রাজশাহীর আলোর পাঠশালায় স্বপ্ন বুনছে এসএসসি পরীক্ষার্থী আব্দুল্লাহ

রাজশাহী নগরীর হাদির মোড়ে বাবা-মা ও ভাইয়ের সঙ্গে বসবাস করে মো. আব্দুল্লাহ। তার বাবা একজন মুদি দোকানি, ছোট্ট সেই দোকানের সামান্য আয়েই চলে পরিবারের দৈনন্দিন টানাপোড়েন।
সীমিত আয়ের সংসারে স্বপ্ন দেখার সাহসটুকুই আব্দুল্লাহর সবচেয়ে বড় পুঁজি। সীমিত সামর্থ্যের মধ্যেও ছেলের ভবিষ্যৎ গড়তে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন তার বাবা।
সেই স্বপ্নের পালে হাওয়া জুগিয়েছে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত রাজশাহী আলোর পাঠশালা। আব্দুল্লাহ ষষ্ঠ শ্রেণি থেকে এই পাঠশালায় পড়ছে।
বর্তমানে আব্দুল্লাহ এসএসসি পরীক্ষার্থী। লেখাপড়া শেষ করে নিজেকে প্রতিষ্ঠিত করা এবং একজন চাকরিজীবী হওয়ার স্বপ্ন বুনে চলেছে সে।
আব্দুল্লাহ চায়, নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারের দুঃখ-কষ্ট দূর করতে, আর বাবা-মায়ের মুখে তৃপ্তির হাসি ফোটাতে।
এই দীর্ঘ পথচলায় শিক্ষকদের আন্তরিকতা, স্নেহ আর সহযোগিতা তাকে প্রতিদিন নতুন করে অনুপ্রাণিত করেছে। আর্থিক টানাপোড়েনের মাঝেও পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ পাওয়ায় নিজের লক্ষ্য ছোঁয়ার ব্যাপারে সে আশাবাদী।
আব্দুল্লাহর মতো অনেক শিশু-কিশোরের শিক্ষার পথ সহজ করতে কাজ করছে রাজশাহী আলোর পাঠশালা। সুবিধাবঞ্চিত, ঝরে পড়া কিংবা আর্থিক অসচ্ছল পরিবারের শিশুদের শিক্ষার মূলধারায় নিয়ে আসাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
এখানে শিক্ষার্থীদের কাছ থেকে কোনো বেতন নেওয়া হয় না। ভালোবাসা, যত্ন আর শিক্ষকদের নিবিড় পরিচর্যায় গড়ে তোলা হয় তাদের ভবিষ্যতের ভিত্তি।
পাঠ্যবইয়ের গণ্ডি ছাড়িয়ে শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক মূল্যবোধ এবং বড় হওয়ার স্বপ্ন দেখাতেও সমানভাবে কাজ করেন শিক্ষকরা।
যেসব পরিবারের পক্ষে সন্তানদের লেখাপড়ার খরচ জোগানো কঠিন, তাদের কাছে আলোর পাঠশালা হয়ে উঠেছে এক ভরসার ঠিকানা।




