শিল্পকলায় একদিনে ‘সখী রঙ্গমালা’র দুই প্রদর্শনী, মঞ্চে ফিরছে বটতলার ১৭তম প্রযোজনা
রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আবারও মঞ্চায়িত হতে যাচ্ছে নাট্য সংগঠন ‘বটতলা’র ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। শনিবার শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে একদিনেই নাটকটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রথম প্রদর্শনী শুরু হবে বিকেল ৪টা ৩০ মিনিটে এবং দ্বিতীয়টি সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি নতুন করে মঞ্চে আসায় দর্শক মহলে আগ্রহ তৈরি হয়েছে।
নাটকটির মূল আখ্যান গড়ে উঠেছে নোয়াখালী অঞ্চলের জনপ্রিয় কিংবদন্তি ‘চৌধুরীর লড়াই’-এর ওপর ভিত্তি করে। প্রজন্মান্তরে লোকশ্রুত এই আখ্যান নতুন মাত্রা পেয়েছিল ঔপন্যাসিক শাহীন আখতারের ‘সখী রঙ্গমালা’ উপন্যাসে। সেই উপন্যাসের বিশাল ক্যানভাসকে মঞ্চের উপযোগী করে নাট্যরূপ দিয়েছেন সামিনা লুৎফা নিত্রা ও সৌম্য সরকার।
এর আগে নাগরিক নাট্য সম্প্রদায় ও মঙ্গলদীপ ফাউন্ডেশনের প্রণোদনায় ২০২৩ সালের ২৪ জানুয়ারি ‘আলী যাকের নতুনের উৎসব’-এ নাটকটির প্রথম মঞ্চায়ন অনুষ্ঠিত হয়েছিল।
‘সখী রঙ্গমালা’য় সূক্ষ্ম রাজনীতির পাশাপাশি লিঙ্গ রাজনীতির বিষয়গুলো নিপুণভাবে তুলে ধরা হয়েছে। এতে যেমন রয়েছে একটু ভিন্ন আঙ্গিকের মুক্তির খোঁজ, তেমনি রয়েছে সর্বপ্রাণবাদী দর্শনের চর্চা। জমিদারির হিস্যা নিয়ে দ্বন্দ্ব বা মারামারির চিত্র থাকলেও এর বাইরে মানুষের প্রতি মানুষের ভালোবাসার দিকটিকে এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। নির্দেশকের মতে, ভালোবাসা-মন্দার এই বর্তমান পৃথিবীতে এমন একটি ভালোবাসার গল্প দেখানো খুবই জরুরি—যা মূল উপন্যাস বা পালার তুলনায় নাটকটিকে কিছুটা ভিন্নতা দিয়েছে।
নাটকটি নির্দেশনা দেওয়ার অভিজ্ঞতা নিয়ে নির্দেশক মোহাম্মদ আলী হায়দার জানান, একটি উপন্যাসের বিশালত্বকে মঞ্চে ধারণ করা সবসময়ই কঠিন কাজ। তিনি জানান, এর আগে ‘ক্রাচের কর্নেল’ নির্মাণের সময়ও উপন্যাসের বিশালত্ব তাঁকে ভাবিয়েছিল। ‘সখী রঙ্গমালা’ মঞ্চায়নের অনুমতি দেওয়ার জন্য তিনি ঔপন্যাসিক শাহীন আখতারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বিশাল এই ক্যানভাসকে নাট্যরূপ দিয়ে সহজ করার জন্য সামিনা লুৎফা নিত্রা ও সৌম্য সরকার এবং এই নাট্যযজ্ঞে উৎসাহ নিয়ে যুক্ত হওয়ার জন্য বটতলার সব সদস্যের প্রতি ভালোবাসা জানান তিনি।
নাট্য সংগঠন হিসেবে ‘বটতলা’ বরাবরই মানুষের এবং সর্বপ্রাণের অধিকারের কথা বলে থাকে। সংগঠনের সদস্যরা বিশ্বাস করেন, ভালোবাসাই মানুষের বেঁচে থাকার প্রধান শক্তি। নারী-পুরুষের বৈষম্য কিংবা প্রচলিত ক্ষমতার রাজনীতির বাইরে গিয়ে ভিন্ন এক রাজনীতিও যে জীবনের জন্য মুখ্য হয়ে উঠতে পারে, ‘সখী রঙ্গমালা’ দর্শকদের মনে সেই চিন্তারই খোরাক জোগাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।


