকভাবে বেন্দারচর গ্রামে একত্রিত হয়ে হত্যার ঘটনায় জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা করে চলে যায়।’ তবে স্থানীয় কয়েকজন জানিয়েছেন, বিএনপির নিহত দুই কর্মীর প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার ঢাকা থেকে ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, শেখ ফরিদুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা সেখানে যান। তারা চলে যাওয়ার পর সন্ধ্যার পর থেকে ওই গ্রামে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা শুরু হয়।
স্থানীয়রা বলছিলেন, হামলার লক্ষ্যবস্তু ছিল মূলত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের বাড়িঘর এবং ব্যবসাপ্রতিষ্ঠান। তবে সাধারণ ও রাজনীতির সঙ্গে জড়িত নন, এমন অনেক পরিবারও অভিযোগ করেছে যে তাদের বাড়িঘরে হামলা চালানো হয়েছে, লুটপাট করা হয়েছে। গ্রামের এক গৃহিণী জেসমিন আক্তার বলেন, ‘আমার তিনটা গরু, স্বর্ণালঙ্কারসহ ঘরের দামি মালামাল সব লুটপাট করে নিয়ে পরে ঘরে আগুন ধরায়ে দিয়ে গেছে। আমরা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না। আমরা নিরীহ মানুষ, কেন আক্রান্ত হলাম?’
কারা বাড়িঘরে আগুন দিল, ভাঙচুর চালাল — এমন প্রশ্নের জবাবে ওসি মো. ইদ্রিস আলী বলেন, ‘শোনেন, একটা এক্সিডেন্ট হলেও বিক্ষুব্ধ জনতা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। মারা যাক আর না যাক, আহত হলেও। বিক্ষুব্ধ জনতা এটা করছে।’ ওসি আরও বলেছেন, তারা খবর পাওয়ার সঙ্গে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন এবং এই হামলায় কোনো নিরীহ লোক ক্ষতিগ্রস্ত হয়নি। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অভিযোগ, শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত দীর্ঘ সময় ধরে একের পর এক বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চললেও প্রশাসনের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ।
এরপর সেই ঘটনার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর সঙ্গে যুক্ত হয় আরও কিছু সম্পাদিত ভিডিও ও এআই-নির্মিত ছবি। সেসব ছড়িয়ে প্রচার করা হয়, নড়াইলে হিন্দু সম্প্রদায়ের শত শত বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ভুয়া তথ্য দিয়ে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমে খবর প্রচারিত হয় বলেও অভিযোগ উঠেছে। পরদিন বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে দাবি করা হয়, পূর্বে ধারণকৃত ও এআই-নির্মিত ভিডিও ছড়িয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে।
তবে ক্ষতিগ্রস্ত পরিবার, স্থানীয় প্রশাসন ও হিন্দু সম্প্রদায়ের নেতারা সবাই নিশ্চিত করেছেন যে, বেন্দারচর গ্রামে কোনো হিন্দু সম্প্রদায়ের বসতি নেই এবং হিন্দুদের ২০০ থেকে ৩০০ বাড়িতে আগুন দেওয়ার যে তথ্য ছড়িয়েছে, সেটি সত্য নয়। কালিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক ঘোষ বলেন, ‘আমরাও দেখেছি বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। কিন্তু সেটি সত্য নয়। কারণ আমরা জানি বেন্দারচরে কোনো হিন্দু পরিবারই নেই।’
তবে কালিয়ার পূজা উদযাপন পরিষদের নেতারা এটিও জানিয়েছেন, যেদিন হামলায় বিএনপির দুই নেতা নিহত হয়েছিলেন, সেদিনই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল — যদিও সেটি প্রায় চার কিলোমিটার দূরে বড় কালিয়া গ্রামে।
বেন্দারচর গ্রামে বেশ কিছু বাড়িঘর, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে — এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে স্থানীয় বাসিন্দাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, সেদিনের যেসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছিল, তার সবগুলো যেমন এআই-নির্মিত নয়, একই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা নিয়ে যে তথ্য ছড়ানো হয়েছে, সেটিও সত্য নয়। নড়াইলের এই ঘটনা ঘিরে একদিকে যেমন সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়ানোর ঘটনা ঘটেছে, অন্যদিকে পুলিশের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগও উঠছে।


