নবীনগরে বুড়ি নদীর সেতুর কাজ থমকে, নৌকায় ঝুঁকির পারাপার ছয় লাখ মানুষের
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বুড়ি নদীর ওপর নির্মাণাধীন ২৫০ মিটার দীর্ঘ সেতুর কাজ দীর্ঘদিন ধরে থমকে থাকায় দুই পাড়ের মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিটঘর-বটতলী সড়কের রাধানগর অংশে সেতুটির নির্মাণ শেষ না হওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পার হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
স্থানীয়দের ভাষ্য, সেতুটি নির্মিত হলে নবীনগরের প্রায় ছয় লাখ মানুষের যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। বুড়ি নদী ভৌগোলিকভাবে নবীনগর উপজেলাকে দুই ভাগে বিভক্ত করেছে।
নদীর কারণে উপজেলার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাউর-ফতেহপুর, জিনদপুর ও সাতমোড়া ইউনিয়নের সঙ্গে পূর্বাঞ্চলের বিটঘর, কাইতলা, শিবপুর, বিদ্যাকুট ও নাটঘর ইউনিয়নের সরাসরি সড়ক যোগাযোগ নেই। ফলে এসব এলাকার মানুষকে জেলা সদরে যেতে অতিরিক্ত প্রায় ২০ কিলোমিটার পথ ঘুরতে হয়।
এই জনদুর্ভোগ কমাতে রাধানগর এলাকায় বুড়ি নদীর ওপর ২৫০ মিটার দীর্ঘ সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। অনুমোদন ও দরপত্র প্রক্রিয়া শেষে নির্মাণকাজ শুরু হয়। সেতুর দুই প্রান্তে প্রায় চার কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ ও কার্পেটিংয়ের কাজও শেষ করা হয়েছে। তবে সেতুর মূল নির্মাণকাজ অসমাপ্ত থাকায় পুরো প্রকল্পের সুফল পাচ্ছেন না এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, নকশাগত জটিলতা ও সেতুর উচ্চতা নির্ধারণে ভুল পরিকল্পনার কারণে নির্মাণকাজ বন্ধ হয়ে আছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলায় গুরুত্বপূর্ণ এই প্রকল্পের কাজ আর এগোচ্ছে না বলে তাঁদের অভিযোগ। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
সেতুর অভাবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন রোগী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও কৃষকেরা। জরুরি চিকিৎসার প্রয়োজনে রোগীদের নিয়ে নদী পারাপারে বিড়ম্বনায় পড়তে হয় স্বজনদের। অন্যদিকে উৎপাদিত কৃষিপণ্য সময়মতো বাজারে নিতে না পারায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন কৃষকেরা, আর ব্যাহত হচ্ছে স্থানীয় ব্যবসা-বাণিজ্যও।
এলাকাবাসীর দাবি, নবীনগরের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান যেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন। প্রশাসনিক ও কারিগরি জটিলতা দ্রুত নিরসন করে সেতুর নির্মাণকাজ আবার শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
স্থানীয়দের মতে, সেতুটি নির্মিত হলে শুধু নবীনগরের দুই অঞ্চলের মধ্যে সরাসরি যোগাযোগই প্রতিষ্ঠিত হবে না, প্রতিবেশী কুমিল্লার মুরাদনগর ও বাঙ্গরা এলাকার সঙ্গেও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের যোগাযোগ আরও সহজ হবে। এতে যাতায়াতের সময় ও খরচ কমার পাশাপাশি কৃষি, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা তৈরি হবে।
এলাকাবাসীর প্রত্যাশা, দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে দ্রুত দৃশ্যমান হবে বুড়ি নদীর ওপর তাঁদের স্বপ্নের সেতুটি।




