খুলনায় চাঁদা না পেয়ে দুই ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি, হতাহত নেই

চাঁদা না পেয়ে খুলনায় দুটি ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার ভোরে নগরীর লবণচরা থানার হঠাৎ বাজার এলাকায় একটি তুষকাঠের মিল ও একটি চানাচুর কারখানায় এ গুলির ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে হঠাৎ বাজার এলাকার একটি তুষকাঠের মিলে চাঁদা দাবি করে আসছিল স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনীর প্রধান। কিন্তু দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানান মিলের মালিকপক্ষ।
এর জেরে শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে দুর্বৃত্তরা মিলটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। তবে শ্রমিক-কর্মচারীরা ঘুমিয়ে থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
একই এলাকার হঠাৎ বাজারের পাশে অবস্থিত শামসুর রহমানের চানাচুর কারখানাটিও ওই সন্ত্রাসী বাহিনীর চাঁদা দাবির শিকার হয়। দীর্ঘদিন ধরে কারখানার মালিকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল তারা।
চাঁদা না পেয়ে শুক্রবার ভোরে ওই বাহিনীর দুই সদস্য কারখানাটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলি চালানোর পরপরই তারা ঘটনাস্থল ছেড়ে চলে যায়।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররেফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কী কারণে গুলির ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে কেউ মুখ খুলছেন না। ঘটনার তদন্ত চলছে। দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
খুলনার ছোট-বড় ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীরা। চাঁদার জন্য খুন, অস্ত্রবাজির একের পর এক ঘটনায় উদ্বিগ্ন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে ব্যবসায়ীরা খুলনা থেকে ব্যবসা-বাণিজ্য অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন। ইতিমধ্যে অনেকে খুলনা থেকে ব্যবসা গুটিয়ে পার্শ্ববর্তী যশোরের নওয়াপাড়াসহ বিভিন্ন এলাকার দিকে সরে গেছেন।



