…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

কপ-৩১-এর প্রতিশ্রুত অর্থ উপকূলে ব্যয়ে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার দাবি প্রেস ক্লাবের সমাবেশে

নিজস্ব প্রতিবেদক
কপ-৩১-এর প্রতিশ্রুত অর্থ উপকূলে ব্যয়ে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার দাবি প্রেস ক্লাবের সমাবেশে
ছবি: সংগৃহীত

সদ্য সমাপ্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের জন্য পাওয়া অর্থসহায়তা উপকূলীয় অঞ্চলের সুরক্ষা ও মানুষের জীবন-জীবিকা উন্নয়নে ব্যয়ের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছেন পরিবেশ ও নাগরিক আন্দোলনের নেতারা। তারা জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ ও উপকূল উন্নয়ন বোর্ড গঠনের আহ্বান জানিয়েছেন।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ক্লাইমেট অ্যাকশন ফোরাম, ড্রিম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডিআরডিএফ), সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন, কোয়ালিশন ফর দ্য আরবান পুওর (কাপ), পরিবেশ ও জলবায়ু পরিবর্তন আন্দোলন (পরিজা), মৃত্তিকা এবং সচেতন সংস্থা আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এ দাবি জানানো হয়।

সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, নদীভাঙন ও ভূমিক্ষয়ের পাশাপাশি লবণাক্ততা বৃদ্ধির কারণে উপকূলীয় অঞ্চলের কৃষি, জীববৈচিত্র্য ও জনজীবন ক্রমেই বিপর্যস্ত হচ্ছে। নিরাপদ পানির সংকট, জীবিকার অনিশ্চয়তা ও বাস্তুচ্যুতির কারণে উপকূলের মানুষ শহরমুখী হতে বাধ্য হচ্ছে।

রুহিন হোসেন প্রিন্স বলেন, দেশের বিশাল উপকূলীয় অঞ্চলকে পিছিয়ে রেখে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। তাই জলবায়ু সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করতে হবে। জলবায়ু ঝুঁকি মোকাবিলায় এ পর্যন্ত ব্যয়ের সুনির্দিষ্ট তথ্য জাতির সামনে প্রকাশের দাবি জানান তিনি।

শিক্ষক ও গবেষক মীর মোহাম্মদ আলী বলেন, তুরস্কে অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলন থেকে বাংলাদেশ জলবায়ু মোকাবিলায় বিশেষ বরাদ্দের প্রতিশ্রুতি পেয়েছে। কিন্তু এ পর্যন্ত জলবায়ু অর্থের প্রায় ৬৭ শতাংশ এসেছে ঋণ হিসেবে।

মীর মোহাম্মদ আলী বলেন, যতটুকু অর্থ আসে, তা উপকূলের কোথায়, কোন প্রকল্পে খরচ হলো, সেই হিসাব উপকূলবাসীর কাছে নেই। উপকূলের জন্য আলাদা বরাদ্দ, অগ্রাধিকার তালিকা ও সময়সীমা কোনোটিই সুনির্দিষ্ট নয়; বাঁধ হয়, আবার ভাঙে। তাই দেশের ভেতরে একটি সুনির্দিষ্ট, স্বচ্ছ ও জবাবদিহিমূলক উপকূলীয় কর্মপরিকল্পনা এখন সময়ের দাবি।

সমাবেশে সভাপতিত্ব করেন ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি আমিনুর রসুল। তিনি বলেন, প্রকল্প গ্রহণে স্থানীয় মানুষের মতামত এবং বাস্তব প্রয়োজনকে গুরুত্ব দিতে হবে। প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। সুন্দরবন সুরক্ষায় পদক্ষেপের পাশাপাশি উপকূল উন্নয়ন বোর্ড গঠনের প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপের দাবি জানান তিনি।

সমাবেশ সঞ্চালনা করেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র। তিনি বলেন, শুধু আন্তর্জাতিক সম্মেলনের দিকে তাকিয়ে থাকলে হবে না। জলবায়ু সংকট মোকাবিলায় দেশের রাজনৈতিক দলগুলোকেও অভিন্ন অবস্থান নিতে হবে।

আরও বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার সাংগঠনিক সম্পাদক মিহির বিশ্বাস, কাপের নির্বাহী পরিচালক খোন্দকার রেবেকা সান-ইয়াত, পরিজার সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জল, সচেতন সংস্থার সাধারণ সম্পাদক সাকিলা পারভীন, ডিআরডিএফের মনোবিজ্ঞানী ও গবেষক তানজীম জামান প্রমুখ।

সমাবেশে উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে ১১ দফা সুপারিশ তুলে ধরা হয়। সুপারিশে আন্তর্জাতিক জলবায়ু অর্থ উপকূলের জন্য সংরক্ষণ করে জেলাভিত্তিক ও সময়াবদ্ধ বিনিয়োগ কর্মপরিকল্পনা প্রণয়ন ও প্রকাশের কথা বলা হয়।

সুপারিশের মধ্যে আরও রয়েছে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ টেকসইভাবে নির্মাণ ও রক্ষণাবেক্ষণ এবং নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধীবান্ধব পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র স্থাপন।

এ ছাড়া বৃষ্টির পানি সংরক্ষণ, পুকুর পুনঃখনন ও পানি শোধনাগারের মাধ্যমে নিরাপদ সুপেয় পানি নিশ্চিত করা এবং জেলে, কৃষক, বনজীবী ও নারী উদ্যোক্তাদের জন্য জলবায়ু-সহনশীল জীবিকা ও প্রণোদনার ব্যবস্থা করার দাবি জানানো হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৬তম প্রজাপতি মেলা, প্রাণ-প্রকৃতি সংরক্ষণের আহ্বান
আবহাওয়া ও পরিবেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৬তম প্রজাপতি মেলা, প্রাণ-প্রকৃতি সংরক্ষণের আহ্বান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ১৬তম প্রজাপতি মেলা। ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’—এই প্রতিপাদ্য সামনে রেখে শুক্রবার দিনব্…

আবহাওয়া ও পরিবেশ

ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় পঞ্চম রাজধানী

শুক্রবার সরকারি ছুটির দিন হলেও বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ পাঁচে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকার বায়ুমান স্কোর ১৮৯, যা ন…

অস্ট্রেলিয়ার দক্ষিণ ও মধ্যাঞ্চলে গ্রীষ্মে দাবানলের বাড়তি ঝুঁকি, সারা দেশে তাপপ্রবাহের আশঙ্কা
আবহাওয়া ও পরিবেশ

অস্ট্রেলিয়ার দক্ষিণ ও মধ্যাঞ্চলে গ্রীষ্মে দাবানলের বাড়তি ঝুঁকি, সারা দেশে তাপপ্রবাহের আশঙ্কা

অস্ট্রেলিয়ার দক্ষিণ ও মধ্যাঞ্চলের বড় অংশে এই গ্রীষ্মে দাবানলের ঝুঁকি বেড়েছে, আর সারা দেশেই তাপপ্রবাহ ও চরম তাপমাত্রার সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করে…