…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধে পাঠানো ছেলেকে উদ্ধারে কলম্বিয়া থেকে মস্কো গেলেন এক মা

নিজস্ব প্রতিবেদক
চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধে পাঠানো ছেলেকে উদ্ধারে কলম্বিয়া থেকে মস্কো গেলেন এক মা
ছবি: সংগৃহীত

রাশিয়ায় ভালো বেতনের বেসামরিক চাকরির প্রলোভন দেখিয়ে লাতিন আমেরিকার বিভিন্ন দেশের তরুণদের ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে চাকরির বিজ্ঞাপন দিয়ে তাঁদের রাশিয়ায় নেওয়া হচ্ছে, পরে রুশ ভাষায় লেখা সামরিক চুক্তিতে স্বাক্ষর করিয়ে পাঠানো হচ্ছে যুদ্ধক্ষেত্রে। এভাবে প্রতারণার শিকার এক ছেলেকে উদ্ধারে কলম্বিয়া থেকে মস্কো গেছেন তাঁর মা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, কলম্বিয়ার ২২ বছর বয়সী জন নামের এক তরুণ টিকটকে চাকরির বিজ্ঞাপন দেখে আবেদন করেছিলেন। তাঁর ধারণা ছিল, স্পেনে নাপিতের কাজ পাবেন। তাঁকে মাসে ছয় মিলিয়ন কলম্বিয়ান পেসো (প্রায় ১ হাজার ৪০০ পাউন্ড) বেতনের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয়।

গত ১৪ মে কলম্বিয়া ছেড়েছিলেন জন। নিয়োগকারীরা তাঁর বোগোটা থেকে ইস্তাম্বুল হয়ে মস্কো যাওয়ার পুরো যাত্রার ব্যবস্থা করে দেন। মস্কো পৌঁছানোর এক দিন পর তাঁকে একটি চুক্তিতে স্বাক্ষর করতে বলা হয়। তিনি ভেবেছিলেন, এটি নাপিতের চাকরির চুক্তি; প্রকৃতপক্ষে সেটি ছিল রুশ সেনাবাহিনীতে যোগদানের চুক্তি।

কয়েক সপ্তাহ পর যুদ্ধক্ষেত্রে প্রথম অভিযানে গিয়ে ড্রোন হামলায় আহত হন জন। তাঁর ফুসফুসে আঘাত লাগে এবং হাতে ঢুকে যায় বোমার স্প্লিন্টার। আহত অবস্থায়ও তাঁকে আবার যুদ্ধক্ষেত্রে পাঠানোর চেষ্টা করা হলে ছেলেকে উদ্ধারে মস্কো যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁর মা সেনেইদা মুনোজ।

মস্কো গিয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হন মুনোজ। কোনো কোনো রাতে হোটেলে থাকার খরচ জোগাতে তাঁকে থালাবাসনও ধুতে হয়। অনেক চেষ্টার পর সামরিক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন তিনি। ছেলের চুক্তির স্প্যানিশ অনুবাদ পড়ে তাঁর দাবি, বিদেশি সেনাদের চাকরি ছাড়ার সুযোগ রয়েছে। দীর্ঘ দেনদরবারের পর গত ১১ নভেম্বর জন সেনাবাহিনী থেকে অব্যাহতির আবেদন করেন। বর্তমানে হাতে অস্ত্রোপচারের অপেক্ষায় রয়েছেন তিনি; অব্যাহতির আবেদন অনুমোদিত হলে মায়ের সঙ্গে দেশে ফিরতে পারবেন।

জনের ঘটনা বিচ্ছিন্ন নয়। জাতিসংঘের গত অক্টোবরের এক প্রতিবেদনে লাতিন আমেরিকার সাতটি দেশের নাগরিকদের প্রতারণা ও জবরদস্তির মাধ্যমে রুশ সেনাবাহিনীতে নিয়োগের তথ্য উঠে এসেছে। এ ঘটনায় রুশ কর্তৃপক্ষের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগও তুলেছে সংস্থাটি।

লাতিন আমেরিকার বিভিন্ন দেশের সরকারি হিসাবেও নিখোঁজ ও নিহতের সংখ্যা উদ্বেগজনক। পেরুর পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, দেশটির ৪৫৯ জন নাগরিক রুশ বাহিনীতে যোগ দিয়েছেন; তাঁদের মধ্যে ২৫ জন নিহত এবং ১৮৭ জন নিখোঁজ। কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, রাশিয়ায় থাকা দেশটির ৯৪ নাগরিক নিহত এবং ২৯৭ জন নিখোঁজ হয়েছেন। বলিভিয়াও এ ধরনের ২৬টি ঘটনার কথা জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নিয়োগকারীরা তরুণদের রাঁধুনি, ইলেকট্রিশিয়ান, নির্মাণশ্রমিক, নিরাপত্তাকর্মী কিংবা সামরিক ঘাঁটিতে দায়িত্ব পালনের মতো বেসামরিক কাজের প্রস্তাব দিচ্ছেন। কোথাও কোথাও চুক্তিতে যোগ দেওয়ার জন্য ২০ হাজার ডলার পর্যন্ত বোনাস এবং আকর্ষণীয় মাসিক বেতনের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে।

কিন্তু রাশিয়ায় পৌঁছানোর পর তাঁদের রুশ সিম কার্ড দেওয়া, ব্যাংক হিসাব খুলতে বাধ্য করা এবং রুশ ভাষায় লেখা চুক্তিতে স্বাক্ষর করানোর অভিযোগ রয়েছে। ভাষা না জানায় চুক্তির প্রকৃত শর্ত বুঝতে পারেন না অনেকেই। কোনো কোনো চুক্তিতে নিয়োগকারীদের হাতে তাঁদের ব্যাংক হিসাব ও বেতনের অর্থ নিয়ন্ত্রণের ক্ষমতাও দেওয়া হচ্ছে।

কলম্বিয়ার একটি নিয়োগকারী প্রতিষ্ঠান জাগুয়ার কনসালতোরিয়ার নামও উঠে এসেছে প্রতিবেদনে। কলম্বিয়ার সংবাদমাধ্যম নোতিসিয়াস কারাকোলের অনুসন্ধানে প্রতিষ্ঠানটির বৈধ নিবন্ধন, স্থায়ী ঠিকানা ও প্রকৃত মালিকের পরিচয় পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।

এদিকে নিখোঁজ স্বজনদের খোঁজে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পরিবার একত্র হচ্ছে। কেউ কেউ নিজেরাই রাশিয়ায় গিয়ে হাসপাতাল, সামরিক কার্যালয় ও মর্গে খোঁজ করছেন; সামর্থ্য না থাকায় অনেকে অন্যের মাধ্যমে সন্ধান চালাচ্ছেন। পেরু ও কলম্বিয়ার সরকারও রাশিয়ার কাছে নিখোঁজ নাগরিকদের বিষয়ে তথ্য চেয়েছে এবং বিদেশি যুদ্ধে নিজেদের নাগরিকদের নিয়োগ বন্ধের আহ্বান জানিয়েছে।

ছেলেকে জীবিত ফিরে পাওয়ার আশা করছেন সেনেইদা মুনোজ। তবে তাঁর মতো সৌভাগ্য সবার হয়নি—অনেক পরিবার এখনো অপেক্ষা করছে নিখোঁজ স্বজনের একটি ফোনকল, কোনো তালিকায় নাম কিংবা অন্তত মরদেহের সন্ধানের জন্য।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

পুতিনের ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জেলেনস্কির, ট্রাম্পের ‘বন্ধু’ মন্তব্যকে বললেন অদ্ভুত
আন্তর্জাতিক

পুতিনের ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জেলেনস্কির, ট্রাম্পের ‘বন্ধু’ মন্তব্যকে বললেন অদ্ভুত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে হতাশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার প্রচা…

ভারতে সাইবার প্রতারণা ও পাচার চক্র ভেঙে ১৬৪ বিদেশিকে উদ্ধার
আন্তর্জাতিক

ভারতে সাইবার প্রতারণা ও পাচার চক্র ভেঙে ১৬৪ বিদেশিকে উদ্ধার

ভারতের রাজধানী দিল্লির উপকণ্ঠে একটি আন্তর্জাতিক সাইবার প্রতারণা ও মানব পাচার অভিযান উন্মোচনের কথা জানিয়েছে পুলিশ। সেখান থেকে ৯২ জন ইন্দোনেশীয় ও ৭২ জ…

আগামী ছয় মাসে ১৬ দেশে আরও তীব্র হবে ক্ষুধা, সর্বোচ্চ ঝুঁকিতে সুদান ও ইয়েমেন: জাতিসংঘ
আন্তর্জাতিক

আগামী ছয় মাসে ১৬ দেশে আরও তীব্র হবে ক্ষুধা, সর্বোচ্চ ঝুঁকিতে সুদান ও ইয়েমেন: জাতিসংঘ

আগামী ছয় মাসে ১৬টি দেশে ক্ষুধা আরও খারাপের দিকে যাবে বলে সতর্ক করেছে জাতিসংঘের খাদ্য সংস্থাগুলো। যুদ্ধবিধ্বস্ত সুদান ও ইয়েমেনসহ পাঁচটি দেশ সবচেয়ে গ…

আন্তর্জাতিক

পারমাণবিক মর্যাদা অস্বীকার মানেই ‘প্রকাশ্য যুদ্ধ ঘোষণা’: হুঁশিয়ারি কিম জং উনের

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন দেশের কৌশলগত পারমাণবিক অস্ত্রের ব্যবহার ও মোতায়েন আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। আধুনিক যুদ্ধের প্রয়োজনীয়তা মা…