দ্বিতীয় টেস্টেও একাদশের বাইরে সিরাজ, গাভাস্কারের প্রশ্ন জাদেজাকে নিয়েও

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিতে হলে নিউজিল্যান্ডের সঙ্গে দ্বিতীয় টেস্ট ম্যাচ জেতাটা ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই টেস্টের খেলোয়াড় নির্বাচনকে ঘিরেই প্রশ্ন উঠেছে, বিশেষত ডানহাতি ফাস্ট বোলার মুহাম্মদ সিরাজের প্রথম একাদশে জায়গা না পাওয়া নিয়ে।
নিউজিল্যান্ডের সঙ্গে প্রথম টেস্ট ম্যাচে সিরাজকে খেলানো হয়নি। তারপরই ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তকে ঘিরে প্রশ্ন উঠতে থাকে। প্রথম টেস্ট ম্যাচ ড্র হওয়ার পর দ্বিতীয় টেস্টে তাঁকে খেলতে দেওয়ার দাবি আরও জোরালো হয়। কিন্তু সিরাজ আবারও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের প্লেয়িং ইলেভেন থেকে বাদ পড়েছেন, যা নিয়ে শুরু হয়েছে সমালোচনা।
দ্বিতীয় টেস্টে দলে মাত্র একটা বদল আনা হয়েছে। বোলার প্রসিদ্ধ কৃষ্ণর পরিবর্তে গুরনুর ব্রারকে খেলানো হচ্ছে। এই প্রথমবার টেস্ট ম্যাচে খেলবেন গুরনুর ব্রার। ক্রিকেটপ্রেমীদের আশা ছিল, চারজন বোলারের মধ্যে কোনো একজন বাদ পড়লে সিরাজ সেখানে জায়গা পাবেন। কিন্তু তা হয়নি।
সিরাজ একা নন, রবীন্দ্র জাদেজার মতো অভিজ্ঞ ক্রিকেটারকেও প্রথম একাদশে রাখা হয়নি। এই নিয়েও প্রশ্ন তুলেছেন সুনীল গাভাস্কার। সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী, মুহাম্মদ কাইফসহ ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত একাধিক নামজাদা ব্যক্তিত্ব সিরাজের হয়ে সওয়াল করছেন।
খেলা শুরুর আগে সোনি স্পোর্টসকে গাভাস্কার বলেন, ‘আপনি সিরাজের কথা বলছেন। কিন্তু জাদেজার বিষয়ে কী বলবেন? ও ৩৩ উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছে। আমার মনে হয়, চতুর্থ ও পঞ্চম দিনে তার স্পিন বোলিং খুব কাজে আসতে পারত, কারণ ও বল ভালোভাবে টার্ন করাতে পারে।’ তিনি আরও বলেন, জাদেজা এমন বোলার নন যিনি খুব উঁচুতে বল করেন, কিন্তু বলকে গ্রিপ করিয়ে টার্ন করানোর জন্য তিনি পরিচিত; ফ্ল্যাট পিচেও তিনি এটা করতে পারেন। সিরাজ ও জাদেজা দুজনকেই বাদ দেওয়ার সিদ্ধান্ত ঠিক নয় বলে জানিয়েছেন গাভাস্কার, জাদেজাকে বাদ দেওয়াকে তিনি ভুল বলে অভিহিত করেছেন।
প্রথম টেস্টের দলে সিরাজকে অন্তর্ভুক্ত না করায়ও বিস্ময় প্রকাশ করেছিলেন গাভাস্কার। সোনি স্পোর্টসের এক আলোচনায় তিনি বলেছিলেন, ‘যখন ও আগেভাগে টেস্ট টিমে যোগ দেয়নি, তখনই এর ইঙ্গিত মিলছিল। যখন ও শেষ ওডিআই খেলেছিল, আমি ভেবেছিলাম ওকে টেস্টে খেলানো হবে। কিন্তু এটা একটা বিস্ময়। আমার মনে হয় না ও ভারতকে হতাশ করেছে। ও ভারতকে কখনো হতাশ করেনি।’
ধারাভাষ্যকার হর্ষ ভোগলেও প্রথম টেস্টে সিরাজকে বাদ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘ভারত যে সিরাজকে দল থেকে বাদ দিয়েছে, সেটা আশ্চর্যজনক এবং হতাশাজনক। তাকে দেওয়া প্রতিটা দায়িত্ব তিনি খুব ভালোভাবে পালন করেছেন। বুমরাহর অনুপস্থিতিতে তিনি বোলিং আক্রমণের নেতৃত্ব দিয়েছেন এবং একজন ইতিবাচক ও চমৎকার দলীয় খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।’
টিভি অ্যাঙ্কর সুমন্ত রমনও এক্স-এ সিরাজকে না খেলানোর সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি লিখেছেন, ‘এটা মুহাম্মদ সিরাজের প্রতি অন্যায়। প্রথম টেস্টের চতুর্থ ইনিংসে যে ফাস্ট বোলাররা প্রায় দুই দিন ধরে নিউজিল্যান্ডকে অলআউট করতে পারেননি, তাদেরই আবার দলে নির্বাচন করা হয়েছে এবং দলে মাত্র একটাই বদল আনা হয়েছে। এটা আশ্চর্যজনক।’
সাবেক বোলার মুনাফ প্যাটেলও এই বিষয়ে এক্স-এ পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘যদি আপনি সিরাজ, শামি এবং জাদেজার দিকে না তাকান, তাহলে আপনার দলের বোলিং ইউনিটের কে এই ম্যাচ জেতাতে পারে?’
এদিকে এই বিতর্ক খেলার জগৎ থেকে রাজনীতির আঙিনাতেও পৌঁছেছে। আসন্ন উত্তর প্রদেশ নির্বাচনের আবহে কংগ্রেসের সংসদ সদস্য ইমরান মাসুদ অভিযোগ তোলেন, ভালো পারফরম্যান্স সত্ত্বেও সিরাজকে একাদশ থেকে বাদ দেওয়ার উত্তর খুঁজতে গেলে তার জবাব আছে ওর ‘নামেই’। বার্তা সংস্থা এএনআইকে তিনি বলেন, ‘বলা হচ্ছে যে, ভাল পারফরম্যান্স সত্ত্বেও তাকে দলে জায়গা দেওয়া হয়নি। তার নাম ‘সিরাজ’। আর সেই কারণেই তাকে জায়গা দেওয়া হয়নি। ভাল পারফরম্যান্স থাকা সত্ত্বেও যদি তাকে দলে না নেওয়া হয়, তাহলে সেটা স্পষ্টতই বৈষম্য।’ তাঁর ইঙ্গিত ছিল ধর্মীয় বৈষম্যের দিকে।
তবে কংগ্রেস নেতার এই অভিযোগের তীব্র সমালোচনা করেছেন অনেকেই। রঞ্জিত রঞ্জন, মুসলিম নেত্রী মুমতাজ প্যাটেলসহ একাধিক কংগ্রেস নেতা এই অভিযোগ উড়িয়ে দিয়ে ইমরান মাসুদকে রাজনীতি ও খেলাধুলাকে আলাদা রাখার অনুরোধ জানিয়েছেন।



