১১ নম্বরে নেমে ২৬ বলে ৪০: টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড গড়লেন ভারতের উনাদকাট

টি-টোয়েন্টি ক্রিকেটে ১১ নম্বরে নেমে বড় ইনিংস খেলার সুযোগ সাধারণত মেলে না। সেই অবস্থান থেকেই ইতিহাস গড়েছেন ভারতের জয়দেব উনাদকাট। স্বীকৃত টি-টোয়েন্টিতে ১১ নম্বরে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্ব রেকর্ড এখন সৌরাষ্ট্রের এই পেসারের।
বৃহস্পতিবার সৈয়দ মুশতাক আলি ট্রফিতে তামিলনাড়ুর বিপক্ষে ২৬ বলে ৪০ রান করেন উনাদকাট। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে খেলা হয় ম্যাচটি।
১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একসময় ৯২ রানেই ৯ উইকেট হারিয়ে ফেলেছিল সৌরাষ্ট্র। সেখান থেকে চেতন সাকারিয়াকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েন উনাদকাট। দশম উইকেটে দুজন মিলে ৪৯ বলে ৬২ রান যোগ করেন। সাকারিয়া করেন ২৫ বলে ২১ রান।
১১ নম্বরে নেমে এর আগের সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল ইংল্যান্ডের ড্যানি ব্রিগসের। ২০২০ সালে বিগ ব্যাশে হোবার্ট হারিকেনসের বিপক্ষে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে ১৮ বলে অপরাজিত ২৫ রান করেছিলেন তিনি। ৪০ রান করে সেই রেকর্ড এবার নিজের করে নিলেন উনাদকাট।
দশম উইকেটে ৬২ রানের এই জুটি টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ জুটির তালিকায় যৌথভাবে দ্বিতীয়। ২০১৬ সালের পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে গ্রান্ট এলিয়ট ও জুলফিকার বাবারের ৬৩ রানের জুটি এখনো এই তালিকার শীর্ষে রয়েছে।
তবে রেকর্ড গড়ার দিনে জয় পায়নি উনাদকাটের দল। ১৬.৪ ওভারে ১৫৪ রানে অলআউট হয়ে সৌরাষ্ট্র হেরেছে ৩৮ রানে। এই হারে সৈয়দ মুশতাক আলি ট্রফির সুপার লিগে ওঠার আশাও শেষ হয়ে গেছে দলটির।
ভারতের হয়ে উনাদকাট চারটি টেস্ট, আটটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলেছেন। সৌরাষ্ট্রের অধিনায়ক হিসেবে এবার ব্যাট হাতে রেকর্ডের পাতায় নাম লেখালেন তিনি।



