ফতুল্লার বক্তাবলীতে ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ২০, আটক ৫
নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে আধিপত্য বিস্তার ও ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে শর্টগানের গুলি ও টেঁটার আঘাতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত বক্তাবলীর আকবরনগর ও উত্তর গোপালনগর এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ চলে।
ঘটনাস্থল থেকে শতাধিক টেঁটা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই পক্ষের পাঁচজনকে আটক করা হয়েছে।
আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইটভাটার নিয়ন্ত্রণ, মাটি বিক্রি এবং শ্রমিক সরবরাহসহ বিভিন্ন কার্যক্রমের কমিশন নিয়ে বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক হাজী সামাদ আলী ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
ধলেশ্বরী নদীর পশ্চিম তীরের ইটভাটাগুলোর নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। এর জের ধরে শুক্রবার সকালে সংঘর্ষ শুরু হয়।
ফতুল্লা মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) শামীম হোসেন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের পাঁচজনকে আটক করা হয়েছে।
তিনি জানান, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শতাধিক টেঁটা উদ্ধার করেছে পুলিশ।
শামীম হোসেন আরও জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।




