প্রায় ৫০ বছর পর লেবানন ছাড়ছে জাতিসংঘ শান্তিরক্ষীরা, ১ জানুয়ারি থেকে শুরু প্রত্যাহার
দক্ষিণ লেবাননে প্রায় ৫০ বছর ধরে চলা জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিলের অধ্যায় শেষ হতে চলেছে। ইসরায়েলি বাহিনীর দখলদারিত্ব ও হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ নিয়ে দীর্ঘ বিতর্কের পর শান্তিরক্ষীদের বিদায়ের প্রস্তুতি চলছে।
সীমান্তবর্তী শহর নাকুরার ধ্বংসস্তূপের মাঝে এখন কেবল ইসরায়েলি সেনাদের দখলে থাকা একটি পরিত্যক্ত হোটেল ও জাতিসংঘের সদর দপ্তর অবশিষ্ট রয়েছে।
লেবানন সরকার মিশনটি চালিয়ে নেওয়ার পক্ষে থাকলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ২০২৬ সালের শেষ নাগাদ ইউনিফিলের ম্যান্ডেট শেষ করার পক্ষে ভোট দিয়েছে।
ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর সামরিক শক্তি বৃদ্ধির কারণে এই মিশন ব্যর্থ হয়েছে। শান্তিরক্ষীদের দাবি, ২০২৩ সালের সংঘাতের আগ পর্যন্ত তাঁরা টানা ১৭ বছর ওই অঞ্চলে সফলভাবে শান্তি বজায় রেখেছিলেন।
ম্যান্ডেট শেষ হওয়ার পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা কীভাবে চলবে, তা নিয়ে এখনো কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা হয়নি। আগামী ১ জানুয়ারি থেকে ইউনিফিলের ৭ হাজার ৫০০ শান্তিরক্ষীকে ধাপে ধাপে প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হবে।
ইউনিফিলের প্রধান ও ফোর্স কমান্ডার মেজর জেনারেল দিওদাতো আবাগনারা জানিয়েছেন, হিজবুল্লাহকে নিরস্ত্র করা বা তাদের বিরুদ্ধে যুদ্ধ করা জাতিসংঘের ম্যান্ডেট নয়। দক্ষিণাঞ্চলে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় লেবাননের সশস্ত্র বাহিনীকে সহায়তা করার পরিবেশ তৈরি করাই তাঁদের মূল কাজ। প্রত্যাহারের পর দক্ষিণাঞ্চলে নিরাপত্তা শূন্যতা এড়ানো জরুরি বলেও সতর্ক করেছেন তিনি।
আসন্ন বিদায়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় সাধারণ মানুষ। সাম্প্রতিক যুদ্ধগুলোতে ইউনিফিল সব হামলা থামাতে না পারলেও স্থানীয়দের কাছে তাদের উপস্থিতি নির্ভরতার প্রতীক।
ইসরায়েল-অধিকৃত এলাকার বাইরে হালতা গ্রামের জলপাই চাষি মোহাম্মদ আউন জানান, আকাশে ইসরায়েলি ড্রোন ও বিমান হামলার শব্দের মাঝেও ইউনিফিলের টহল দল দেখলে তাঁরা নিরাপত্তা অনুভব করেন।
ইসরায়েল-অধিকৃত এলাকার গুটিকয়েক খ্রিস্টান অধ্যুষিত গ্রামে এখনো প্রায় ১১ হাজার মানুষ বসবাস করছেন। অবরুদ্ধ ওই এলাকার মানুষ দেশের বাকি অংশের সঙ্গে যোগাযোগ রক্ষায় পুরোপুরি ইউনিফিলের এসকর্ট বা নিরাপত্তা বেষ্টনীর ওপর নির্ভরশীল।
১৯৭৮ সালে ইসরায়েলি অভিযানের পর ইউনিফিল গঠন করা হয়েছিল। ২০০৬ সালের যুদ্ধের পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবের লঙ্ঘন পর্যবেক্ষণের দায়িত্ব পায় তারা।
পরিকল্পনা ছিল, ইউনিফিল চলে যাওয়ার পর লেবাননের সেনাবাহিনী ওই এলাকার নিরাপত্তার দায়িত্ব নেবে। কিন্তু গত মার্চে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে পরিস্থিতি পাল্টে যায়। বর্তমানে ইসরায়েল দক্ষিণ লেবাননের বিশাল এলাকা দখল করে রেখেছে এবং বহু গ্রাম জনশূন্য করে গুঁড়িয়ে দিয়েছে। হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের বিনিময়ে ইসরায়েলি সেনা প্রত্যাহার নিয়ে যে চুক্তির আলোচনা চলছিল, সেটিও এখন পুরোপুরি স্থবির হয়ে পড়েছে।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও নিরাপত্তা পরিষদের সদস্য ফ্রান্স ইউনিফিলের মেয়াদ বাড়ানোর পক্ষে অবস্থান নিয়েছে। তারা চায়, যেকোনো বিকল্প বাহিনী এলেও তা যেন ১৭০১ নম্বর প্রস্তাবের কাঠামোর অধীনেই কাজ করে। যুক্তরাষ্ট্র বর্তমান কাঠামোর বদলে আন্তর্জাতিক কোনো বেসামরিক বাহিনী বা বেসরকারি প্রতিরক্ষা ঠিকাদার নিয়োগের পরামর্শ দিয়েছে।
ইসরায়েল কোনো আন্তর্জাতিক বাহিনীর উপস্থিতি সরাসরি প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন জানিয়েছেন, হিজবুল্লাহর অস্ত্র অপসারণে তারা কেবল নিজেদের সৈন্যদের ওপরই ভরসা রাখেন এবং এ বিষয়ে সরাসরি লেবাননের সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করতে চান।

