গিনি-বিসাউয়ে নির্বাচন দুই বছর পিছিয়ে ২০২৮ সালে নিল সামরিক শাসকরা

পশ্চিম আফ্রিকার দেশ গিনি-বিসাউয়ের সামরিক শাসকরা আগামী সপ্তাহে অনুষ্ঠেয় নির্বাচন দুই বছর পিছিয়ে দিয়েছেন, ফলে দেশটির বেসামরিক শাসনে ফেরা আরও দেরি হচ্ছে।
অন্তর্বর্তী প্রেসিডেন্ট জেনারেল হোর্তা এন'তাম এক ডিক্রিতে ঘোষণা করেছেন, ৬ ডিসেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন এখন হবে ২০২৮ সালের ২৬ নভেম্বর।
এই ঘোষণা এসেছে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের ঠিক এক বছর পর। ক্ষমতা নেওয়ার সময় সামরিক নেতারা ১২ মাসের মধ্যে বেসামরিক শাসনে ফেরার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচনী প্রস্তুতি মূল্যায়ন করে দেখা গেছে, নির্ধারিত সময়ে ভোট আয়োজনের জন্য পর্যাপ্ত কারিগরি, সরঞ্জামগত ও আর্থিক সক্ষমতা নেই।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এই বিলম্বে নির্বাচনকে বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করার এবং সব প্রার্থীকে সমান সুযোগ দেওয়ার জন্য আরও সময় পাওয়া যাবে।
প্রেসিডেন্টের কার্যালয় দেশটির ইতিহাসে প্রথম স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে, তবে সেই ভোটের কোনো তারিখ দেওয়া হয়নি।
২০২৫ সালের নভেম্বরে সামরিক বাহিনী প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালোকে ক্ষমতাচ্যুত করার এক দিন পর জেনারেল এন'তাম অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।
ওই অভ্যুত্থান ঘটেছিল সাধারণ নির্বাচনের তিন দিন পর এবং প্রাথমিক ফল ঘোষণার এক দিন আগে।
সে সময় এমবালো ও তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ফের্নান্দো দিয়াস—দুজনই নিজেদের বিজয়ী দাবি করেছিলেন।
মরক্কোতে নির্বাসনে থাকা এমবালো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করলেও গত মাসে তাঁকে গিনি-বিসাউয়ে ফিরতে বাধা দেওয়া হয়।
১৯৭৪ সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতার পর থেকে গিনি-বিসাউয়ে বেশ কয়েকটি অভ্যুত্থান ও অভ্যুত্থানচেষ্টা ঘটেছে।

