তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তিতে চূড়ান্ত অনুমোদন দিলেন এরদোয়ান
পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
শুক্রবার তুরস্কের সরকারি গেজেটে এই অনুমোদনের তথ্য প্রকাশের মাধ্যমে চুক্তির সব আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এর আগে গত ৫ নভেম্বর তুরস্কের পার্লামেন্ট চুক্তিটির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছিল।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক তৎপরতা বৃদ্ধির প্রেক্ষাপটে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, মূলত তার জের ধরেই গত আগস্টে মক্কায় এই তিন দেশ যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করে।
চুক্তির মূল ভিত্তি হলো পারস্পরিক নিরাপত্তা নিশ্চিত করা। চুক্তি অনুযায়ী, এই তিন দেশের যেকোনো একটির ওপর কোনো হামলা হলে তা বাকি দুই দেশের ওপরও হামলা হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ, কোনো একটি দেশ বহিরাগত আক্রমণের শিকার হলে অন্য দুই দেশ তার প্রতিরক্ষায় সামরিকভাবে এগিয়ে আসবে।
এই চুক্তির ফলে ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার আইনি পথ তৈরি হলো তুরস্কের জন্য।
তুরস্কের ক্ষমতাসীন দলের এক আইনপ্রণেতা গত মাসে রয়টার্সকে জানিয়েছিলেন, চুক্তির আওতায় সৌদি আরবে সেনা পাঠানোর অনুমতি চেয়ে খুব শিগগিরই পার্লামেন্টে একটি প্রস্তাব জমা দেওয়া হবে।
চুক্তিটির বাস্তবায়ন ও ভবিষ্যৎ রূপরেখা নিয়ে শুক্রবার ও শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে তিন দেশের প্রতিনিধিদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এই জোটের অন্যতম সদস্য তুরস্কের সামরিক বাহিনী সামরিক জোট ন্যাটোর দেশগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম।
সৌদি আরব বিশ্বের অন্যতম শীর্ষ তেল রপ্তানিকারক দেশ। দেশটিতে ইসলামের সবচেয়ে পবিত্র স্থানগুলো অবস্থিত।
জোটের তৃতীয় দেশ পাকিস্তান পারমাণবিক অস্ত্রধারী বিশ্বের একমাত্র মুসলিম রাষ্ট্র। বিশ্লেষকদের মতে, এই চুক্তি মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় ধরনের প্রভাব ফেলবে।

