রাজবাড়ীর গোয়ালন্দে ছিনতাইয়ের চেষ্টা: বিদেশি পিস্তলসহ তিনজনকে পিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিশ্বনাথপাড়া এলাকায় বেড়িবাঁধের পাকা সড়কে ইজিবাইকের এক নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টার সময় তিনজনকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।
ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে। আটক ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফরিদপুরের সদরপুর উপজেলার শ্যামপুর-মটকচর এলাকার দবির উদ্দিনের ছেলে ও প্রাইভেট কারের চালক জুয়েল উদ্দিন (২৩), একই উপজেলার আমিরাবাদ এলাকার আবদুল আলিমের ছেলে মো. জাহিদ (৩২) এবং ফরিদপুর কোতোয়ালি থানার বায়তুল আমান এলাকার আনোয়ার শেখের ছেলে রাতুল শেখ (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে গোয়ালন্দগামী একটি ইজিবাইকে কয়েকজন যাত্রী যাচ্ছিলেন। বিশ্বনাথপাড়া এলাকায় পৌঁছালে একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেলে থাকা ছয় সদস্যের একটি চক্র ইজিবাইকটির পথরোধ করে।
চক্রের চারজন ছিলেন ঢাকা মেট্রো-গ-৩২-০৮২৪ নম্বরের সাদা রঙের প্রাইভেট কারে এবং দুজন ছিলেন মোটরসাইকেলে। তাঁরা ইজিবাইকে থাকা এক নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে পুলিশ জানিয়েছে।
এ সময় ইজিবাইকের যাত্রীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। তাঁরা প্রাইভেট কারে থাকা দুজন ও মোটরসাইকেলে থাকা একজনসহ মোট তিনজনকে আটক করেন এবং উত্তেজিত জনতা তাঁদের মারধর করেন।
চক্রের অপর তিন সদস্য এ সময় মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।
খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক রাজিব শিকদার ও মধুসূদন সরকার এবং সহকারী উপপরিদর্শক আবদুল আজিজ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে আটক ব্যক্তিদের কাছ থেকে বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম বলেন, উজানচর বেড়িবাঁধ এলাকায় ডাকাতির চেষ্টার সময় স্থানীয় লোকজন একটি সাদা রঙের প্রাইভেট কারসহ তিনজনকে আটক করে মারধর করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেওয়া হয়।
ওসি আরও বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গতকাল রাতেই ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করেছে। ওই দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার দুপুরে তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।




