বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার দুই পেসার কোয়েটজি ও মাফাকা
বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সাদা বলের সিরিজের আগে জোড়া ধাক্কা খেয়েছে দক্ষিণ আফ্রিকা। চোটের কারণে ছিটকে গেছেন দলটির দুই পেসার জেরাল্ড কোয়েটজি ও কোয়েনা মাফাকা।
বৃহস্পতিবার ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) এক বিবৃতিতে এই দুই পেসারের ছিটকে যাওয়ার কথা জানায়।
মাফাকার বিষয়ে সিএসএ জানিয়েছে, ডান হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকা এই পেসার নতুন করে সমস্যায় পড়েছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে টি-টোয়েন্টি দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
কোয়েটজি ছিলেন ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই দলেই। ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতায় লায়ন্সের হয়ে খেলার সময় পেশিতে চোট পান তিনি।
২২ নভেম্বর শেষ হওয়া সেই ম্যাচে কোয়েটজি প্রথমে ব্যাট হাতে ৪৭ বলে ৫৭ রান করেন। পরে বল হাতে ১৫ ওভারে ১৮ রান দিয়ে নেন ২ উইকেট। ফলোঅনে পড়া নর্থ ওয়েস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় তিনি আর বোলিং করেননি।
কোয়েটজির জায়গায় ওয়ানডে দলে প্রথমবার ডাক পেয়েছেন টিয়ান ফন ভুরেন। বাঁহাতি এই পেস-অলরাউন্ডার ২৬টি লিস্ট-এ ম্যাচ খেলেছেন।
টি-টোয়েন্টি দলে যোগ করা হয়েছে দুই নতুন মুখকে। লায়ন্সের হয়ে খেলা ১৮ বছর বয়সী ব্যাটার জেজে ব্যাসন বাঁহাতি মিডিয়াম পেস বোলিংও করেন। তিনি এখন পর্যন্ত ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে নিয়েছেন পাঁচ উইকেট, ইকোনমি ৭.০৮। জাতীয় টি-টোয়েন্টি দলে এটি তাঁর প্রথম ডাক।
টি-টোয়েন্টি দলে যোগ করা আরেকজন হলেন ইথান বোশ। তিনি আগেও দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন—তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি।



