রাজশাহীতে মিছিলের মামলায় আওয়ামী লীগের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার, কারাগারে পাঠানো হয়েছে

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে করা মামলায় দলটির ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মোহনপুর উপজেলা যুবলীগের সভাপতি এবং আওয়ামী লীগ নেতা ও কেশরহাট পৌরসভার সাবেক মেয়র রয়েছেন।
বৃহস্পতিবার রাতে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি), স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) ও বিভিন্ন থানার পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহীর রায়পাড়া এলাকার মো. মাসুদ (৫৭), বড়বনগ্রাম কচুপাড়া এলাকার মুছা আহমদ খান মন্টু (৪০), বায়াপানপাড়া এলাকার রেজাউল ইসলাম (৬৬), ভোলাবাড়ি এলাকার সোবাহান ওরফে শুভ (৩০), গহমাবোন এলাকার মাসাদুল ইসলাম স্বপন (৫০), মোহনপুরের খাড়ইল এলাকার ইকবাল হোসেন (৫২), কেশরহাট পৌরসভার সাবেক মেয়র শহিদুজ্জামান (৫৫), তানোরের কামারগাঁ এলাকার রুবেল শেখ (৩৮) ও দমদমা এলাকার তারিফুর রহমান তোর (৩৮), রাজপাড়া থানার কেশবপুর ভেড়িপাড়া এলাকার ইদ্রিস আলম (৪২) এবং চন্দ্রিমা থানার শিরোইল কলোনি এলাকার সাব্বির শেখ ওরফে জাহাঙ্গীর (৩৪)।
গ্রেপ্তার শহিদুজ্জামান মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। ইকবাল হোসেন একই উপজেলা যুবলীগের সভাপতি।
তাঁদের একটি বাসা থেকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন মহানগর যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম রবি।
গ্রেপ্তার অন্যদের মধ্যে মো. মাসুদ আওয়ামী লীগের রাজশাহী জেলা সড়ক পরিবহন শাখার সাবেক সভাপতি। মুছা আহমদ খান মন্টু মহানগরের ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলরের একান্ত সহকারী ছিলেন। ইদ্রিস আলম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। বাকি ব্যক্তিরা সংগঠনটির সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকালে নগরের লক্ষ্মীপুর এলাকায় আওয়ামী লীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়।
এ ঘটনায় রাজপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় ১১ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




